জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ককে প্যাভিলিয়নে ফিরিয়ে তরুণ পেসার হেনরি ক্রোকম্বের উদযাপন
জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ককে প্যাভিলিয়নে ফিরিয়ে তরুণ পেসার হেনরি ক্রোকম্বের উদযাপন। সংগৃহীত
ads

মিচেল মার্শের ব্যাটে ঝড় উঠেছিল। ৪৯ বলে সেঞ্চুরি, শেষ পর্যন্ত ৫৭ বলে ১১৯ রান। কিন্তু অধিনায়কের এমন অবিশ্বাস্য ইনিংসও জেতাতে পারল না অস্ট্রেলিয়াকে। শেষ ওভার পর্যন্ত লড়াই করেও হেরে গেছে অজিরা।

শেষ ওভারে তরুণ পেসার হেনরি ক্রোকম্বের দুর্দান্ত বোলিংয়ে ৭ রানের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। সেইসাথে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও এক ম্যাচ হাতে রেখেই নিজেদের করে নিয়েছে হ্যারি ব্রুকের দল।

রোববার (২৯ নভেম্বর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে টস জিতে ইংল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে সফরকারীরা। মাত্র ৩২ রানেই ৪ উইকেট হারিয়ে বসে তারা।

তবে মিডল অর্ডারে জেমস কোলসের ২৯ বলে ৩৩ রানের ইনিংস ও জর্ডান কক্স ও লিয়াম ডসনের ২৩ রান করে অবদানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইংল্যান্ড। তবে আসল কাজটা করেন স্যাম কারান।

শেষ দিকে তার অপরাজিত ২৮ বলে ৫০ ও জেমি ওভারটনের ৯ বলে ২০ রানের ঝোড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮১ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ফলে জয়ের জন্য অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ১৮২ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। তবে এক প্রান্ত আগলে রেখে পাল্টা লড়াই চালিয়ে যান অধিনায়ক মিচেল মার্শ। মাত্র ৪৯ বলে তুলে নেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের দ্বিতীয় সেঞ্চুরি।

শেষ পর্যন্ত ৯টি চার ও ৯টি ছক্কায় ৫৭ বলে ১১৯ রান করে আউট হন তিনি। অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান আসে স্যাম হার্পারের ব্যাট থেকে। শেষ ওভারের আগ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল অস্ট্রেলিয়ার হাতেই।

জয়ের জন্য শেষ ৬ বলে প্রয়োজন ছিল ১২ রান, হাতে ছিল ৩ উইকেট। ক্রিজে তখনো ভয়ঙ্কর হয়ে ওঠা মার্শ। কিন্তু নাটকের তখনো বাকি। প্রথম তিন বলে ৩ রান দেন ক্রোকম্ব। শেষ ৩ বলে অস্ট্রেলিয়ার প্রয়োজন দাঁড়ায় ৯ রান।

চতুর্থ বলে অফ স্টাম্পের বাইরের বাউন্সারে কাট করতে গিয়ে উইকেটরক্ষক জর্ডান কক্সের হাতে ক্যাচ তুলে দেন মার্শ। পরের বলেই জোয়েল ডেভিসকে এলবিডব্লিউ করে অস্ট্রেলিয়ার জয়ের শেষ আশাটুকুও শেষ করে দেন ক্রোকম্ব।

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৪ রানেই থামে অস্ট্রেলিয়া। ৭ রানের জয়ে সিরিজ নিশ্চিত করে ইংল্যান্ড। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের পাশাপাশি শেষ ওভারের বীরত্বে ম্যাচের নায়ক বনে যান তরুণ পেসার হেনরি ক্রোকম্ব।