নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সাথে জন্মদিন উদযাপন, প্রশ্নের মুখে এসআই জিয়া
ads

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার উপপরিদর্শক (এসআই) শেখ জিয়াউর রহমানের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার সাথে জন্মদিনের কেক কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় মহলে সমালোচনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে নাচোলের ‘এসএন ক্যাফে’তে এসআই জিয়ার জন্মদিন উদযাপন করা হয়। এ সময় কসবা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান ও ছাত্রলীগকর্মী বিপুকে নিয়ে কেক কাটেন তিনি। শুক্রবার সকাল ৯টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে মেহেদির হাতে কেক খাওয়ার ছবি প্রকাশ করেন এসআই জিয়া। ছবি ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে ছবিগুলো সরিয়ে নেন তিনি।
নাচোল কসবা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সাথে পুলিশের কর্মকর্তার জন্মদিন উদযাপন অনাকাক্সিক্ষত। এ ঘটনায় তদন্ত হওয়া প্রয়োজন।
অভিযোগের বিষয়ে এসআই শেখ জিয়াউর রহমান বলেন, ‘ভুলবশত এমনটি হয়ে গেছে। ওই ব্যক্তি যে ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি, তা আমি জানতাম না।’
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীর সাথে কোনো পুলিশ সদস্যের জন্মদিনের কেক কাটার কথা নয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।