সংশ্লিষ্টতার অভিযোগে ময়মনসিংহে পুলিশ পরিদর্শক ক্লোজড
ads

ময়মনসিংহ অফিস

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা ও নাশকতার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে মো: সেলিম মিয়া নামের ময়মনসিংহ নগর পুলিশের এক পরিদর্শককে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। একই সাথে তার ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তিনি ময়মনসিংহ নগরীর ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গতকাল শুক্রবার দুপুরে ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি এটিকে স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া উল্লেখ করে অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বৃহস্পতিবার তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। পুলিশের অভ্যন্তরীণ গোয়েন্দা প্রতিবেদনে গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর এ পদক্ষেপ নেয়া হয়। পুলিশের একটি ঊর্ধ্বতন সূত্র জানায়, গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসা অভিযোগের ভিত্তিতে সেলিম মিয়াকে দায়িত্ব থেকে সরিয়ে অনুসন্ধান শুরু হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এর আগে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার মো: আবুল হাসানকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৩ নভেম্বর রাত ৮টার দিকে ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল থানায় দায়ের করা একটি মামলায় তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
উল্লেখ্য, গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধারাবাহিক সহিংসতায় তিন সংসদ সদস্যের বাড়িসহ প্রায় ১০০টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেয়া হয় টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ থেকে রেহাই পায়নি যানবাহন, সরকারি প্রতিষ্ঠান এমনকি হাসপাতালও। জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, এসব ঘটনায় কয়েক শ’ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে।