স্বাস্থ্যসেবার প্রতিবন্ধকতা দূর করুন
ads

দেশের স্বাস্থ্য বিভাগের চিকিৎসা যন্ত্রপাতি মেরামতের একমাত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘ন্যাশনাল ইলেকট্রোমেডিক্যাল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার (নিমিউ অ্যান্ড টিসি)।’ প্রতিষ্ঠানটি চালানোর জন্য পর্যাপ্ত জনবল কাঠামো তৈরি করা হয়নি। আবার স্বল্প পদের অনেকগুলো খালি রয়েছে। ফলে সময়মতো চিকিৎসা যন্ত্রপাতি মেরামত হয় না। দেশের অনেক হাসপাতালে চিকিৎসাসেবা এ জন্য ব্যাহত হচ্ছে। 
একটি সহযোগী দৈনিকে প্রকাশিত খবরে বলা হয়েছে  দেশে বর্তমানে ৪৯২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৬১টি জেলা হাসপাতাল, ৩৮টি সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং ২৮টি বিশেষায়িত হাসপাতাল রয়েছে। এই বিপুলসংখ্যক স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসা যন্ত্রপাতি মেরামত করার জন্য নিমিউ অ্যান্ড টিসির অনুমোদিত পদ রয়েছে ৯৫টি। এর বিপরীতে কর্মরত ৫৪ জন। অর্থাৎ মোট পদের ৪৩ দশমিক ১৬ শতাংশ শূন্য। এর মধ্যে কারিগরি পদে কেবল ২২ জন কর্মরত। এমনকি তিন অর্থবছর ধরে প্রতিষ্ঠানটিকে বছরে ৯০-৯৪ কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও জনবল সঙ্কটের কারণে এর অর্ধেকেরও কম ব্যয় করতে পারছে তারা।
সেবাদানের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির আরেকটি সমস্যা হলো ভৌগোলিক সীমাবদ্ধতা। বিশেষ করে উপজেলা পর্যায়ের হাসপাতালে কোনো যন্ত্রপাতি বিকল হলে সংশ্লিষ্ট দফতরের প্রশাসনিক প্রক্রিয়া শেষে নিমিউতে আবেদন পাঠাতে হয়। এরপর যন্ত্রপাতি পরিদর্শন, প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ ও মেরামতের কাজ সম্পন্ন করতে দীর্ঘ সময় লেগে যায়। এ দীর্ঘসূত্রতার কারণে গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম বিকল হলেও দ্রুত সচল করা কিংবা বিকল্প ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছে না। আবার নষ্ট হওয়া মেশিন মেরামতের জন্য প্রয়োজনীয় কিছু যন্ত্রাংশ দেশে তৈরি না হওয়ায় সেগুলো আমদানি করতে হয়। এতে দরপত্রসহ নানা প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। প্রশাসনিক জটিলতার চাপ রোগীর ওপর গিয়ে পড়ছে। তারা চিকিৎসা পায় না।
দেশের জনসংখ্যা বেড়েছে। সেই সাথে রোগ ও রোগী বেড়েছে। এমতাবস্থায় চিকিৎসার ক্ষেত্রে আধুনিক ও অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহারও বেড়েছে। কিন্তু  এগুলো মেরামতের জন্য শুধু ঢাকাকেন্দ্রিক একটি প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হচ্ছে।  স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিমিউ অ্যান্ড টিসির জনবল সঙ্কট দ্রুত দূর করার ব্যবস্থা নিতে হবে। সেই সাথে চিকিৎসা যন্ত্রাপাতি মেরামতের জন্য বিভাগীয় পর্যায়ে নিমিউ অ্যান্ড টিসির মতো একটি করে প্রতিষ্ঠান গড়ে তোলা যায় কি না তা  বিশেষভাবে বিবেচনা করতে হবে। ইউনিয়ন, উপজেলা  ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোর যন্ত্রপাতি দ্রুতই মেরামত করার ব্যবস্থা থাকতে হবে। বিদেশ থেকে প্রয়োজনীয় যন্ত্রপাাতি আমদানির ক্ষেত্রে যতটা সম্ভব আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করতে হবে।  বাংলাদেশের স্বাস্থ্য খাত নানা সঙ্কটে জর্জরিত। এসব সমস্যার কিছুটা উদ্দেশ্যপ্রণোদিত আবার অনেকটা দেশের বাস্তবতার নিরিখেই সৃষ্ট। কিন্তু সমস্যাগুলোর সমাধান প্রয়োজন। দেশের সীমিত সম্পদের মধ্যে এসব সমস্যা সমাধান করে কিভাবে জনগণের সুচিকিৎসা নিশ্চিত করা যায়, স্বাস্থ্য বিভাগের কর্তাব্যক্তিদের সেদিকে দৃষ্টিপাত করতে হবে। 
নিমিউ অ্যান্ড টিসির অবকাঠামো বাড়াতে হবে।  চিকিৎসাব্যবস্থার সাথে সঙ্গতি রেখে এর আকার হতে হবে। সেটি হতে হবে বিকেন্দ্রীভূত। সারা দেশ যাতে এর মাধ্যমে কাভার করা যায়। এতে থাকতে হবে পর্যাপ্ত জনবলও।