চুয়াডাঙ্গার ডিপিওর বিরুদ্ধে ২৬ দফা দুর্নীতির অভিযোগ
ads

 চুয়াডাঙ্গা প্রতিনিধি 
চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিও) অহীন্দ্র কুমার মণ্ডলের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, সরকারি অর্থ আত্মসাৎ, কর্মস্থলে অনুপস্থিতি, শিক্ষকদের হয়রানি ও ঘুষ গ্রহণসহ ২৬ দফা অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল।
আবেদনের পরিপ্রেক্ষিতে গত বুধবার খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) চুয়াডাঙ্গায় এসে অভিযোগগুলোর তদন্ত করেন। অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বরে যোগদানের পর থেকে ডিপিও নিয়মিত কর্মস্থলে থাকেন না। সপ্তাহে মাত্র দুই দিন অফিস করেন। সরকারি বিভিন্ন দিবসের কর্মসূচিতেও তার অনুপস্থিতির কথা উল্লেখ করা হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরে ভ্রমণভাতা বরাদ্দের প্রায় ৬০ শতাংশ বিধিবহির্ভূতভাবে উত্তোলন, কম্পিউটার মেরামতের নামে ভুয়া বিল-ভাউচার তৈরি, গাড়ির জ্বালানি ও মেরামতের অর্থে অনিয়ম এবং সরকারি আবাসন ও সরঞ্জাম ব্যক্তিগতভাবে ব্যবহারের অভিযোগ করা হয়েছে। জাতীয় প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বরাদ্দ ব্যয়েও অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগে আরও বলা হয়, সাব-ক্লাস্টার প্রশিক্ষণে শিক্ষকদের কাছ থেকে দুই হাজার টাকা করে আদায় এবং পিআরএল ও পেনশনসংক্রান্ত ফাইল আটকে হয়রানি করা হয়েছে। প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়নেও অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ডিপিওকে সাময়িক বরখাস্তের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।
এসব কাজে আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন ওরফে এটম এর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলেও অভিযোগ পত্রে বলা হয়েছে। রাজবাড়ী জেলায় দায়িত্ব পালনকালে দুর্নীতির বিরুদ্ধে শিক্ষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাতে কর্মস্থল ছাড়ার পূর্ববর্তী প্রসঙ্গও টানা হয়েছে।
এসব অভিযোগের বিষয়ে ডিপিও অহীন্দ্র কুমারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অভিযোগের বিষয়ে শুনেছি, চোখে দেখিনি আর এটমের বিরুদ্ধে আনীত অভিযোগ আমি খতিয়ে দেখছি।