
সাংস্কৃতিক প্রতিবেদক
অভিনেতা সোহেল খান আর নেই। গতকাল সকালে বগুড়ার অসুস্থ হয়ে পড়লে তাকে টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি সেখানে সুটিংয়ের জন্য গিয়েছিলেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর।
চিকিৎসকরা জানান, ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ এর কারণে তার মৃত্যু হয়েছে। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দুই ভাই ও চার বোনের মধ্যে সোহেল খান ছিলেন সবার বড়।
শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, ১৮ নভেম্বর থেকে বগুড়ায় ছিলেন সোহেল খান। আজ বুধবার তার অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের জন্য প্রস্তুতও হয়েছিলেন তিনি। কিন্তু এ সময় অসুস্থ হয়ে পড়ে গেলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্র দিয়ে পর্দায় যাত্রা শুরু করেন সোহেল খান। পরে ফারুকীর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক ‘৪২০’-এ অভিনয় করেন তিনি। ২০০৭ সালে প্রথম প্রচারিত এই ধারাবাহিকে তার সহশিল্পীদের মধ্যে ছিলেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ ও মারজুক রাসেল।
একক নাটক, ধারাবাহিক ও টেলিছবিতে নিয়মিত অভিনয় করেছেন তিনি। ছোট পর্দায় তার কাজের মধ্যে রয়েছে ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘ভালোবাসার যৌথ খামার’ ও ‘নিমন্ত্রণ রইল সবার’। শেষের টেলিছবিটিতে তাকে দেখা যায় বাবার ভূমিকায়।
বড় পর্দায় সোহেল খানকে দেখা গেছে হুমায়ূন আহমেদের ‘৯ নম্বর বিপদ সঙ্কেত’সহ ‘দারুচিনি দ্বীপ’, ‘কমন জেন্ডার’, ‘বীর’ ও ‘শান’-এ। ‘দেশা : দ্য লিডার’-এ তিনি অভিনয় করেন চেয়ারম্যানের ভূমিকায়।
২০২৫ সালে ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’তে তাকে দেখা যায় গ্যারেজের মালিকের চরিত্রে। ঢাকার ধামরাইয়ের রাজাপুরে সোহেল খানের গ্রামের বাড়ি। ‘জংলি’ মুক্তির পর এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সংস্কৃতিচর্চা হয় এমন কোনো মফস্বল শহরে একটি সিনেমা হল গড়তে চেয়েছিলেন।
সোহেল খানের ছোট ভাই চ্যানেল আইয়ের বিপণন বিভাগের পরিচালক ইবনে হাসান খান সাংবাদিকদের জানান, বগুড়ায় সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে তার লাশ ধামরাইয়ে নেয়া হয়। এরপর ধামরাইয়ের রাজাপুরে পারিবারিক কবরস্থানে সোহেল খানকে দাফন করা হয়।
বগুড়া অফিস জানায়, নাটক ও সিনেমা জগতের পরিচিত মুখ অভিনেতা সোহেল খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে এসে গতকাল মঙ্গলবার সকালে হোটেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে নিকটবর্তী টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুপুর ১টার দিকে ঠেঙ্গামারার টিএমএসএস আলিম মাদরাসায় গোসল শেষে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে লাশ গ্রামের বাড়ি ঢাকার ধামরাইয়ের রাজাপুরে যাত্রা করে। অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যুতে নাটক ও চলচ্চিত্রাঙ্গনের শিল্পী, কলাকুশলী এবং শুভাকাক্সক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
শুটিং ইউনিট ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর থেকে নসিব সিনেমার শুটিংয়ে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে শহরের হোটেল মম ইন-এ ইউনিটের অন্যদের সাথে নাশতা করেন তিনি। এরপর নিজ কক্ষে ফিরে শুটিংয়ের জন্য প্রস্তুত হচ্ছিলেন। এর কয়েক মিনিটের মধ্যেই তিনি হঠাৎ অসুস্থ ও অস্বস্তিবোধ করতে শুরু করেন। দ্রুত তাকে টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।
অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে জানান, তারা দু’জন হোটেল মম ইন-এ নসিব সিনেমার শুটিং করছিলেন। সকালে তৈরি হয়ে নিচে নামার প্রস্তুতির সময় প্রোডাকশন বয় ওপরে গেলে সোহেল খান কক্ষ থেকে বের হতে হতেই মাটিতে লুটিয়ে পড়েন এবং তার মুখ দিয়ে রক্ত বের হয়।
নসিব সিনেমার নির্বাহী প্রযোজক জিল্লুর রহমান বলেন, মৃত্যু কার কখন হবে, তা আমরা কেউই বলতে পারব না। সকাল ৯টা বা সাড়ে ৯টার দিকে উনি নাশতা করে রুমে যান রেডি হওয়ার জন্য। সেখানে হঠাৎ খারাপ লাগতে শুরু করে। সাথে সাথে আমাদের টিমের দুই-তিনজন ইউনিটের গাড়ি নিয়ে টিএমএসএস হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক জানিয়েছেন, উনি হার্ট অ্যাটাক করেছেন এবং পৌনে ১০টার দিকে মারা যান। তার বড় ছেলের সাথে কথা হয়েছে। ধামরাইয়ের রাজাপুরে নিজ বাড়িতে তার দাফন সম্পন্ন হবে।
সিনেমার প্রধান সহকারী পরিচালক রবিন জানান, সকাল সাড়ে ৯টার দিকে একসাথে নাশতা করার পর ১০টার দিকে আউটডোরে যাওয়ার প্রস্তুতি চলছিল। ওনাকে বললাম মেকআপ নিয়ে নিতে। উনি বললেন ৫-১০ মিনিট লাগবে রেডি হতে। এর মধ্যেই ঘটনাটা ঘটে। ১৮ তারিখ থেকে আমাদের সাথে শুটিং করছিলেন, কোনো অসুস্থতার কথা কখনো বলেননি। সকাল ১০টায় হাসপাতালে মুকেশ ঋষির সাথে ওনার একটি সিকোয়েন্স ছিল। কাজ কিছুটা বাকি ছিল, এর আগেই ওনাকে হারাতে হলো।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









