গণভোটের রায়কে উপেক্ষা করে জাতীয় ঐক্য সম্ভব নয়
বরিশালে সীরাতুন্নবী (সা:) সম্মেলনে বক্তব্য রাখেন অধ্যাপক মুজিবুর রহমান : নয়া দিগন্ত।
ads

বরিশাল ব্যুরো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেছেন, গণভোটের রায়কে উপেক্ষা করে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের মতামতকে উপেক্ষা করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়। জাতীয় ঐক্যের অন্যতম ভিত্তি হচ্ছে জনগণের মতামতের প্রতি সম্মান প্রদর্শন। গণভোটের গণরায় মেনে নিতে হবে, অন্যথায় প্রকৃত জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে না।
বরিশাল মহানগরী জামায়াতের উদ্যোগে আয়োজিত পবিত্র সিরাতুন্নবী সা: উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল সকাল ৯টায় নগরীর টাউন হল অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
প্রধান অতিথি বলেন, গণভোটের রায়কে অগ্রাহ্য করে কোনো আলোচনা বা ঐকমত্যের উদ্যোগ সফল হতে পারে না। জনগণের বৃহত্তর অংশের মতামতকে সম্মান না জানালে আলোচনা হতে পারে না। ঐক্যবদ্ধ কমিশনের দীর্ঘ আলোচনার পরে গণভোট হলো কিন্তু একটি দলের অসহযোগিতার জন্য সেই আলোচনা অর্থবহ হয়নি। জনগণের মতামত উপেক্ষা করে জাতীয় ঐক্যের কথা বলা বাস্তবসম্মত নয়, গণভোটের গণরায় মেনে না নেয়া হলে আন্দোলন অব্যাহত থাকবে।
অধ্যাপক মুজিব বলেন, দেশের বিভিন্ন রাজনৈতিক দল অতীতে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলেও আল্লাহর বিধান অনুযায়ী কেউই রাষ্ট্র পরিচালনা করেনি। কিছু রাজনৈতিক দল প্রকাশ্যে ইসলামী শরিয়াহর প্রতি বিশ্বাসের কথা স্বীকার না করলেও কিন্তু নির্বাচনের সময় ভোট পাওয়ার আশায় ইসলামের কথা বলে। 
তিনি আরো বলেন, রাসূলুল্লাহ সা:-এর মর্যাদা ও আদর্শকে যথাযথভাবে উপলব্ধি করতে হবে। তার আদর্শকে জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। রাসূলুল্লাহ সা:-এর আদর্শ থেকে দূরে সরে গিয়ে সমাজ ও রাষ্ট্রে প্রকৃত শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে নবীজির আদর্শ অনুসরণের বিকল্প নেই।
আগামী স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের কাছে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব তুলে ধরতে হবে। বরিশালের প্রতিটি পাড়া-মহল্লায় অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালকে পরিচিত করে তুলতে হবে। আগামী দিনে জনগণ যেন যোগ্য ও ভালো মানুষকে নির্বাচিত করতে পারে, সে বিষয়ে সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, রাসূলুল্লাহ সা:-এর আগমনে সমগ্র সৃষ্টিজগৎ উপকৃত হয়েছে। তিনি এমন এক সময়ে পৃথিবীতে আগমন করেছিলেন, যখন সমাজে মানুষের জীবনের মূল্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত ছিল না। জাহেলি সমাজে দুর্বল ও অসহায় মানুষের অধিকার পদদলিত হতো। নারীর মর্যাদা ও নিরাপত্তা ছিল উপেক্ষিত। রাসূলুল্লাহ সা: মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন এবং মানবতার মুক্তির দিশা দিয়েছেন।
মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা আতিকুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল ও মাওলানা মতিউর রহমান, সরকারি ফজলুল হক কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুর রব, লুৎফর রহমান মডেল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ কিউ এম আব্দুল হাকিম মাদানী এবং উত্তমপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সোহরাব হোসাইন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা মাহমুন্নবী তালুকদার, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি তারিকুল ইসলাম, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শফিউল্লাহ তালুকদার, মাহফুজুর রহমান আমিন, শামীম কবির, আব্দুস সত্তার, সুলতানুল আরেফিন, কোতোয়ালি উত্তর থানা আমির অধ্যাপক আনোয়ার হোসাইন এবং কাউনিয়া থানা আমির মাওলানা আব্দুর রহমান, সদর উপজেলা আমির মাওলানা কাওসার হোসাইন, আইনজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের শহীদ, ব্যাংকার্স বিভাগের সভাপতি মুজিবুর রহমান, মাওলানা মোস্তাফিজুর রহমানসহ, মহানগর ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।