বাসাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান
ads

 বাসাইল (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাথের স্ল্যাব ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগ তদন্তে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদক টাঙ্গাইল জেলা কার্যালয়ের একটি দল সেতুটিতে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো: বিপ্লব হোসেন।
অভিযানকালে ফুটপাথের স্ল্যাব ও রেলিংয়ের পিলার ভেঙে নির্মাণসামগ্রী পরীক্ষা করা হয়। দুদক কর্মকর্তা বিপ্লব হোসেন বলেন, প্রাথমিকভাবে সেখানে অনিয়মের বিষয়টি মনে হয়েছে। প্রয়োজনীয় পরিমাণ রড থাকার কথা থাকলেও তা পাওয়া যায়নি। সরেজমিন প্রতিবেদন ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে প্রাথমিক সত্যতা পাওয়া গেলে কমিশনে বিস্তারিত জানানো হবে। পরে কমিশনের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, ঢালাইয়ে ব্যবহৃত বাঁশ সরেজমিন পাওয়া যায়নি। তবে গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে সাটারিংয়ে বাঁশের ব্যবহার দেখা গেছে।
এ দিকে এ ঘটনায় মঙ্গলবার রাতে বাসাইল থানায় মামলা হওয়ার পর সাব-ঠিকাদার শাহ আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) এক উপসহকারী প্রকৌশলী মো: মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে টাঙ্গাইল জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন ও বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে তাদের লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
ঘটনা তদন্তে উপজেলা প্রশাসন তিন সদস্যের কমিটি গঠন করেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত) মো: আহাদি হোসেনকে আহ্বায়ক করে কমিটিতে বাসাইল পৌরসভার সহকারী প্রকৌশলী রবিউল আলম ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপসহকারী প্রকৌশলী মো: আলতাব হোসেনকে সদস্য করা হয়েছে। এলজিইডির ঢাকা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল মনজুর মুহাম্মদ ছাদেকও সেতুটি পরিদর্শন করেছেন। এলজিইডির অফিস আদেশে বলা হয়েছে, নির্ধারিত নির্মাণসামগ্রীর পরিবর্তে বাঁশ ব্যবহার করায় সরকারের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে। এ কারণে উপসহকারী প্রকৌশলী মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়।
বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান বলেন, সংশ্লিষ্ট ঠিকাদাররা কর্মকর্তাদের না জানিয়ে রাতে ওয়াকওয়ে ও ফুটপাথের ঢালাই করেন। বিষয়টি ত্রুটিপূর্ণ ও নিয়মবহির্ভূত। ল্যাব টেস্টসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তদন্ত প্রতিবেদন অনুযায়ী আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।