
ইংলিশ প্রিমিয়ার লিগে সময়টা ভালো যাচ্ছে না চেলসির। নটিংহ্যাম ফরেস্টের কাছে ৩-২ গোলে হেরে টানা তৃতীয় পরাজয়ের স্বাদ পেল দলটি। অন্যদিকে এই জয়ে দীর্ঘ ২৯ বছর পর নিজেদের মাঠে চেলসির বিপক্ষে জয়ের দেখা পেল ফরেস্ট।
শুক্রবার ম্যাচের শুরু থেকেই চেলসিকে চাপে রাখে স্বাগতিকরা। পঞ্চম মিনিটে ডান দিক থেকে ড্যানিয়েল মুনোজের ক্রসে দুর্দান্ত ভলিতে বল জালে পাঠিয়ে ফরেস্টকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ইগর জেসুস।
প্রথমার্ধে আর ঘুরে দাঁড়াতে পারেনি চেলসি। লক্ষ্যে কোনো শটই রাখতে পারেনি তারা। পিছিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।
বিরতির পরও চেলসির দুর্দশা কাটেনি। ৫১ মিনিটে লিয়াম ডেলাপকে ফাউল করে পেনাল্টি উপহার দেন ওয়েসলি ফোফানা। স্পটকিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন মরগ্যান গিবস-হোয়াইট।
তবে ৫৪ মিনিটে বদলি খেলোয়াড় এমানুয়েল এমেগার গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় চেলসি। পেদ্রো নেতোর শট প্রতিহত হয়ে ফিরলে বল পেয়ে জালে পাঠান তিনি।
৭২ মিনিটে আবারো চেলসিকে ধাক্কা দেন গিবস-হোয়াইট। জাভের শ্লাগারের নিখুঁত পাস থেকে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন ফরেস্টের এই মিডফিল্ডার।
৮৯ মিনিটে নেতোর ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান কমান এমেগা। শেষ মুহূর্তে সমতায় ফেরার চেষ্টা করলেও আর সফল হয়নি চেলসি।
১৯৯৭ সালের পর নিজেদের মাঠ সিটি গ্রাউন্ডে চেলসির বিপক্ষে এটি ফরেস্টের প্রথম জয়। এই জয়ে পয়েন্ট তালিকায় ১৭তম স্থান থেকে ১৪ নম্বরে উঠে এসেছে তারা। অন্যদিকে টানা তিন হারে অষ্টম স্থানেই পড়ে আছে চেলসি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









