
সামগ্রিক অর্থনীতিতে ঋণখেলাপির বোঝা দুর্বহ হয়ে উঠেছে। এই বোঝা টানা সত্যি দুরূহ। ফ্যাসিস্ট আমলে বিভিন্ন ব্যাংকে সরকার নিয়োগকৃত পরিচালকদের উদ্দেশ্য ছিল লুটপাট করা। ফ্যাসিবাদী জমানায় সংঘটিত ব্যাংক খাতের লুটপাটের জের টানছে হচ্ছে বর্তমান গণতান্ত্রিক সরকারকেও ।
এখনো লুটেরাদের প্রভাব কাটিয়ে উঠতে পারছে না ব্যাংক খাত। বিভিন্ন ধরনের সুবিধা, নীতিমালা নবায়নের পরও থামছে না খেলাপি ঋণের স্রোত; বরং বাড়ছে অনাদায়ী ঋণের বোঝা। এর সাথে যুক্ত হয়েছে আগের সরকারের আমলে রাজনৈতিক প্রভাব ও ব্যাংক দখলের অভিযোগে গড়ে ওঠা ঋণ লুটের সংস্কৃতি। ফলে ব্যাংক খাতের সঙ্কট এখন আর শুধু ঋণ আদায়ের দুর্বলতায় সীমাবদ্ধ নেই; এটি ব্যাংক পরিচালনায় সুশাসন, আর্থিক স্বচ্ছতা ও আমানতকারীদের অর্থের নিরাপত্তার জন্যও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ৩০ সেপ্টেম্বর ২০২৬ ভিত্তিক সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশের ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। এর মধ্যে শ্রেণীকৃত ঋণ ছয় লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ; অর্থাৎ ব্যাংক খাতের বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের প্রায় ৩৪ টাকা এখন ঝুঁকিপূর্ণ বা শ্রেণীকৃত অবস্থায় আছে।
আগের প্রান্তিক অর্থাৎ ৩০ জুন ২০২৬-এ শ্রেণীকৃত ঋণের পরিমাণ ছিল ছয় লাখ ছয় হাজার ৫৫৫ কোটি টাকা। মাত্র তিন মাসে তা বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। একই সময়ে মোট ঋণ বেড়েছে পাঁচ হাজার ৫৭৪ কোটি টাকা; অর্থাৎ নতুন ঋণ বিতরণের তুলনায় বিদ্যমান ঋণের মানের অবনতি অনেক বেশি। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো- শ্রেণীকৃত ঋণের প্রায় ৯৩ শতাংশ মন্দ ও ক্ষতিজনক পর্যায়ে চলে গেছে। সেপ্টেম্বর শেষে এ ধরনের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ লাখ ৮১ হাজার কোটি টাকা, যা মোট শ্রেণীকৃত ঋণের ৯২ দশমিক ৬৮ শতাংশ। এসব ঋণের বড় অংশ আদায় করা খুব কঠিন। অথচ এর বিপরীতে প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণ করতে পারছে না ব্যাংকগুলো। সেপ্টেম্বর শেষে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে দুই লাখ ১৮ হাজার ৩৩৯ কোটি টাকা।
ব্যাংকারদের অনেকের অভিযোগ, ব্যাংক খাতে খেলাপি ঋণের বর্তমান পরিস্থিতির অন্যতম প্রধান কারণ পতিত আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব বিস্তারকারী কয়েকটি ব্যবসায়ী গোষ্ঠীর ব্যাংক দখল, ঋণ অনিয়ম ও অর্থপাচার। কয়েকটি ব্যবসায়ী গোষ্ঠীর বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ নেয়া এবং অর্থ ফেরত না দেয়ার অভিযোগ আছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের বিরুদ্ধে ১৩টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে সোয়া দুই লাখ কোটি টাকার বেশি ঋণ নেয়ার অভিযোগ আছে। এসব ঋণের বড় অংশ এখন আদায় অনিশ্চিত। এখানে সঙ্কটের গভীরতা আরো বেশি। কারণ বড় ঋণখেলাপিদের কাছ থেকে অর্থ আদায় না হলেও ব্যাংকগুলোর নতুন ঋণ বিতরণ, আমানতকারীদের অর্থ ফেরত দেয়া এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। একই সাথে খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণের বাধ্যবাধকতা আছে। ফলে এক দিকে আটকে যাচ্ছে ব্যাংকের অর্থ, অন্য দিকে আর্থিক সক্ষমতার ওপর বাড়ছে চাপ।
কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণ কমাতে বিভিন্ন সময় পুনঃতফসিল, সুদ মওকুফ এবং এককালীন অর্থ পরিশোধের সুযোগ দিয়েছে। কিন্তু এসব সুবিধার প্রকৃত সুফল কতটা পাওয়া গেছে, তা প্রশ্নসাপেক্ষ। বিশেষ করে যেসব ঋণগ্রহীতা অর্থ ফেরত না দিয়ে দেশ ত্যাগ করেছেন কিংবা বন্ধকী সম্পত্তির বিপরীতে ঋণ নিয়েও তা পরিশোধ করছেন না, তাদের ক্ষেত্রে এসব নীতি সুবিধা কতটা কার্যকর হয়েছে, তার স্বচ্ছ হিসাব প্রয়োজন। বাংলাদেশ ব্যাংকের তুলনামূলক উপাত্তে দেখা যায়, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শ্রেণীকৃত ঋণের পরিমাণ ছিল ছয় লাখ ৪৪ লাখ হাজার ৫১৫ কোটি টাকা। এক বছর পর তা কমে দাঁড়িয়েছে ছয় লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা; অর্থাৎ বার্ষিক হিসাবে শ্রেণীকৃত ঋণ কমেছে প্রায় ১৭ হাজার ১১১ কোটি টাকা। একই সময়ে শ্রেণীকৃত ঋণের হার ৩৫ দশমিক ৭৩ শতাংশ থেকে কমে ৩৩ দশমিক ৮০ শতাংশে নেমেছে। এটি পরিসংখ্যানগতভাবে কিছুটা স্বস্তির বিষয়। তবে চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে আবার শ্রেণীকৃত ঋণের হার ৩২ দশমিক ৭৮ শতাংশ থেকে বেড়ে ৩৩ দশমিক ৮০ শতাংশ হয়েছে; অর্থাৎ বার্ষিক তুলনায় কিছুটা উন্নতি থাকলেও সাম্প্রতিক প্রান্তিকে পরিস্থিতি আবার খারাপ হয়েছে।
অন্য দিকে সেপ্টেম্বর শেষে মোট খেলাপি ঋণের আরেকটি হিসাবে পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ লাখ ৯৭ হাজার ৯৫৫ কোটি টাকা। জুন শেষে এ পরিমাণ ছিল পাঁচ লাখ ৮১ হাজার ২৩৮ কোটি টাকা। সে হিসাবে তিন মাসে বেড়েছে ১৬ হাজার ৭১৭ কোটি টাকা। এ হিসাবে খেলাপি ঋণের হার ৩১ দশমিক ৪১ শতাংশ থেকে বেড়ে ৩২ দশমিক ১৯ শতাংশ হয়েছে।
দু’টি পরিসংখ্যানের মধ্যে শ্রেণীকৃত ঋণ ও খেলাপি ঋণের হিসাবগত সংজ্ঞা এবং অন্তর্র্ভুক্তির পার্থক্য রয়েছে কি না, তা বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে স্পষ্ট করা প্রয়োজন। তবে উভয় হিসাবে সাম্প্রতিক প্রান্তিকে ঋণ মানের অবনতির চিত্র উঠে এসেছে। ব্যাংক খাতের সবচেয়ে বিপজ্জনক দিক হলো- শ্রেণীকৃত ঋণের বড় অংশ মন্দ ও ক্ষতিজনক পর্যায়ে চলে যাওয়া। গত সেপ্টেম্বর শেষে এ ধরনের ঋণের পরিমাণ পাঁচ লাখ ৮১ হাজার ৪৯৪ কোটি টাকা; অর্থাৎ শ্রেণীকৃত ঋণের প্রায় ৯২ দশমিক ৬৮ শতাংশই মন্দ বা ক্ষতিজনক পর্যায়ের।
জুন শেষে এ ধরনের ঋণের পরিমাণ ছিল ৭২ হাজার ৩৬ কোটি টাকা। তিন মাসে বেড়েছে প্রায় ৯ হাজার ৪৫৮ কোটি টাকা। মন্দঋণ আদায়ের সম্ভাবনা তুলনামূলক কম হওয়ায় ব্যাংকগুলোকে এর বিপরীতে বড় অঙ্কের প্রভিশন সংরক্ষণ করতে হয়। কিন্তু অর্থ আদায় না হওয়ায় ব্যাংকের নগদ অর্থ প্রবাহে চাপ তৈরি হচ্ছে। ফলে নতুন উদ্যোক্তাদের ঋণ দেয়ার সক্ষমতাও কমে যাচ্ছে।
একইসাথে বিশেষ নজরদারিতে থাকা স্পেশাল মেনশন অ্যাকাউন্টের ঋণও উদ্বেগজনক। গত সেপ্টেম্বর শেষে এই ধরনের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় এক লাখ ৩৮ হাজার ৩০০ কোটি টাকা। জুন শেষে ছিল এক লাখ ৩৫ হাজার ২১১ কোটি টাকা। তিন মাসে বেড়েছে প্রায় তিন হাজার ৮৯ কোটি টাকা। এসব ঋণ এখনো আনুষ্ঠানিকভাবে খেলাপি না হলেও পরিশোধে অনিয়ম অব্যাহত থাকলে ভবিষ্যতে শ্রেণীকৃত ঋণে পরিণত হওয়ার আশঙ্কা আছে।
একটি দেশের অর্থনীতির লাইফ লাইন হচ্ছে ব্যাংক। ব্যাংকের যাবতীয় কর্মকাণ্ড আর্বতীত হয় ঋণ ঘিরে। এ জন্য ঋণ খেলাপি হয়ে পড়লে দেশের সামগ্রিক অর্থনীতিতে তা নেতিবাচক প্রভাব ফেলে। আশা করি সরকার ও বিরোধী দল মিলে খেলাপি ঋণ, অর্থাৎ ঋণখেলাপিদের ব্যাপারে একটি সমাধানে পৌঁছাবে। হ
লেখক: সিনিয়র সাংবাদিক
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









