
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ওয়ারী এলাকায় মুরগির দোকান বসানো নিয়ে বিরোধের জেরে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের ব্যবস্থাপক ও প্রকৌশল শিক্ষার্থী নাঈমুর রহমানকে (২৪) কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে হোটেলের মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মী মো: হাসান (২৬) গুরুতর আহত হন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে ভোর ৪টার দিকে আহত তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। তারা হলেন টিকাটুলির স্থানীয় বাসিন্দা ও মুরগির দোকানদার এনায়েত কাজী এবং তার ছেলে ইরান কাজী। ঘটনার পর থেকে তারা পলাতক। তাদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নাঈমুরের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের চাচা মো: লাবলু অভিযোগ করেন, বৃহস্পতিবার বিকেলে হোটেলের সামনে অবৈধভাবে মুরগির দোকান বসানো হয়। পরে হোটেলের নিরাপত্তাকর্মীরা দোকানটি সরিয়ে দেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তার দাবি, দোকান সরিয়ে দেয়ার জের ধরে স্থানীয় বিএনপির এক নেতা ও তার অনুসারীরা রাতে হামলা চালান। বিষয়টি নিয়ে স্থানীয় সংসদ সদস্যের কাছে গিয়েও সমাধান পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।
লাবলু আরো বলেন, নাঈমুর শুধু হোটেলটির ব্যবস্থাপকই ছিলেন না, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল বিষয়ে পড়াশোনাও করতেন। তার বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচর গ্রামে। সম্প্রতি তার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। বাবা মো: গোলাম মোস্তফা দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় পরিবারের দায়িত্ব নাঈমুরের ওপর এসে পড়ে। মায়ের মৃত্যুর পর বাবার চিকিৎসা, সংসারের খরচ ও নিজের পড়াশোনার ব্যয় মেটাতে তিনি হোটেলটিতে চাকরি নেন এবং সেখানেই থাকতেন। প্রকৌশলী হয়ে অন্ধ বাবার মুখ উজ্জ্বল করার স্বপ্ন দেখতেন তিনি।
ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে এনায়েত ও তার ছেলে ইরানকে শনাক্ত করা হয়েছে। ঘটনার পর তারা পালিয়ে গেছেন। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
তিনি জানান, রাত দেড়টার দিকে পাশের মুরগির দোকান থেকে একটি মুরগি হোটেলে ঢুকে দোতলায় চলে যায়। এ নিয়ে দোকানের মালিক এনায়েত ও তার ছেলের সাথে হোটেলকর্মীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এনায়েত ও ইরান হোটেলের ভেতরে ঢুকে ব্যবস্থাপক নাঈমুরকে ছুরিকাঘাত করেন। তাকে বাঁচাতে এগিয়ে গেলে মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক ও কর্মী হাসানও আহত হন।
ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, রাত ২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে ঢুকে নাঈমুরকে কোপাতে থাকেন। তার চিৎকার শুনে অন্যরা এগিয়ে এলে তাদেরও কুপিয়ে আহত করে হামলাকারীরা পালিয়ে যান। মুরগি ব্যবসায়ী ও তার ছেলে এ হামলায় জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বিরোধের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









