আমাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ-সামিরা খান মাহি
আমাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ-সামিরা খান মাহি।
ads

বিনোদন রিপোর্ট 
সম্প্রতি ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোর ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার জমকালো গ্র্যান্ড ফিনালকে ঘিরে বিশ্বজুড়ে যেমন উত্তেজনা, তেমনি দেশের শোবিজ অঙ্গন ও সাধারণ দর্শকদের নজর ছিল সামিরা খান মাহির দিকে। শতাধিক দেশের সুন্দরীদের ভিড়ে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উঁচিয়ে ধরেছিলেন ছোট পর্দার এই পরিচিত মুখ। মাহির এই আন্তর্জাতিক যাত্রাটা ছিল রীতিমতো সিনেমার মতো দ্রুত ও নাটকীয়। গত ৭ নভেম্বর মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট মাথায় ওঠার ঠিক পরদিনই ৮ নভেম্বর, পুয়ের্তো রিকোর উদ্দেশে বিমান ধরেন তিনি।  এত কম সময়ের ব্যবধানে বড় কোনো প্রতিযোগিতার প্রস্তুতি গুছিয়ে নেয়া সহজ কথা নয়। তবুও সেই সীমাবদ্ধতাকে সঙ্গী করেই বিশ্বমঞ্চে নিজের সেরাটা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এই মডেল ও অভিনেত্রী। ৭৫তম মিস ইউনিভার্সে গ্র্যান্ড ফিনালেতে বাদ পড়লেও মাহি বাংলাদেশ আর বাংলাদেশের মানুষের উদ্দেশে কিছু কথা লিখেছেন তার ফেসবুকে। গতকাল সকালে মাহি লিখেন, ‘প্রিয় বাংলাদেশ আজ আমার হৃদয়ে অনেক কথা জমে আছে। জানি, আপনারা আমাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছেন, অনেক আশা করেছেন। আমার জন্য এত ভালোবাসা, এত দোয়া, এত ভোট এবং এতটা সময় দিয়েছেন। সত্যিই আমি কৃতজ্ঞ। আমি জানি, আপনাদের প্রত্যাশা অনেক বড় ছিল। আমিও চেয়েছিলাম বাংলাদেশের নামটা বিশ্বমঞ্চে আরো উজ্জ্বলভাবে তুলে ধরতে। বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার দেশ, আমার মানুষ এবং আপনাদের ভালোবাসার প্রতিনিধিত্ব করার জন্য নিজের জায়গা থেকে একটুও কমতি রাখিনি। আপনারাও আমার জন্য যেভাবে চেষ্টা করেছেন, যেভাবে দিন-রাত পাশে থেকেছেন, তা আমি কখনো ভুলব না। তবুও আজ একটি কথা বলতে চাই- আপনারা যে বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়িয়ে ছিলেন, আপনাদের সেই প্রত্যাশার প্রতিদান দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। জীবনে সব চেষ্টা আমাদের প্রত্যাশিত ফলাফল নিয়ে আসে না। কিন্তু তার মানে এই নয় যে, সেই চেষ্টার মূল্য নেই।