
প্রতিবেশী দেশগুলোর সাথে সহযোগিতার কার্যকর ক্ষেত্র পায়নি বাংলাদেশ। বিপুল সম্ভাবনা থাকার পরও পারস্পরিক সুফল বিনিময় দক্ষিণ এশিয়া একেবারে শূন্যের কোঠায়। দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্যের তথ্য-উপাত্ত বিষয়টি স্পষ্ট করে দেয়। একমাত্র ভারতের সাথে বড় লেনদেন আছে বাংলাদেশের। তা-ও একতরফা। ভারতের প্রতি ঝুলে আছে। এ অঞ্চলের অন্য বৃহৎ দেশ পাকিস্তানের সাথে সব ধরনের সম্পর্ককে এক ধরনের বন্ধ করে রাখা হয়েছে। অথচ দেশটির সাথে আমাদের গড়ে উঠতে পারে বৈচিত্র্যপূর্ণ সম্পর্ক। দুই দেশের মধ্যে ধর্ম-সংস্কৃতি ও ঐতিহাসিক গভীর সংযোগ আছে। এমন কিছু ক্ষেত্র আছে বিনিময়ের মাধ্যমে উভয় দেশ উপকৃত হতে পারে। যার একটি ক্ষেত্র দুর্যোগ ব্যবস্থাপনা।
সম্প্রতি বাংলাদেশের একটি সাংবাদিক প্রতিনিধিদল দেশটির আমন্ত্রণে পাকিস্তান সফর করছে। সম্ভাব্য বিভিন্ন সহযোগিতার ক্ষেত্রগুলো সাংবাদিকদের সামনে দেশটির পক্ষ থেকে তুলে ধরা হয়। এর একটি উল্লেখযোগ্য ক্ষেত্র ছিল দুর্যোগ মোকাবেলায় দুই দেশের একসাথে কাজের সুযোগ। ইসলামাবাদে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ) কার্যালয় পরিদর্শনের সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ হাসান খট্টক উভয় দেশের মধ্যে দুর্যোগ মোকাবেলার একসাথে কাজ করার প্রস্তাব তুলে ধরেন।
বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্যোগপ্রবণ একটি দেশ। বিস্তীর্ণ সমুদ্র উপকূল প্রতিনিয়ত ঝড় জলোচ্ছ্বাসে আক্রান্ত হয়। এছাড়া ঘনঘন বন্যা ও নদীভাঙন প্রতিনিয়ত দেশের মানুষকে বিপর্যস্ত করে তুলছে। প্রতি বছর লাখো মানুষ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখন নতুন করে শঙ্কা দেখা দিয়েছে ভূমিকম্পের। বড় শহরগুলোতে মাঝারি মাত্রার ভূমিকম্প হলেও নজিরবিহীন বিপর্যয় ঘটবে। আমাদের নিজস্ব প্রস্তুতিতে তা মোকাবেলা করা প্রায় অসম্ভব। এমন পরিস্থিতিতে বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশের সহযোগিতা বড় বেশি প্রয়োজন। কিন্তু সেই ধরনের প্রতিবেশী সংস্কৃতি বাংলাদেশের সাথে কারো গড়ে ওঠেনি। দুর্যোগ ব্যবস্থাপনায় পাকিস্তানের সহযোগিতার প্রস্তাব তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশী সাংবাদিকদের সামনে মুহাম্মদ হাসান খট্টক পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতার চিত্র তুলে ধরেন। দেশটির আছে ৩০০টি স্যাটেলাইটের তথ্য ব্যবহারের সুযোগ। জাপান, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও চীনের সাথে সম্পর্কের সূত্রে অত্যাধুনিক তথ্য সংগ্রহের ব্যবস্থা আছে। ভূমিকম্প, বন্যা, ভূমিধস, খরাসহ সম্ভাব্য প্রাকৃতিক বিপর্যয়ের বিষয়ে বহুধাপে বিস্তারিত তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে থাকে পাকিস্তান। দেশটি ইতোমধ্যে নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয় রোধে সাফল্যের স্বাক্ষর রেখেছে। শুধু উদ্ধার ও পুনবার্সন নয়, আগাম সতর্কতা ও ঝুঁকি মূল্যায়ন করে ব্যবস্থা নিয়ে থাকে দেশটি। আগাম উদ্যোগ গ্রহণ, সড়ক যোগাযোগব্যবস্থা অবকাঠামো, গুরুত্বপূর্ণ স্থাপনার প্রভাবও বিশ্লেষণ করা হয়। ৪৫ দিনের সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণের ব্যবস্থা আছে এনডিএমএর।
দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশেরও ব্যাপক অভিজ্ঞতা আছে। এ অবস্থায় প্রতিবেশী পাকিস্তানের সাথে এ বিষয়ে সহযোগিতার সম্পর্ক গড়ে উঠলে নিঃসন্দেহে উভয় দেশ উপকৃত হবে। এনডিএমএ চেয়ারম্যানের প্রস্তাবটি ঢাকার ইতিবাচক বিবেচনায় নেয়া দরকার। সম্ভাব্য সহযোগিতার সব ক্ষেত্রে ইসলামাবাদের সাথে আমাদের সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন। বর্তমান বিশ্ব ব্যবস্থায় এককভাবে কোনো দেশের উন্নয়ন ও সমৃদ্ধি পাওয়া সম্ভব নয়। সে ক্ষেত্রে পাকিস্তান হতে পারে বাংলাদেশের উত্তম বন্ধু।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









