সমাবর্তনের আনন্দেও পকেটে টান, বাড়তি খরচ
ads

 

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন শিক্ষার্থীদের জীবনের অন্যতম আনন্দের দিন। পড়াশোনা শেষে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি নেয়ার এই মুহূর্ত ঘিরে থাকে অনেক স্বপ্ন। কিন্তু সেই আনন্দের আয়োজনেই এবার বাড়তি আর্থিক চাপের মুখে পড়েছেন শিক্ষার্থীরা। ৫৪তম সমাবর্তনে অংশ নিতে গুনতে হচ্ছে সাড়ে তিন হাজার থেকে আট হাজার টাকা। অথচ এই টাকা দিয়েও গাউনটি নিজের করে রাখতে পারছেন না তারা। অনুষ্ঠান শেষে গাউন ফেরত দিতে হবে। সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা । 
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ফি জমা দেয়ার শেষ সময় ২ ডিসেম্বর। গাউন ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হবে ২৩ ও ২৪ জানুয়ারি। স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের দিতে হবে তিন হাজার ৫০০ টাকা। স্নাতকোত্তর পর্যায়ে পাঁচ হাজার টাকা। এমবিবিএস, বিডিএস, এমফিল, পিএইচডি, ডিবিএ, এমএস ও এমডিসহ নির্দিষ্ট কয়েকটি ডিগ্রির জন্য ফি ছয় হাজার টাকা। আর ইভনিং ও এক্সিকিউটিভ প্রোগ্রামের শিক্ষার্থীদের দিতে হবে আট হাজার টাকা।
শিক্ষার্থীদের অভিযোগ, সমাবর্তনের নামে এত টাকা নেয়া হলেও এর বিনিময়ে কী দেয়া হচ্ছে, তা পরিষ্কার নয়। গাউন, ক্যাপ ও ব্যাগের মান নিয়েও প্রশ্ন রয়েছে। গাউন ফেরত দিতে হলে এর জন্য নেয়া টাকার যৌক্তিকতা কী?
গাউন দিতে হয় ফেরত, তবু হাজার হাজার টাকা কেন : শিক্ষার্থীদের ক্ষোভের বড় কারণ গাউন ফেরত দেয়ার নিয়ম। কয়েক হাজার টাকা দিয়ে নিবন্ধন করেও গাউনটি নিজের কাছে রাখার সুযোগ নেই। অনুষ্ঠান শেষে সেটি জমা দিতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী হাসিবুর রহমান বলেন, সমাবর্তনের ফি শিক্ষার্থীদের জন্য কষ্টকর। উপহার তেমন কিছু দেয়া হয় না। আবার গাউনও স্থায়ীভাবে দেয়া হয় না। তিনি ফি সর্বোচ্চ এক হাজার ৫০০ টাকা নির্ধারণের দাবি জানান। একই সাথে স্মৃতিমূলক ও শিক্ষাসংশ্লিষ্ট উপহার দেয়ার প্রত্যাশা করেন।
শুধু ফি নয়, আর্থিক সঙ্কটের কারণে অনেক শিক্ষার্থী সমাবর্তনে অংশ নিতে পারছেন না।  ২০১৭ শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, তিনি আজিমপুরে একটি বাসায় ছয়জনের সাথে থাকেন। তাদের মধ্যে মাত্র একজন সমাবর্তনে অংশ নেয়ার আগ্রহ দেখিয়েছেন। ফি এক থেকে দেড় হাজার টাকার মধ্যে থাকলে সবাই অংশ নিতে পারতেন ।
আরেক শিক্ষার্থী সাদিয়া রহমান অন্তু জানান, প্রথম বর্ষ থেকেই সমাবর্তনে অংশ নেয়ার স্বপ্ন দেখেছেন। কিন্তু শিক্ষার্থীদের ওপর এত টাকা চাপিয়ে দিলে সবার পক্ষে সেই স্বপ্ন পূরণ করা সম্ভব হবে না।
ফি কমানোর দাবিতে আন্দোলন : ফি কমানোর দাবিতে সরব হয়েছেন ডাকসুর নেতারাও। ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ফি কমানো, গাউন স্থায়ীভাবে দেয়া এবং অংশগ্রহণকারীদের খাবারের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। দাবি পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরও ফি কমানোর দাবিতে প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে। সংগঠনটির দাবির মধ্যে রয়েছে সব পর্যায়ের শিক্ষার্থীর নিবন্ধন ফি কমানো, গাউন-ক্যাপ-ব্যাগের মান উন্নত করা এবং কেনাকাটার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা।
এদিকে গত ২৪ নভেম্বর ফি কমানোর দাবিতে তিন ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সকাল ১০টা থেকে  বেলা ১টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি চলে। পরে শিক্ষার্থীরা ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সাথে সাক্ষাৎ করেন।
শিক্ষার্থী দিদারুল ইসলাম বলেন, ফি নির্ধারণের সময় সাধারণ শিক্ষার্থীদের মতামত নেয়া হয়নি। এ বিষয়ে লিখিত আবেদন করেও সুস্পষ্ট জবাব পাওয়া যায়নি। তিনি বলেন, সমাবর্তন একটি জাতীয় আয়োজন। রাষ্ট্রীয় সহযোগিতা, শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের সহায়তা নিয়ে আয়োজনের ব্যয় বহন করা হলে শিক্ষার্থীদের চাপ কমানো সম্ভব।
আরেক শিক্ষার্থী সাদিক মুনিম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা বিকল্প সমাবর্তন আয়োজনের উদ্যোগ নিয়েছেন। প্রায় এক হাজার টাকা ব্যয়ে গাউন সংগ্রহ করে নিজেদের উদ্যোগে খাবারের ব্যবস্থাসহ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছেন তারা। 
একাধিক ডিগ্রিতে বাড়তি ফি : বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনসংক্রান্ত ওয়েবসাইটের নির্দেশনায় বলা হয়েছে, একজন শিক্ষার্থীর একাধিক যোগ্য ডিগ্রি থাকলে প্রতিটির জন্য আলাদা আবেদন করতে হবে। প্রতিটি আবেদনের জন্য আলাদা ফিও দিতে হবে। তবে গাউন ও আমন্ত্রণপত্র দেয়া হবে প্রথম আবেদন করা ডিগ্রির বিপরীতে। 
স্বচ্ছ হিসাব চান শিক্ষার্থীরা : শিক্ষার্থীদের দাবি, সমাবর্তনের নামে কত টাকা নেয়া হচ্ছে, তার পাশাপাশি কোন খাতে কত টাকা ব্যয় হবে, সেটিও প্রকাশ করতে হবে। গাউন ও অন্যান্য সামগ্রী শিক্ষার্থীদের স্থায়ীভাবে দিতে হবে। আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদের জন্য ফি কমানোর ব্যবস্থা রাখতে হবে।
ভিসির বক্তব্য : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি  অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ২০২২ সালের সমাবর্তনের তুলনায় এবার ফি খুব বেশি বাড়ানো হয়নি। স্নাতক পর্যায়ে তিন হাজার টাকার জায়গায় সাড়ে তিন হাজার এবং স্নাতকোত্তরে চার হাজার টাকার জায়গায় পাঁচ হাজার টাকা করা হয়েছে। তার মতে, ৫০০ থেকে এক হাজার টাকা বৃদ্ধি খুব বেশি নয়।
প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ আলমোজাদ্দাদ আলফেসানি বলেন, আগের সমাবর্তনে প্রায় ৯ কোটি টাকা ব্যয় হয়েছিল। দ্রব্যমূল্য বেড়েছে, সেটি বিবেচনায় নিয়েই ফি নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় নিবন্ধন ফি থেকেই সাধারণত সমাবর্তনের ব্যয় বহন করে। এ আয়োজনে কোনো মুনাফা থাকে না।