সামসুল হক খান কলেজে শিক্ষকদের কর্মশালা
পেশাগত মানোন্নয়নে ডেমরার সামসুল হক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকদের কর্মশালা অনুষ্ঠিত : নয়া দিগন্ত।
ads

ডেমরা (ঢাকা) সংবাদদাতা

রাজধানীর ডেমরায় ঐতিহ্যবাহী সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রতিষ্ঠানের মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষাপদ্ধতি, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পাঠদান এবং বৈশ্বিক শিক্ষা কার্যক্রমের সাথে শিক্ষকদের সম্পৃক্ত করার বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। পাশাপাশি শিক্ষকদের পেশাগত উৎকর্ষ বৃদ্ধি ও সময়োপযোগী দক্ষতা অর্জনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
কলেজ শাখার ইনচার্জ মোস্তাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফেরদৌস হোসেন রনি। প্রশিক্ষণ পরিচালনা করেন অস্ট্রেলিয়ার শিক্ষা ও প্রশিক্ষণ বিশেষজ্ঞ এবং লার্নিং হ্যাবিটের প্রতিষ্ঠাতা কৃষ্ণা নারুলী। বিশেষ অতিথি ছিলেন স্টুডেন্ট ক্যারিয়ার কনসালট্যান্সি সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কানিজ ফাতিমা মিতু।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রাজিয়া আক্তার বলেন, শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ শিক্ষকদের দক্ষতা ও দৃষ্টিভঙ্গির বিকাশে সহায়ক হবে। তার প্রত্যাশা, এ উদ্যোগ ভবিষ্যতে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও অনুসরণীয় হয়ে উঠবে। প্রধান অতিথি বলেন, দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানদণ্ডে মূল্যায়ন, বিদ্যমান সীমাবদ্ধতা চিহ্নিত করা এবং আধুনিক শিক্ষাকার্যক্রম পরিচালনায় শিক্ষকদের প্রয়োজনীয় দক্ষতা ও দৃষ্টিভঙ্গি গড়ে তোলাই এ কর্মশালার মূল উদ্দেশ্য। তিনি আরো বলেন, দেশীয় শিক্ষাব্যবস্থাকে বিশ্বমানের শিক্ষার সাথে সংযুক্ত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। এটি কেবল প্রশিক্ষণ কর্মশালা নয় বরং শিক্ষার গুণগত পরিবর্তন, উদ্ভাবনী চিন্তা ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি বিকাশের একটি উদ্যোগ।