
কাওসার আজম
বাংলাদেশের কৃষিপণ্যের আমদানি ও রফতানিতে ব্যবধান আকাশ-পাতাল। এক দিকে পাট ও পাটজাত পণ্য, আলু, সবজি, ফল, সুগন্ধি চালসহ বিভিন্ন কৃষিপণ্য রফতানি করে বৈদেশিক মুদ্রা আয় করছে দেশ। অন্য দিকে খাদ্যচাহিদা, পশুখাদ্য ও শিল্পের কাঁচামালের জোগান দিতে বিপুল পরিমাণ গম, সয়াবিন, তুলা, ভুট্টা ও ডাল আমদানি করতে হচ্ছে। এতে কৃষিপণ্য রফতানি থেকে আয় বাড়লেও আমদানির বিপরীতে তা খুবই কম।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ২০২৫-২৬ অর্থবছরে কৃষিপণ্য রফতানি থেকে আয় হয়েছে ৯৭৮.১ মিলিয়ন ডলার ( প্রায় ১২ হাজার ২৬৬ কোটি টাকা)। বিপরীতে খাদ্যশস্য আমদানিতে ব্যয় হয়েছে দুই হাজার ৫৭৫.৭ মিলিয়ন ডলার (প্রায় ৩২ হাজার ৩০৩ কোটি টাকা)। এর মধ্যে শুধু গম আমদানিতেই ব্যয় হয়েছে দুই হাজার ৪৬.৯ মিলিয়ন ডলার (প্রায় ২৫ হাজার ৬৭১ কোটি টাকা)। অর্থাৎ কৃষিপণ্য রফতানি থেকে অর্জিত মোট আয়ের প্রায় ২.৬৩ গুণ অর্থ ব্যয় হয়েছে শুধু খাদ্যশস্য আমদানিতে।
এ ছাড়া কাঁচা তুলা আমদানিতে ব্যয় হয়েছে তিন হাজার ৬২.৩ মিলিয়ন ডলার এবং তেলবীজ আমদানিতে এক হাজার ৪৪৯.৯ মিলিয়ন ডলার। অর্থাৎ খাদ্যচাহিদা পূরণের পাশাপাশি বস্ত্র ও ভোজ্যতেল শিল্পের কাঁচামাল আমদানিতেও বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে।
রফতানির শীর্ষে পাটপণ্য : বাংলাদেশের কৃষিভিত্তিক রফিতানিতে পাট ও পাটজাত পণ্যের অবস্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ। গত চার অর্থবছরে এ খাতের রফতানির পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে। ২০২২-২৩ অর্থবছরে এক লাখ ৭২ হাজার ৭১০ মেট্রিক টন পাট ও পাটজাত পণ্য রফতানি হয়েছিল। ২০২৩-২৪ অর্থবছরে তা বেড়ে এক লাখ ৮৭ হাজার ৯৮৯ টন এবং ২০২৪-২৫ অর্থবছরে এক লাখ ৯৮ হাজার ১৬২ টনে দাঁড়ায়। ২০২৫-২৬ অর্থবছরে রফতানি একলাফে বেড়ে পাঁচ লাখ দুই হাজার ৯৮৬ টনে পৌঁছেছে।
বাংলাদেশ ব্যাংকের আর্থিক হিসাবে, ২০২৪-২৫ অর্থবছরে পাট ও পাটজাত পণ্য রফতানি থেকে আয় হয়েছিল ৯০৯.৭ মিলিয়ন ডলার। ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে ৯৯১ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। প্রবৃদ্ধি ৮.৯ শতাংশ।
তবে কাঁচা পাটের রফতানিতে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। ২০২২-২৩ অর্থবছরে ৭২ হাজার ৫৪০ টন কাঁচা পাট রফতানি হলেও ২০২৫-২৬ অর্থবছরে তা কমে ২৯ হাজার ৩৪২ টনে নেমেছে। এতে কাঁচামাল হিসেবে পাট রফতনির চেয়ে প্রক্রিয়াজাত ও মূল্য সংযোজিত পণ্য রফতানির গুরুত্ব বাড়ার বিষয়টি স্পষ্ট হয়েছে।
পাটের পর উল্লেখযোগ্য রফতানি পণ্যের মধ্যে রয়েছেÑ আলু, সয়াবিন মিল, সুপারি, কটন কম্বার নোয়েল, বাঁধাকপি, সুগন্ধি চাল, পানপাতা ও মুড়ি।
কৃষিপণ্যের রফতানির শীর্ষে থাকা অন্য পণ্যের মধ্যে রয়েছেÑ (২০২৫-২৬ অর্থবছর) আলু রফতানি ওঠানামা করেছে। ২০২২-২৩ অর্থবছরে ২৯ হাজার ৬১৬ মেট্রিক টন, ২০২৩-২৪ অর্থবছরে ১১ হাজার ৪৬৬ টন, ২০২৪-২৫ অর্থবছরে ৫৫ হাজার ৫৪ টন এবং ২০২৫-২৬ অর্থবছরে ৩৮ হাজার ২২৬ মেট্রিক টন রফতানি হয়েছে। চলমান (২০২৬-২৭ অর্থবছরে) ছয় হাজার ৮৮৬ মেট্রিক টন আলু রফতানি হয়েছে।
সয়াবিন মিল ২০২২-২৩ অর্থবছরে রফতানি হয়েছিল ৩১ হাজার ৫৭৯ মেট্রিক টন। ২০২৫-২৬ অর্থবছরে দাঁড়ায় ৩৫ হাজার ৯৭৯ টনে। চলমান অর্থবছরে প্রায় ২৪ হাজার মেট্রিক টন রফতানি হয়েছে।
কটন কম্বার নয়েল ২০২৪-২৫ অর্থবছরে ১৫ হাজার ৪৭১ মেট্রিক টন রফতানি হয়। ২০২৫-২৬ অর্থবছরে দাঁড়ায় ২৪ হাজার ৫৭ টনে। চলমান বছরে সাত হাজার ৯৫৮ টন রফতানি হয়েছে।
শীর্ষ রফতানির অন্যান্য কৃষিপণ্যের মধ্যে রয়েছেÑ সুপারি, বাঁধাকপি, সুগন্ধি চাল, পানপাতা এবং মুড়ি।
আমদানির শীর্ষে গম : দেশের কৃষিপণ্য আমদানির তালিকায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে গম। খাদ্যচাহিদা পূরণে প্রতি বছর বিপুল পরিমাণ গম আমদানি করতে হচ্ছে। ২০২২-২৩ অর্থবছরে দেশে ৫০ লাখ ১৫ হাজার ৯২৫ টন গম আমদানি হয়েছিল। ২০২৩-২৪ অর্থবছরে তা বেড়ে ৬৭ লাখ ৫৫ হাজার ৮৪৭ টন হয়। ২০২৪-২৫ অর্থবছরে আমদানি কিছুটা কমে ৫৯ লাখ ১৮ হাজার ১৯৫ টন হলেও ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে ৭৪ লাখ ৯ হাজার ১০ টনে দাঁড়ায়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









