হাদিসের আলোকে নগরজীবন
ইসলামী দিগন্ত লোগো।
ads


সিয়াম
নগরজীবন কেবল ঘরবাড়ি, রাস্তাঘাট, যানবাহন কিংবা নানা নাগরিক সুবিধার সমষ্টি নয়। একটি শহরের প্রকৃত পরিচয় গড়ে ওঠে সেখানে বসবাসকারী মানুষের আচরণ, দায়িত্ববোধ এবং পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে। নাগরিক জীবনের স্বাভাবিক প্রত্যাশা হলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাস্তা, নির্বিঘœ চলাচল এবং নিরাপদ পরিবেশ। অথচ, বাস্তবে অনেক সময় মানুষের অসচেতনতা ও দায়িত্বহীনতাই নগরজীবনকে দুর্বিষহ করে তোলে। তা ছাড়া ইসলামের শিক্ষা শুধু ব্যক্তিগত ইবাদত কিংবা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের দৈনন্দিন জীবন, সামাজিক আচরণ এবং নাগরিক দায়িত্বের ক্ষেত্রেও দিয়েছে সুস্পষ্ট দিকনির্দেশনা। ইসলামে পবিত্রতার গুরুত্ব বিশেষভাবে আলোচিত হয়েছে। রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘পবিত্রতা ঈমানের অর্ধেক’। (মুসলিম-২৩) এই শিক্ষা মানুষের ব্যক্তিগত পরিচ্ছন্নতার পাশাপাশি সামগ্রিক জীবনযাপনের পরিচ্ছন্নতা সম্পর্কেও ভাবতে উদ্বুদ্ধ করে। একটি শহরের রাস্তা, ফুটপাথ, পার্ক কিংবা জনসমাগমস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা কেবল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব নয়; এর সাথে প্রত্যেক নাগরিকের দায়িত্বও জড়িত। যেখানে-সেখানে ময়লা ফেলা, নর্দমা বা জলাশয়ে বর্জ্য নিক্ষেপ করা কিংবা জনসাধারণের ব্যবহারের স্থান নোঙরা করা অন্যের স্বাভাবিক জীবনযাপনে বিঘœ সৃষ্টি করতে পারে। ব্যক্তিগত অসচেতনতার এমন ছোট ছোট ঘটনা একসময় পুরো শহরের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। নগরজীবনে চলাচলের পথে মানুষের নিরাপত্তাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাস্তার ওপর পড়ে থাকা ইট, পাথর, ভাঙা কাচ কিংবা অন্য কোনো ক্ষতিকর বস্তু পথচারী ও যানবাহনের জন্য বিপদের কারণ হতে পারে। অনেক সময় সামান্য অসতর্কতা বড় ধরনের দুর্ঘটনার জন্ম দেয়। অথচ, ইসলাম এ ধরনের বিষয়কেও গুরুত্বের সাথে বিবেচনা করেছে। রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘ঈমানের সত্তরের বেশি শাখা রয়েছে; এর মধ্যে সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া।’ (মুসলিম-৩৫) অর্থাৎ মানুষের চলার পথ নিরাপদ রাখাও ঈমানের একটি গুরুত্বপূর্ণ প্রকাশ। কোনো ব্যক্তি রাস্তা থেকে একটি বিপজ্জনক বস্তু সরিয়ে দিলে তা হয়তো খুব বড় কাজ বলে মনে হবে না; কিন্তু এর মাধ্যমে অন্য একজন মানুষ দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারে। মানুষের নিরাপত্তা শুধু শারীরিক বিপদ থেকে রক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়। তার কথা ও আচরণেও অন্যের জন্য নিরাপত্তা থাকা প্রয়োজন। রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘প্রকৃত মুসলিম সেই ব্যক্তি, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে।’ (বুখারি-১০) এই বক্তব্য সামাজিক জীবনে পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীলতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে। জনসমাগমস্থলে অন্যকে অযথা বিরক্ত করা, চলাচলে বাধা দেয়া কিংবা নিজের সুবিধার জন্য অন্যের অসুবিধা সৃষ্টি করা- এসব আচরণও সামাজিক নিরাপত্তার পরিপন্থী। এমনকি জনসাধারণের চলাচলের রাস্তা কিংবা বিশ্রামের স্থান ব্যবহারের ক্ষেত্রেও ইসলাম নির্দিষ্ট শিষ্টাচারের শিক্ষা দিয়েছে। রাসূলুল্লাহ সা: এমন দু’টি কাজ থেকে সতর্ক করেছেন, যা মানুষের অভিশাপের কারণ হয়- জনসাধারণের চলাচলের পথে কিংবা তাদের বিশ্রামের ছায়াযুক্ত স্থানে মলমূত্র ত্যাগ করা। (মুসলিম-২৬৯) এ নির্দেশনার মধ্য দিয়ে জনসাধারণের ব্যবহার করা স্থানকে পরিচ্ছন্ন ও ব্যবহারোপযোগী রাখার গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। রাস্তা কিংবা বিশ্রামের স্থান কোনো একক ব্যক্তির নয়; বরং এগুলো সব নাগরিকের। তাই এসব স্থানের প্রতি দায়িত্বশীল আচরণ করাও সামাজিক জীবনের অপরিহার্য অংশ। একইভাবে রাস্তার অধিকার সম্পর্কেও রাসূলুল্লাহ সা: নির্দেশনা দিয়েছেন। পথের পাশে বসে থাকা মানুষের প্রতি তিনি দৃষ্টি আকর্ষণ করে রাস্তার অধিকার যথাযথভাবে আদায়ের কথা বলেছেন। (বুখারি-২৪৬৫) 
দৃষ্টি সংযত রাখা, কাউকে কষ্ট না দেয়া এবং ভালো কাজের নির্দেশ দেয়ার মতো বিষয়গুলো এই শিক্ষার অন্তর্ভুক্ত। এর মূল তাৎপর্য হলো- জনসাধারণের চলাচলের স্থান ব্যবহারের ক্ষেত্রে অন্যের অধিকার ও স্বাচ্ছন্দ্যের প্রতি সচেতন থাকা। ফলে রাস্তা দখল করে রাখা, চলাচলে অযথা প্রতিবন্ধকতা সৃষ্টি করা কিংবা নিজের সুবিধাকে সবার প্রয়োজনের ওপরে স্থান দেয়ার মতো আচরণ ইসলামের এই শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। নগরজীবনের নানা সমস্যা সমাধানে অবকাঠামোগত উন্নয়ন, আইন প্রয়োগ ও প্রশাসনিক উদ্যোগের প্রয়োজন রয়েছে। তবে শুধু এসব উদ্যোগের ওপর নির্ভর করে একটি সুন্দর ও বাসযোগ্য শহর গড়ে তোলা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন নাগরিকদের মধ্যে দায়িত্ববোধ এবং অন্যের অধিকার সম্পর্কে সচেতনতা। ধর্মীয় শিক্ষা মানুষের ব্যক্তিগত জীবনে যেমন নৈতিকতার ভিত্তি তৈরি করে, তেমনি সামাজিক জীবনেও দায়িত্বশীল আচরণের প্রেরণা জোগায়। ইসলামের দৃষ্টিতে মানুষের ভালো কাজের পরিসর কেবল বড় কোনো উদ্যোগে সীমাবদ্ধ নয়। রাস্তা থেকে একটি কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া, জনসাধারণের স্থান পরিচ্ছন্ন রাখা কিংবা অন্যের চলাচলের অধিকারকে সম্মান করাও গুরুত্বপূর্ণ কাজ। এসব ছোট ছোট দায়িত্ব পালনের মধ্য দিয়েই একটি শহর মানুষের বসবাসের উপযোগী হয়ে উঠতে পারে। কারণ একটি সুন্দর নগর কেবল তার স্থাপনা ও সড়কের সৌন্দর্যে গড়ে ওঠে না; গড়ে ওঠে তার অধিবাসীদের বিবেক, আচরণ ও পারস্পরিক দায়িত্ববোধের ওপর।
লেখক : শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়