৩১ দিন পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসের আগুন
ads

গোলাম আজম খান কক্সবাজার অফিস

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টানা ৩১ দিন ধরে জ্বলতে থাকা প্রাকৃতিক গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। গতকাল সকাল ৯টার দিকে ৩০ ইঞ্চি কেসিং পাইপ স্থাপন ও গ্যাসের প্রবাহ অন্য দিকে সরিয়ে নেয়ার মাধ্যমে বিশেষজ্ঞ দলের চূড়ান্ত অভিযানে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কূপের ভেতরের গ্যাসের চাপ নিয়ন্ত্রণ ও স্থায়ীভাবে বন্ধ করার কাজ এখনো বাকি।
বাপেক্সের ৫৫ সদস্যের বিশেষজ্ঞ দল প্রায় ১৪ দিন ধরে দেশীয় প্রযুক্তি ও নিজস্ব জনবল দিয়ে এ অভিযান পরিচালনা করে। প্রতিদিন দীর্ঘ সময় কাজ করে তারা গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে দীর্ঘ এক মাসের আতঙ্ক থেকে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে।
গত ২৭ অক্টোবর উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোটখাল এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় ভূগর্ভ থেকে প্রথমে পানি ও পরে গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে সেখানে আগুন ধরে যায়। এরপর থেকে টানা জ্বলতে থাকে আগুন।
প্রাথমিকভাবে সীমিত গ্যাসের পকেট বলে ধারণা করা হলেও দীর্ঘদিন গ্যাসের প্রবাহ অব্যাহত থাকায় ভূগর্ভে বড় মজুদ থাকার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। তবে এখনো বাণিজ্যিক গ্যাসক্ষেত্র আবিষ্কারের কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি।
আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি ইনানী ও আশপাশের এলাকায় গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে বাপেক্স। প্রাথমিকভাবে দুই থেকে তিন কিলোমিটার এলাকাজুড়ে ভূতাত্ত্বিক জরিপের পরিকল্পনা রয়েছে। ডিসেম্বর থেকে এ কার্যক্রম শুরুর প্রস্তুতির কথাও জানা গেছে।
ভূতাত্ত্বিক ও সিসমিক জরিপের মাধ্যমে ভূগর্ভে গ্যাসের অবস্থান, বিস্তৃতি, মজুদ ও বাণিজ্যিকভাবে উত্তোলনের সম্ভাব্যতা যাচাই করা হবে। জরিপের ফল ইতিবাচক হলে পরবর্তী সময়ে অনুসন্ধান কূপ খননের সিদ্ধান্ত আসতে পারে। ইনানীর আগুন নিয়ন্ত্রণে বাপেক্সের নিজস্ব প্রযুক্তি ও জনবল ব্যবহারের বিষয়টিও বিশেষ গুরুত্ব পাচ্ছে। সংশ্লিষ্টদের হিসাব অনুযায়ী, দেশীয় ব্যবস্থাপনায় এ অভিযানে ব্যয় হতে পারে প্রায় এক থেকে দুই কোটি টাকা। বিপরীতে, বিদেশী প্রতিষ্ঠানের সহায়তা নিলে ব্যয় হতে পারত প্রায় ১০০ থেকে ১৫০ কোটি টাকা। এ দিকে ইনানীর ঘটনাটি এখন শুধু আগুন নিয়ন্ত্রণের মধ্যে সীমাবদ্ধ নেই; দেশের জ্বালানি নিরাপত্তার জন্য নতুন সম্ভাবনার প্রশ্নও সামনে এসেছে। ভূগর্ভে গ্যাসের মজুদ থাকলে তা কতটা বিস্তৃত, উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ কত এবং বাণিজ্যিকভাবে লাভজনক হবে কি না, তা নির্ধারণ হবে অনুসন্ধান ও বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে।
বিশেষজ্ঞদের মতে, প্রাথমিকভাবে গ্যাস নির্গমন দেখা গেলেই কোনো এলাকাকে গ্যাসক্ষেত্র বলা যায় না। এ জন্য প্রয়োজন ভূতাত্ত্বিক বিশ্লেষণ, সিসমিক জরিপ, অনুসন্ধান কূপ খনন এবং গ্যাসের মজুদ ও চাপ নিরূপণ।
আগুন নিয়ন্ত্রণে বাপেক্সের সাফল্য স্বস্তির খবর হলেও ইনানীর প্রকৃত গুরুত্ব নির্ভর করছে ভূগর্ভস্থ গ্যাসের মজুদ ও বাণিজ্যিক সম্ভাব্যতা প্রমাণের ওপর।