
কক্সবাজারের ঈদগাঁওয়ে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঈদগাঁও থানার সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার অভিমুখী হানিফ পরিবহণের যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত হন এবং এ ঘটনায় গুরুতর আহত আরো দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের আশঙ্কাজনক অবস্থায় রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। নিহতদের মধ্যে জসিম নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে, অন্য হতাহতদের পরিচয় জানা যায়নি।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম সিফাতুল মাজদার বলেন, ঘটনাস্থলে নিহত তিনজনের লাশ মালুমঘাট হাইওয়ে পুলিশ উদ্ধার করেছে এবং অন্য দুইজনের লাশ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আহত আরো একজন চিকিৎসাধীন রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









