
নিজস্ব প্রতিবেদক
দেশের আইন, কর্তৃত্ব, সংবিধান ও সার্বভৌমত্বের প্রতি চ্যালেঞ্জ মোকাবেলায় দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী বসে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ডিএনসিসি মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
গতকাল ঢাকা মহানগরী উত্তরের কার্যালয়ে মিরপুর উত্তর থানা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মিরপুর উত্তর থানা আমির মনিরুল ইসলাম মৃধার সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জুলাইয়ের শহীদরা দেশের মানুষের মুক্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে লড়াই করেছেন। সেই ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত জাতির আগামী দিনের সব সঙ্কট ও সংগ্রামে জামায়াতে ইসলামী নেতৃত্বের ভূমিকা পালন করবে, ইনশা আল্লাহ।
জামায়াতে ইসলামী সব পরিস্থিতি মোকাবেলা করে এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে দুর্নীতি, ঘুষ, অবিচার ও সন্ত্রাস থাকবে না। ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হয়ে একটি মানবিক বাংলাদেশ এবং নাগরিকবান্ধব ঢাকা গড়ে তুলতে ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়ায়-মহল্লায় জনসচেতনতা ও জাগরণ সৃষ্টি করা হবে। তিনি আরো বলেন, নগরীতে নিরাপত্তার যে সঙ্কট দেখা দিয়েছে, তাতে নগরীর প্রতিটি মানুষের পাশে ঢাল হয়ে দাঁড়াতে হবে। জনগণের সহযোগিতায় দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আগামী ১৮ ডিসেম্বর মিরপুর উত্তর থানার নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন, এ সমাবেশকে ঐতিহাসিক ও স্মরণীয় করে তুলতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। প্রতিটি ঘরে বারবার যেতে হবে, নাগরিকদের সাথে সুসম্পর্ক ও যোগাযোগ তৈরি করতে হবে এবং ঘরে ঘরে জামায়াতের মনোনীত মেয়রপ্রার্থী ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দিতে হবে।
ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া নাগরিক সমাবেশগুলো সফল করতে তিনি সব পর্যায়ের দায়িত্বশীলদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









