
নরসিংদী প্রতিনিধি
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, ইসলাম বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। এ দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদেরও সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। মহানবী হজরত মুহাম্মদ সা: ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবনে অসংখ্য কষ্ট ও ত্যাগ স্বীকার করেছেন। তিনি নিজের জীবনের মায়া না করে বহু যুদ্ধে অংশ নিয়েছেন, রক্ত দিয়েছেন এবং আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাই দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদেরও ত্যাগ স্বীকার করতে হবে। এমন ত্যাগের মধ্য দিয়েই ইহকালে শান্তি ও পরকালে মুক্তি পাওয়া সম্ভব, ইনশাআল্লাহ।
গত বৃহস্পতিবার রাতে নরসিংদী সরকারি কলেজ মাঠে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মেরাজুল উলুম বৌয়াকুড়ের ফারেগীন ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত ৫৯তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা মাওলানা সাঈদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, বেশি বেশি আমল ও জিকির করতে হবে। নিয়মিত জিকির করলে কলব ভালো থাকে, পরিষ্কার ও মজবুত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালিমী বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা ফয়জুল্লাহ সন্দ্বীপী। শিক্ষার্থীদের পাগড়ি পরিয়ে দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস সাজিদুর রহমান এবং ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সদরুল মুদাররিসিন শায়খুল হাদিস ইসমাইল নূরপুরী। বক্তব্য দেন মাওলানা হাবিবুল্লাহ সোলাইমানি ও মাওলানা মাসুম বিল্লাহ মাহমুদী। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবদুন নূর। এ সময় উপস্থিত ছিলেন জামিয়ার সেক্রেটারি মুন্সী শওকত আলী, রাশিদিয়া সোপ ফ্যাক্টরির (হাতী মার্কা সাবান) ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হক ভূঁঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









