
আমরা যারা রাষ্ট্র সংস্কারের পক্ষে বলি, আমাদের অনেকেই একটা প্রশ্ন ভেবে দেখি না : একজন ক্ষমতাসীন নিজের ক্ষমতায় সীমা টানবেন কেন? বাংলাদেশে বিদ্যমান ব্যবস্থায় ক্ষমতায় গেলেই পুলিশ, প্রশাসন আর বড় বড় সিদ্ধান্তের ওপর সরকারি দলের নিয়ন্ত্রণ চলে আসে। এই সুবিধা প্রত্যক্ষ ও সার্বক্ষণিক। আর সংস্কারের লাভ অনেক দূরের।
বছরের পর বছর আমরা ক্ষমতাসীনদের বলেছি, দেশের স্বার্থে সংস্কার করুন। তারা শোনেননি। কারণ রাজনীতিবিদ নীতিকথায় নড়েন না, নড়েন নিজের লাভ-ক্ষতির হিসাবে। কথাটা অপ্রিয়, কিন্তু সত্য। এই হিসাব না বদলালে আরও বিশ বছর একই দাবি জানিয়েও কাজ হবে না। কাজেই প্রশ্নটা বদলাতে হবে। আসল প্রশ্ন হওয়া উচিত : সংস্কার করলে রাজনীতিবিদের নিজের কী লাভ, আর আটকে রাখলে তাকে কী মূল্য দিতে হবে?
রাজনীতিবিদের লাভ : ক্ষমতা হারালেও সুরক্ষা, ক্ষমতায় থাকতেও আস্থা। আজ যারা ক্ষমতায়, তারা জানেন বিরোধী দলে থাকা কেমন। মামলা, গ্রেফতার আর সমাবেশে বাধার অভিজ্ঞতা তাদের নিজেদেরই আছে। ক্ষমতা হাতবদল হলে এই অভিজ্ঞতা আবারও তাদের হতে পারে। তখন কী দরকার হয়? এমন একজন পুলিশ কর্মকর্তা, যিনি দলীয় নির্দেশের বদলে আইন মানেন। এমন একটি আদালত, যা সরকারের ইচ্ছার বাইরে গিয়েও ন্যায়বিচার করতে পারে। এমন একটি নির্বাচন, যেখানে হারলেও ফল মেনে নেয়া যায়।
এই প্রতিষ্ঠানগুলো গড়ার সুযোগ সবচেয়ে বেশি থাকে ক্ষমতায় থাকার সময়। তাই স্বাধীন বিচার বিভাগ, নিরপেক্ষ পুলিশ আর বিশ্বাসযোগ্য নির্বাচন একজন দূরদর্শী রাজনীতিবিদের নিজেরই জীবনবীমা। ক্ষমতায় থাকতেও এর সুফল আছে। সরকারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকলে ভুল আগে ধরা পড়ে, সংশোধনের সময় থাকে। আর জনগণের কাছে দেয়া অঙ্গীকার রাখলে সরকারের ওপর আস্থা বাড়ে। সেই আস্থাই সরকারের বড় রাজনৈতিক পুঁজি।
সাধারণ মানুষের কী লাভ
সাধারণ মানুষকে রাষ্ট্র সংস্কার বোঝাতে হবে তার নিজের জীবনের কথা দিয়ে। থানায় অভিযোগ দিতে গেলে কি এখনো কোনো নেতাকে ফোন করতে হয়? পুলিশ অভিযোগ না নিলে তিনি কোথায় যাবেন? প্রভাবশালীর বিরুদ্ধে মামলা করলে আদালতে তার কথা শোনা হবে তো? ভোটের দিন তার ভোট ঠিকমতো গোনা হলো কি না, তা তিনি জানবেন কিভাবে?
আমরা দেখেছি, প্রভাবশালী পরিবারের সদস্যদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ উঠলে তদন্ত কতটা নিরপেক্ষ হবে, তা নিয়ে মানুষের মনে সংশয় জাগে। প্রশ্ন ওঠে, একজন সাধারণ মানুষের বিরুদ্ধে একই অভিযোগ উঠলে তদন্ত কি একইভাবে এগোত?
মানুষ যখন বুঝবে কোন সংস্কার তার কোন সমস্যার সমাধান, তখন দাবিটা তার নিজের হয়ে যাবে। তার আগে সে ঘর থেকে বেরোবে না। দোষ তার নয়। দোষ আমাদের, যারা বিষয়টা তাকে বোঝাতে পারিনি। সংস্কারের পথে তাই বাধা দুটো। ক্ষমতাসীন যেমন নিজের লাভ বোঝেন না তেমনই জনগণও বোঝে না, তার লাভ কোথায়।
জুলাই সনদ
এই হিসাবের মাঝখানেই আছে জুলাই সনদ। বিচার বিভাগের স্বাধীনতা, পুলিশ, নির্বাচনব্যবস্থা, প্রশাসন, দুর্নীতি দমন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, এসব নিয়ে সংস্কারের প্রস্তাব রয়েছে এতে। এটা কোনো এক দলের ঘোষণাপত্র নয়। এর পেছনে বিভিন্ন দলের সম্মতি আছে। আর গণভোটে জনগণ এর পক্ষে রায় দিয়েছে। তাই সনদ বাস্তবায়ন কোনো বদান্যতা নয়, বুদ্ধিমান রাজনৈতিক বিনিয়োগ।
না করার পরিণাম কী
রায় উপেক্ষা করলে সরকারের নৈতিক ভিত্তি দুর্বল হবে। বিরোধীরা প্রতিদিন অঙ্গীকার ভঙ্গের প্রশ্ন তুলবে। এসবের হিসাব দিতে হবে পরের নির্বাচনে।
এ কাজ কে করবে, কিভাবে
লেখক ও সংবাদমাধ্যম দেখাবেন, সনদের কোন সংস্কার মানুষের জীবনে কী পরিবর্তন আনবে। নাগরিক ও পেশাজীবী সংগঠন ভোটারকে প্রশ্ন করতে শেখাবে। তরুণরা জুলাইয়ে দেখিয়েছেন, সংগঠিত হলে কী হয়। স্থানীয় নেতারা নিজ নিজ এলাকায় আলোচনা এগিয়ে নেবেন।
প্রধানমন্ত্রীকে কারা, কিভাবে বোঝাবেন
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে ক্ষোভ দেখানো যায়, কিন্তু তাতে সংস্কার হয় না। আইন, বাজেট আর প্রশাসন আজ তার সরকারের হাতে। তাকে বোঝাতে পারলে কাজ সবচেয়ে দ্রুত এগোবে। তাকে বলতে হবে, গণভোটের রায় মানাই আপনার সবচেয়ে বড় বৈধতা, কাজটি আপনার নেতৃত্বে হলে ইতিহাস আপনাকে মনে রাখবে। কথাটা বলার সবচেয়ে যোগ্য মানুষ দলের প্রবীণ নেতারা, যারা বিরোধী দলে থাকার কষ্ট জানেন। বিরোধী দলের শীর্ষ নেতারাও একান্ত বৈঠকে বলতে পারেন : ‘আজ আপনি যে নিরপেক্ষ পুলিশ ও স্বাধীন বিচারব্যবস্থা গড়বেন, কাল বিরোধী দলে গেলে সেটিই আপনার দলের নেতাকর্মীদের অধিকার রক্ষা করবে। আমরা ক্ষমতায় গেলেও একই নিয়ম আমাদের ওপর প্রযোজ্য হবে।’
সম্পাদক, পেশাজীবী সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও লিখিত প্রস্তাব নিয়ে যেতে পারেন। সনদ বাস্তবায়নের আইনি পথ নিয়ে মতভেদ থাকতে পারে। কিন্তু পথ নিয়ে মতভেদ মানে গন্তব্য ছেড়ে দেয়া নয়। সরকার আইনসম্মত পথ আর নির্দিষ্ট সময়সূচি জনগণের সামনে তুলে ধরুক। তাতে সরকারের মর্যাদাও থাকে, জনগণের রায়ও মানা হয়।
তাহলে কী করতে হবে
সংস্কারের প্রতিটি দফা মানুষকে ‘আমার লাভ কী’ ভাষায় বোঝাতে হবে। প্রার্থী ও নির্বাচিত প্রতিনিধিকে নির্দিষ্ট প্রশ্ন করতে হবে। শুধু ‘রায় মানবেন তো?’ জিজ্ঞেস করলে সবাই ‘হ্যাঁ’ বলবেন। জিজ্ঞেস করুন : কোন সংস্কার আগে করবেন, কোন আইনে করবেন, কত দিনের মধ্যে করবেন? মুখের আশ্বাস নয়, লিখিত অঙ্গীকার চাইতে হবে। সেই সময়সূচির পাশে প্রকাশ্য অগ্রগতি তালিকা রাখতে হবে, যাতে সবাই দেখতে পায় কোথায় কাজ হলো, আর কোথায় কেন আটকে আছে।
দল নয়, ব্যবস্থাই আসল
কেবল আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচারেই দেশের ভবিষ্যৎ নিরাপদ হবে না। যে ব্যবস্থা দুঃশাসন টিকিয়ে রেখেছিল, সেটাই বদলাতে হবে। মাছ যেমন ডাঙায় বাঁচে না, তেমনি ক্ষমতার ভারসাম্য আর কার্যকর জবাবদিহি থাকলে স্বৈরাচারী রাজনীতি শিকড় গাড়তে পারে না।
লেখক : রাজনীতি ও অর্থনীতি বিশ্লেষক
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









