
কামাল হোসেন খান বেতাগী (বরগুনা)
বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণকাজ প্রায় ৪০ শতাংশ শেষ হওয়ার পর বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন ধরে নির্মাণকাজ বন্ধ থাকায় হাসপাতালের অবকাঠামোগত সঙ্কট বাড়ছে। ৫০ শয্যার হাসপাতালটি পুরনো ভবনে ২৯ শয্যা নিয়ে চলছে। শয্যা সঙ্কটে রোগীদের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। এতে রোগী ও স্বজনদের ভোগান্তি বাড়ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৫ আগস্ট কোহিনুর এন্টারপ্রাইজ ও মিজানুর আলমকে নতুন ভবন নির্মাণের কার্যাদেশ দেয়া হয়। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রায় ৪০ শতাংশ কাজ সম্পন্ন হওয়ার বিপরীতে ৩০ শতাংশ বিল পরিশোধ করা হয়েছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আর সময় বাড়ানো হয়নি। ফলে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা গেছে, নতুন ভবনের প্রথম তলার ছাদ পর্যন্ত নির্মাণ করা হয়েছে। এরপর আর কাজ এগোয়নি। পুরনো ভবনে ২৯টি শয্যায় গাদাগাদি করে রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। শয্যা না পেয়ে অনেক রোগীকে মেঝেতে থাকতে হচ্ছে।
দেড় লাখের বেশি মানুষের অধ্যুষিত এ উপজেলার দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের চিকিৎসার অন্যতম ভরসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় চিকিৎসক ও রোগীদের দুর্ভোগ বাড়ছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। মোবাইল ফোনও বন্ধ রয়েছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতে আসেনি।
স্থানীয় বাসিন্দা মেহেদি হাসান কোয়েল সিকদার বলেন, অর্ধেক কাজ শেষ হওয়ার আগেই নির্মাণকাজ বন্ধ হয়ে পড়ে আছে। কবে কাজ শেষ হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়্যিদ মুহাম্মদ আমারুল্লাহ বলেন, ভবন সঙ্কটে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। চিকিৎসকদের বসার পর্যাপ্ত জায়গা নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে।
পটুয়াখালীর স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মোহা: রফিকুল ইসলাম বলেন, প্রকল্পটি সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) অন্তর্ভুক্ত করে অনুমোদন নেয়া হয়েছে। বাকি কাজের জন্য ৯ কোটি ৬৯ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে। বর্তমানে টেন্ডার প্রক্রিয়া চলছে। দ্রুত নির্মাণকাজ শুরুর চেষ্টা করা হচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









