
জাহাঙ্গীর আলম হোসেনপুর (কিশোরগঞ্জ)
শীত এখনো পুরোপুরি জেঁকে বসেনি। অগ্রহায়ণের কুয়াশাচ্ছন্ন সকাল ও সন্ধ্যার হিমেল বাতাস জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের। এরই মধ্যে কিশোরগঞ্জের হোসেনপুরে খেজুর রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে উঠেছেন গাছিরা। গাছ পরিষ্কার, ডালপালা ছাঁটাই ও রস আহরণের উপযোগী করে তোলার কাজে চলছে তাদের ব্যস্ততা। গ্রামবাংলার শীতের ঐতিহ্য ধরে রাখতে আগাম প্রস্তুতি নিচ্ছেন তারা।
একসময় গ্রামের বাড়ির আঙিনা, পুকুরপাড়, ক্ষেতের আইল ও রাস্তার পাশে সারি সারি খেজুর গাছ দেখা যেত। এসব গাছ থেকে রস সংগ্রহ করে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি তৈরি হতো গুড় ও পাটালি। শীতের সকালে মিষ্টি রোদে বসে খেজুর রস পান কিংবা নতুন গুড়ের ঘ্রাণে গ্রামীণ জনপদে তৈরি হতো উৎসবের আবহ। এখন সেই দৃশ্য ক্রমেই বিরল হয়ে উঠছে।
স্থানীয় গাছিরা জানান, সময়ের পরিবর্তনে খেজুর গাছের সংখ্যা কমে গেছে। আগে বাড়ির আশপাশ ও জমির আইলে থাকা গাছগুলো থেকে সহজেই রস সংগ্রহ করা যেত। এখন পর্যাপ্ত গাছ না থাকায় আগের মতো রস ও গুড় উৎপাদন সম্ভব হচ্ছে না। মানুষের অসচেতনতা ও গাছ রোপণে অনাগ্রহের কারণে ঐতিহ্যবাহী এ গাছ হারিয়ে যাচ্ছে।
জামাইল গ্রামের ব্যবসায়ী নবী হোসেন ও সাইফুল ইসলাম বলেন, শীত এলেই একসময় শহরের মানুষ গ্রামে ছুটে আসতেন খেজুর রস খেতে। গাছিদের ব্যস্ততা, রস জ্বাল দিয়ে গুড় ও পাটালি তৈরির দৃশ্য গ্রামীণ জীবনে আলাদা আনন্দ যোগ করত। সেই রস ও গুড়ের স্বাদ-ঘ্রাণও ছিল অন্য রকম।
চরাঞ্চলের গাছি লাল মিয়া ও মতি মিয়া জানান, তারা প্রতিবছর চার-পাঁচ মাসের জন্য গাছের মালিকদের সাথে গুড় দেয়ার চুক্তিতে খেজুর গাছ সংগ্রহ করেন। এবার চাহিদামতো গাছ না পাওয়ায় গুড় উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তবু বাপ-দাদার পেশা ধরে রেখে জীবিকা নির্বাহের চেষ্টা করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ মোহাম্মদ মোহসীন বলেন, হোসেনপুরের বিভিন্ন এলাকায় খেজুর গাছ কমে যাচ্ছে। এ ঐতিহ্য ধরে রাখতে সবাইকে খেজুর গাছ রোপণে উৎসাহিত হতে হবে। গাছ প্রস্তুত করা থেকে রস সংগ্রহ পর্যন্ত গাছিদের দক্ষতা, ধৈর্য ও অভিজ্ঞতার প্রয়োজন হয়। খেজুর রস গ্রামবাংলার শীতকালীন ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। তাই গাছ সংরক্ষণ ও নতুন গাছ লাগানোর উদ্যোগ নেয়া জরুরি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









