
গত সপ্তাহের শেষ দিকে সূচকের বড় পতনের পর গতকাল ফের ইতিবাচক ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। সকালে লেনদেনের শুরু থেকে প্রায় তিন ঘণ্টা দুই পুঁজিবাজারই ছিল বিক্রয়চাপমুক্ত। তবে শেষদিকে এসে কিছুটা বিক্রয়চাপ তৈরি হলে বৃদ্ধি পাওয়া সূচকের পুরোটা ধরে রাখতে পারেনি বাজারগুলো। এ সময় উভয় পুঁজিবাাজরেই লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের বেশির ভাগের মূল্যবৃদ্ধি ঘটে। ঢাকা বাজারে বৃদ্ধি পেয়েছে লেনদেনও।
আগের দু’দিন বড় ধরনের বিক্রয়চাপের মুখে থাকায় গতকাল বিনিয়োগকারীরা দিনের শুরুতে বেশ সতর্ক ছিলেন। এ জন্য প্রথম দিকে বাজারে লেনদেনের গতিও ছিল কিছুটা ধীর। তবে লেনদেন এগিয়ে যাওয়ার সাথে সাথে বাজারগুলো সূচকের উন্নতিও ধরে রাখতে সক্ষম হলে সক্রিয় হয়ে ওঠেন বিনিয়োগকারীরা। শুরুতে যেসব কোম্পানি কিছুটা দর হারাচ্ছিল বাজার পরিস্থিতির উন্নতি ঘটায় এসব কোম্পানি আবার দর ফিরে পেতে থাকে। এর ফলে লেনদেনে অংশ নেয়া কোম্পানির বড় অংশ যেমন মূল্যবৃদ্ধির তালিকায় উঠে আসে তেমনি ভারসাম্য ফিরে সবগুলো খাতে। লেনদেন ও মূল্যবৃদ্ধিতে বড় খাতগুলোর প্রাধান্য ছিল চোখে পড়ার মতো। ব্যাংক, টেক্সটাইল, রসায়ন ও খাতের জ¦ালানি খাতের পাশাপাশি বেক্সিমকো গ্রুপের তিনটি কোম্পানিও বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ফিরে।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল ৩৩ দশমিক ৯৯ পয়েন্ট বৃদ্ধি পায়। পাঁচ হাজার ৫২৬ দশমিক ৩৮ পয়েন্ট থেকে সকালে লেনদেন শুরু করা সূচকটি বিকালে লেনদেন শেষে পৌঁছে যায় পাঁচ হাজার ৫৬০ দশমিক ৩৭ পয়েন্টে। একই সময় বাজারটির বিশেষায়িত দুই সূচক ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহর উন্নতি ঘটে যথাক্রমে ৮ দশমিক ৭২ ও ২ দশমিক ৩৬ পয়েন্ট। অনুরূপভাবে দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই গতকাল ৬৪ দশমিক ০৭ পয়েন্ট উন্নতি ধরে রাখে। এখানে দুই বিশেষায়িত সূচক সিএসই-৩০ ও সিএসসিএক্স সূচকের উন্নতি ঘটে যথাক্রমে ৩২ দশমিক ৫৭ ও ৪৪ দশমিক ৭৭ পয়েন্ট।
দুই বাজারেই সূচকের উন্নতি ঘটলেও গতকাল বাজারগুলোর লেনদেনের চিত্র ছিল ভিন্ন। ঢাকা স্টকে লেনদেনের উন্নতি ঘটলেও লেনদেন হ্রাস পেয়েছে চট্টগ্রাম স্টকে। ডিএসই গতকাল ৮৮৭ কোটি টাকার লেনদেন নিষ্পত্তি করে যা আগের দিন অপেক্ষা ১৮০ কোটি টাকা বেশি। গত বৃহস্পতিবার ডিএসইর লেনদেন ছিল ৭০৭ কোটি টাকা। একই দিন চট্টগ্রাম স্টকে লেনদেন নিষ্পত্তি হয় ২৯ কোটি টাকার যা আগের দিনের চেয়ে চার কোটি টাকা কম। বৃহস্পতিবার সিএসইর লেনদেন ছিল ৩১ কোটি টাকা।
পুুঁজিবাজার সংশ্লিষ্টরা দিনের বাজার আচরণে সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন, এ মুহূর্তে বাজারের মূল্যস্তর যে পর্যায়ে রয়েছে তাতে হাতেগোনা কয়েকটি খাতের কিছু কোম্পানি বাদ দিলে অন্যগুলোর মূল্যস্তর এখনো অনেক নীচে অবস্থান করছে। ফলে এ পর্যায়ে বড় ধরনের বিক্রয়চাপ তৈরি হওয়ার সুযোগ খুব বেশি নেই। তারপরও পুঁজিবাজার খুবই সংবেদনশীল হওয়ায় যেকোনো সময় বিক্রয়চাপ তৈরি হতে পারে। তাই যেকোনো কারণে বাজারে কোনো সময় বিক্রয়চাপ তৈরি হওয়ার মানে এই নয় যে, হুটহাট করে শেয়ার বিক্রি করে দিতে হবে। এ ক্ষেত্রে বাজার পর্যবেক্ষণ করেই বিনিয়োগকারীদের সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে লোকসানের ঝুঁকি থেকেই যাবে। তা ছাড়া এ ধরনের আচরণ পুঁজিবাজারের টেকসই হওয়ার পথও বন্ধ করে দেয়।
গতকাল দুই পুঁজিবাজারের বেশির ভাগ খাতেই মূল্যবৃদ্ধি ঘটে। তবে বরাবরের মতো ব্যাংক, বীমা, টেক্সটাইলস ও রসায়ন খাতই বিনিয়োগেকারীদের পছন্দের তালিকায় এগিয়েছিল। তবে দিনের সূচকের উন্নতিতে বেশি অবদান রাখে ব্যাংক ও বীমা খাত। অন্যান্য খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি দরপতনের শিকার ছিল সিরামিক খাত। এ খাতের বেশির ভাগ কোম্পানির দরপতন ঘটে। দরপতনের শিকার আরেকটি খাত ছিল চামড়া শিল্প। দর হারায় এ খাতের বেশির ভাগ কোম্পানি।
ঢাকা শেয়ারবাজারে গতকাল লেনদেনের শীর্ষে ছিল ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি একমি পেস্টিসাইডস। ৪১ কোটি ১৯ লাখ টাকায় কোম্পানিটির এক কোটি ৪৫ লাখ ৫৬ হাজার শেয়ার হাতবদল হয় গতকাল। ৩৫ কোটি ৫৫ লাখ টাকায় এক কোটি ৩২ লাখ আট হাজার শেয়ার বেচাকেনা করে লেনদেনে দ্বিতীয় স্থান দখলে রাখে বেক্সিমকো লিমিটেড। ডিএসইর লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির অন্যগুলো ছিল যথাক্রমে মালেক স্পিনিং মিলস, সায়হাম টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, সিটি ব্যাংক, শাইনপুকুর সিরামিকস, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, প্রাইম ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংক।
মূল্যবৃদ্ধিতে এদিন ডিএসইর শীর্ষে ছিল গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড। ফান্ডটির মূল্যবৃদ্ধির হার ছিল ১০ শতাংশ। ৯ দশমিক ৯৬ শতাংশ মূল্যবৃদ্ধি পাওয়া বীমা কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স পিএলসি ছিল এ তালিকায় দ্বিতীয় কোম্পানি। মূল্যবৃদ্ধিতে ডিএসইর শীর্ষ দশ কোম্পানির অন্যগুলো ছিল যথাক্রমে সায়হাম কটন মিলস, হা-ওয়েল টেক্সটাইলস, আরগন ডেনিমস, বিডি অটোকারস, আইসিবি এমপ্লয়িজ মিউচুয়াল ফান্ড, বিডি থাই ফুডস, আইসিবি থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড ও প্রাইম আইসিবি মিউচুয়াল ফান্ড।
গতকাল ডিএসইতে দরপতনের শীর্ষে ছিল টেক্সটাইল খাতের কোম্পানি সায়হাম টেক্সটাইলস। ৭ দশমিক ৯১ শতাংশ দর হারায় কোম্পানিটি। ৬ দশমিক ৩৩ শতাংশ দর হারিয়ে এ তালিকায় দ্বিতীয় কোম্পানি ছিল জ¦ালানি খাতের লুব রেফ বাংলাদেশ। দরপতনের শিকার ডিএসইর দশ কোম্পানি ও ফান্ডের মধ্যে অন্যগুলো ছিল যথাক্রমে খুলনা পেপার অ্যান্ড প্রিন্টিং, ফ্যামিলিটেক্স, এসকে ট্রিমস, নিউলাইন কদিং, অ্যাপোলো ইস্পাত, জেনারেশন নেক্সট ফ্যাশন্স, মেঘনা পেট্রোলিয়াম ও শাইনপুকুর সিরামিকস।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









