মেঘনার পানিতে কাটবে রাজধানীর সঙ্কট
ads

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার গন্ধবপুরে নির্মাণাধীন পানি শোধনাগারের প্রথম ধাপের কার্যক্রম আগামী বছরের জুনে শুরু হলে দৈনিক ৫০ কোটি লিটার পরিশোধিত পানি উৎপাদনের সমতা অর্জন করবে ঢাকা ওয়াসা। এতে রাজধানীর ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতা কমার পাশাপাশি পানি সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই’ প্রকল্পের আওতায় এ শোধনাগার নির্মাণ করা হচ্ছে। এতে অর্থায়ন করছে বাংলাদেশ সরকার, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি) ও ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি)। প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিষনন্দী এলাকায় মেঘনা নদী থেকে পানি সংগ্রহ করে প্রায় ২২ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে গন্ধর্বপুর শোধনাগারে আনা হবে। সেখানে পরিশোধনের পর তা রাজধানীর মূল বিতরণ ব্যবস্থায় যুক্ত হবে।
শোধনাগারটির প্রথম ধাপের দৈনিক উৎপাদন সমতা (৫০ কোটি লিটার) ঢাকার বর্তমান পানির চাহিদার প্রায় ১৫ শতাংশের সমান। প্রথম পর্যায়ে বাড্ডা, উত্তর বাড্ডা, সাতারকুল, গুলশান, প্রগতি সরণি, বসুন্ধরা, খিলতে, কাকলি, বনানী, ক্যান্টনমেন্ট, উত্তরা এবং মিরপুর ও মিরপুর ডিওএইচএস এলাকায় পানি সরবরাহের পরিকল্পনা রয়েছে। এতে ৪৫ লাখের বেশি মানুষ উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। পরিকল্পিত দ্বিতীয় ধাপ বাস্তবায়িত হলে দুই ধাপ মিলিয়ে দৈনিক ১০০ কোটি লিটার পানি উৎপাদনের সমতা তৈরি হবে। তবে উৎপাদিত পানির একটি বড় অংশ বিদ্যমান ভূগর্ভস্থ পানির উত্তোলন প্রতিস্থাপনে ব্যবহৃত হবে।
জানা যায়, ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় দৈনিক পানির চাহিদা ৩২০ থেকে ৩২৫ কোটি লিটার, যার বিপরীতে ঢাকা ওয়াসার উৎপাদন সমতা ২৯৫ থেকে ৩০০ কোটি লিটার।
অন্যদিকে, ২০২২ সালে আন্তর্জাতিক গবেষণা সাময়িকী সাসটেইনেবিলিটিতে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত উত্তোলনের ফলে ঢাকার কেন্দ্রস্থলে ভূগর্ভস্থ পানির স্তর বছরে তিন মিটারের বেশি নিচে নেমে যাচ্ছে। পানিসম্পদ বিশেষজ্ঞ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত বলেন, নগরায়ণের নামে পুকুর ও জলাভূমি ভরাটের কারণে ভূগর্ভস্থ পানির প্রাকৃতিক পুনর্ভরণ কমছে। সঙ্কট দেখা দিলেই নতুন নলকূপ স্থাপন সাময়িক সমাধান দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তা কার্যকর নয়। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন শফিক বলেন, প্রকল্পটির প্রকৃত সাফল্য নির্ভর করবে শুধু উৎপাদন সমতা বৃদ্ধির ওপর নয়, বরং রাজধানীর কত মানুষ নিয়মিত, নিরাপদ ও সাশ্রয়ী পানি পাচ্ছেন এবং ভূগর্ভস্থ পানির উত্তোলন কতটা কমানো যাচ্ছে, তার ওপর।