
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিলে প্রাণহানি ও সহিংসতা বাড়ার আশঙ্কা ছিল। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জনসমক্ষে ও আন্তর্জাতিক মহলে সরকারের দুর্বলতা প্রকাশ পেত, এমন দ্বিমুখী চাপের মুখে ছিল সরকার।’
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নগরীর তারের পুকুর এলাকায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ভারত চেয়েছিল বাংলাদেশ সরকার তাদের প্রতি আরো অনুগত থাকুক এবং শেখ হাসিনাকে দেশে ফেরানোর ক্ষেত্রে আইনি সুযোগ তৈরি করুক। এ জন্য শেখ হাসিনার আপিল বিভাগে রিভিউ ও পুনর্বিচারের সুযোগ দেয়ার বিষয়েও চাপ ছিল। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের সাথে ভারতের বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তির আওতায় তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার কথা। তবে আওয়ামী লীগ ও ভারত সেই পথে তাকে ফেরত দিতে চায় না।’
গোলাম পরওয়ার বলেন, ‘শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে সরকার যে পরিস্থিতিতে পড়েছিল, তাতে জামায়াত বা বিরোধী দল বেকায়দায় ছিল না, বরং সরকারই নানা দিক থেকে চাপে ছিল।’
জামায়াত সেক্রেটারি বলেন, ‘দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যারা গুপ্ত হামলা ও চোরাগোপ্তা সন্ত্রাসের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়, বাংলাদেশের সচেতন জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধভাবে তাদের সেই ষড়যন্ত্র প্রতিহত করবে।’
তিনি বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতের মতো আজও রাজপথে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখবে। জনগণের অধিকার রক্ষায় আমাদের এ অবস্থান অত্যন্ত সুদৃঢ়। একইসাথে দেশজুড়ে এ ধরনের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।’
খুলনা মহানগর আমির মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের পরিচালনায় সভায় মহানগর নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, কর্মপরিষদ সদস্য ড. আবু রুবাবা, মাওলানা আবু বকর সিদ্দিক, আ ন ম আব্দুল কুদ্দুস, মীম মিরাজ হোসাইন, মুকাররম বিল্লাহ আনসারী, অধ্যাপক জুলফিকার আলী, মাওলানা শাহারুল ইসলাম, মাওলানা শেখ মো. অলিউল্লাহ, অধ্যাপক মো. ইকবাল হোসাইন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম লিটন, মুহাম্মাদ আব্দুল গফুর, মো. আনিসুর রহমান, মুশাররফ আনসারী প্রমুখ উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









