ইলিয়াস কাঞ্চনকে কেমন দেখলেন রোজিনা
ইলিয়াস কাঞ্চনকে কেমন দেখলেন রোজিনা।
ads

বিনোদন রিপোর্ট 
ব্রেন ক্যানসারে আক্রান্ত হয়ে দেড় বছরেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বর্তমানে সেখানে মেয়ের বাসায় অবস্থান করছেন তিনি। সম্প্রতি লন্ডনে তার সাথে দেখা করে এসেছেন দীর্ঘদিনের সহকর্মী ও চিত্রনায়িকা রোজিনা। প্রিয় সহকর্মীকে বেশ সুস্থ ও ভালো অবস্থায় দেখেছেন বলে জানিয়েছেন তিনি।
সাক্ষাতের বেশ কয়েকটি স্থিরচিত্র নিজের ফেসবুক পেজে শেয়ার করে রোজিনা জানান, ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে এবং তিনি আগের তুলনায় অনেকটাই ভালো আছেন। শুধু সৌজন্য সাক্ষাৎই নয়, দীর্ঘদিনের এই দুই অভিনয়শিল্পী একসাথে বসে খাওয়া-দাওয়া করেছেন এবং আনন্দঘন সময় কাটিয়েছেন। সহকর্মীর সুস্থতায় স্বস্তি প্রকাশ করে ফেসবুক পোস্টে রোজিনা লিখেছেন, ‘আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আপনাদের দোয়ায় কাঞ্চন আগের চেয়ে অনেক ভালো আছেন। আমরা একসাথে বসে খাওয়া-দাওয়া করলাম। তিনি শিগগিরই দেশে ফিরে আসবেন। আপনারা সবাই কাঞ্চনের জন্য দোয়া করবেন।’ গত বছরের এপ্রিলে ব্রেন টিউমার ধরা পড়ার পর থেকে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন ইলিয়াস কাঞ্চন। ওই বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। ঝুঁকির কারণে চিকিৎসকেরা টিউমারের পুরো অংশ অপসারণ করতে না পারলেও বড় একটি অংশ সফলভাবে অপসারণ করেন। পরবর্তী পরীক্ষায় টিউমারটি ব্রেন ক্যানসার হিসেবে শনাক্ত হয়।
অস্ত্রোপচারের পর শুরু হয় তার দীর্ঘমেয়াদি চিকিৎসা। প্রথম ধাপে ১২ সপ্তাহে সপ্তাহে পাঁচ দিন করে ৬০টির বেশি কেমোথেরাপি ও ওরাল থেরাপি নিতে হয় তাকে। এরপর কয়েক ধাপে চলে ওরাল থেরাপি।
তৃতীয় ধাপের থেরাপি শেষে চিকিৎসকদের অনুমতি নিয়ে গত ৩ আগস্ট ১০ দিনের জন্য ঢাকায় এসেছিলেন ইলিয়াস কাঞ্চন। সংক্ষিপ্ত সেই সফরে তিনি পরিবারের সদস্য, সহকর্মী ও শুভাকাক্সক্ষীদের সাথে সময় কাটানোর পাশাপাশি নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর অনুষ্ঠানে অংশ নেন এবং কিশোরগঞ্জের করিমগঞ্জে নিজের গ্রামের বাড়িতে যান। পরে চিকিৎসা চালিয়ে যেতে ১২ আগস্ট আবারও লন্ডনে ফিরে যান এই চিত্রনায়েক।