বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নতুন সভাপতি ও সম্পাদক নির্বাচিত
ads

সিলেট ব্যুরো
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা ও সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার ভোর ৪টার দিকে এ ফলাফল ঘোষণা করা হয়। শনিবার দীর্ঘ আট বছর পর দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 
নির্বাচনে দেশের ২০ উপজেলার ২৩০ চা বাগান ও কেন্দ্রে এক লাখ ৪৫ হাজার ভোটার অংশ নেন। নির্বাচনে ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের শ্রমিক নেতা রাজু গোয়ালা (কাপ পিরিচ প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পংকজ কন্দ (আনারস প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট। অপরদিকে, সাধারণ সম্পাদক পদে বেসরকারিভাবে ৩৩ হাজার ৫৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুকেশ কর্মকার (ফুটবল প্রতীক)। 
তাৎণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির বিজয়ী সভাপতি রাজু গোয়ালা নয়া দিগন্তকে বলেন, ‘দীর্ঘ বিরতির পর ভোটের মাধ্যমে তাদের এই জয়, সাধারণ চা শ্রমিকদের জয়। শ্রমিকদের প্রত্যাশা ও ভাগ্য পরিবর্তনেও তারা শক্ত ভূমিকা রাখবেন।’ একই দিনে, দেশের ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটি, সাতটি ভ্যালিতে সাতটি কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।