লাহোরে মাওলানা ফজলুর রহমানের বাসভবন ঘিরে পুলিশ, চলাচলে নিষেধাজ্ঞা
লাহোরে মাওলানা ফজলুর রহমানের বাসভবন ঘিরে রেখেছে পুলিশ, চলাচলে নিষেধাজ্ঞা। সংগৃহীত
ads

পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানের লাহোরের বাসভবনের বাইরে পুলিশ মোতায়েন করে তার চলাচল সীমিত রাখার নির্দেশ দেয়া হয়েছে। এদিকে তাকে বাসায় অবরুদ্ধ করে রাখার অভিযোগে উদ্ধারের আবেদন জানিয়ে লাহোর হাইকোর্টে রিট করা হয়েছে।

মঙ্গলবার রাতে জিও নিউজ জানিয়েছে, লাহোরের চুহং এলাকায় মাওলানা ফজলুর রহমানের বাসভবনের বাইরে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে তাকে চলাচল সীমিত রাখতে বলা হয়েছে।

আরো পড়ুন : শেখ হাসিনা প্রয়োজনে আওয়ামী লীগকেও কোরবানি দিতে পারেন

এদিকে মাওলানা ফজলুর রহমানকে বাসায় অবরুদ্ধ করে রাখার অভিযোগে তার মুক্তি ও উদ্ধারের আবেদন জানিয়ে লাহোর হাইকোর্টে পিটিশন দায়ের করেছেন জমিয়তের কর্মী ও আইনজীবী ইবরার হোসাইন। আবেদনে পাঞ্জাবের আইজিপি, লাহোরের ডেপুটি কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, পুলিশ মাওলানা ফজলুর রহমানের বাসভবনের চারপাশে অবরোধ সৃষ্টি করে তার চলাচল সীমিত করে দিয়েছে। এ অবস্থায় তাকে উদ্ধারের জন্য আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

আরো পড়ুন : ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে, তারপরও আমাকে একটা বিমানও দিচ্ছে না

মাওলানা ফজলুর রহমানের লাহোর হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সর্বদলীয় সম্মেলনে (এপিসি) অংশ নেয়ার কথা ছিল।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় মাওলানা ফজলুর রহমান অভিযোগ করেন, তিনি বর্তমানে রাষ্ট্রীয় অবরোধের মধ্যে রয়েছেন। তিনি বলেন, আজ লাহোর বার অ্যাসোসিয়েশনে সর্বদলীয় সেমিনারের আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন রাজনৈতিক নেতার পাশাপাশি তাকেও বক্তব্য দেয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল।

তিনি আরো জানান, কিন্তু দুঃখজনকভাবে তিনি এখন রাষ্ট্রীয় অবরোধের মধ্যে রয়েছেন। পুরো লাহোর শহর রাষ্ট্রীয় শৃঙ্খলে আবদ্ধ। বিভিন্ন সড়ক বন্ধ করে দেয়া হয়েছে এবং পথে পথে চেকপোস্ট বসানো হয়েছে। একজন সভ্য নাগরিককে বুদ্ধিজীবীদের সমাবেশে অংশ নিতে বাধা দেয়া হচ্ছে।

মাওলানা ফজলুর রহমানের অভিযোগ, এসব বাধার কারণে তিনি নির্ধারিত অনুষ্ঠানে অংশ নিতে পারছেন না।