
যে মানুষটি জমিদারি আধিপত্যের বিরুদ্ধে মুসলিম কৃষকের গণরায়ে গড়া পাকিস্তানের সংগঠক ছিলেন, তিনি পরে দলকে সেই ম্যান্ডেট থেকে সরিয়ে নিলেন। পাকিস্তানের স্বাধীনতাকে ‘মিথ্যা’ বলা বাম নেতাদের কৃষকের মঞ্চে তুললেন। আর একটি সত্য ষড়যন্ত্রকে ‘মিথ্যা মামলা’ বলে জনতাকে রাস্তায় নামালেন। তাই পঞ্চাশ বছর পর ভাসানীকে শ্রদ্ধা জানানোর সৎ পথ একটাই: তাঁর রাজনৈতিক কাজের নির্মোহ পর্যালোচনা করা।
১৭ নভেম্বর ২০২৬ ছিল মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর বাণীতে ভাসানীর আপসহীন জীবনের কথা বলেছেন; সন্তোষে তাঁর সমাধিতে বিএনপি, এনসিপিসহ নানা দল শ্রদ্ধা জানিয়েছে। কিন্তু যিনি পাকিস্তান আন্দোলনের সংগঠক থেকে সেই দেশ ভাঙার অগ্রদূত হলেন, সামরিক শাসনের বিরোধী হয়েও আইয়ুব খানকে ছাড় দিলেন, আর বাকশালের শাসককে ‘ঠিক পথে’ বলার কয়েক মাস পর শেখ মুজিব হত্যার মধ্য দিয়ে আসা সরকারকে স্বাগত জানালেন—তাঁকে কীভাবে আমরা মূল্যায়ন করব? বিপুল জনসমর্থন ও নৈতিক কর্তৃত্ব নিয়েও কেন তিনি কোনো টেকসই প্রতিষ্ঠান গড়তে পারলেন না, আর কেন তাঁর কিছু সিদ্ধান্ত গণতন্ত্রের বদলে কর্তৃত্ববাদকে সুবিধা দিল?
পাকিস্তান আন্দোলন : সঠিক পথে শুরু
পাকিস্তান কোনো অভিজাত ষড়যন্ত্রের ফসল ছিল না; ছিল বিপুল গণরায়ের ফসল। ১৯৪৬ সালের নির্বাচনে বাংলায় মুসলিম লীগ পায় ১১৩টি আসন, ফজলুল হকের কৃষক প্রজা পার্টি মাত্র চারটি। সারা ভারতে মুসলিম আসনের ৫০৯টির মধ্যে ৪৪২টি যায় মুসলিম লীগের ঘরে। এর পেছনে ছিল মুসলিম কৃষকের ওপর মূলত হিন্দু জমিদার-মহাজনের দীর্ঘ শোষণ। কৃষকের কাছে পাকিস্তান মানে ছিল জমিদারি থেকে মুক্তি, যার বাস্তব রূপ ১৯৫০ সালের জমিদারি উচ্ছেদ আইন।
মওলানা আবদুল হামিদ খান ভাসানী এই আন্দোলনের সক্রিয় সংগঠক। আসামে তিনি বাঙালি মুসলিম অভিবাসী কৃষকদের আটকে রাখা ‘লাইন প্রথা’র বিরুদ্ধে লড়েছেন, ১৯৪৭ সালে সিলেট গণভোটে পাকিস্তানের পক্ষে প্রচারে নেতৃত্ব দিয়েছেন। ট্র্যাজেডির শুরু এরপর থেকে। মুসলিম লীগ সরকারের আচরণে তাঁর ক্ষোভ অমূলক ছিল না: টাঙ্গাইলের উপনির্বাচনে জয়ের পরও তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়। তবু দলকে ভেতর থেকে সংস্কারের বদলে ১৯৪৯ সালের ২৩ জুন তিনি আওয়ামী মুসলিম লীগ গড়লেন। শুরু হলো গণরায়ের রাজনৈতিক কাঠামো ভাঙার দীর্ঘ যাত্রা।
‘মুসলিম’ শব্দ বাদ : ম্যান্ডেট থেকে বিচ্যুতি
১৯৫৫ সালের অক্টোবরে রূপমহল সিনেমা হলের বিশেষ কাউন্সিলে দলের নাম থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ পড়ে; প্রধান কারিগর সভাপতি ভাসানী। অনুরাগীরা একে ধর্মনিরপেক্ষতার মাইলফলক বলেন। কিন্তু যে পরিচয়ে কৃষক ভোট দিয়েছিল, কোনো গণম্যান্ডেট ছাড়া একটি কাউন্সিলের সিদ্ধান্তে তা মুছে ফেলার অধিকার কি নেতৃত্বের ছিল? সময়টিও লক্ষণীয়: ১৯৫৪ সালে নিষিদ্ধ কমিউনিস্টরা তখন অন্য দলের ভেতর দিয়ে কাজ খুঁজছিল, আর এ পরিবর্তন তাদের জন্য দরজা খুলে দেয়। তবু ঐক্য টেকেনি; ষোলো মাসের মাথায় কাগমারীতে দলটি ভেঙে যায়।
বাম রাজনীতি : কার স্বার্থের পাহারাদার
১৯৪২ সালে যে কমিউনিস্ট পার্টি পাকিস্তান দাবির ‘ন্যায্য সারবস্তু’ সমর্থন করেছিল, ১৯৪৮ সালের কলকাতা কংগ্রেসে রণদিভে-লাইন গ্রহণ করে তারা ঘোষণা দিল: কংগ্রেস ও মুসলিম লীগের আঁতাতে আসা স্বাধীনতা ‘মিথ্যা’। যে স্বাধীনতাকে কোটি মুসলিম কৃষক মুক্তি ভেবেছিল, বাম নেতৃত্ব তাকে অস্বীকার করল। সমালোচকদের যুক্তি, এই নেতৃত্বের বড় অংশ এসেছিল হিন্দু শিক্ষিত-ভূস্বামী সমাজ থেকে, যাদের শ্রেণিস্বার্থ জমিদারি ব্যবস্থার সাথে জড়িত। আর জমিদারি উচ্ছেদ হয়েছিল কোনো বাম বিপ্লবে নয়, মুসলিম লীগ-নিয়ন্ত্রিত আইনসভাতে।
১৯৫৭ সালে ন্যাপ গড়ে ভাসানী এই নেতৃত্বকে আশ্রয় দেন; একজন পীর-মওলানার জনপ্রিয়তা হয়ে ওঠে সেই রাজনীতির আবরণ। পাল্টা যুক্তিও আছে: তেভাগা, টংক ও নাচোলে কমিউনিস্টরা জোতদারের বিরুদ্ধে লড়েছেন, আর অধ্যাপক এস এম রেজাউল করিম দেখিয়েছেন, মুসলিম লীগও ছিল ভূস্বামী-প্রধান দল। তবু প্রশ্ন থাকে: কৃষকের রায়ের বিপক্ষে দাঁড়ানো নেতৃত্বকে কৃষকের মঞ্চে তোলা কি ভুল ছিল না?
কাগমারী ও ন্যাপ : ক্ষমতার শীর্ষে দল ভাঙা
১৯৫৭ সালের শুরুতে আওয়ামী লীগ কেন্দ্র ও প্রদেশ—দুই জায়গাতেই ক্ষমতায়; একাত্তরের আগে এমনটি আর কখনো ঘটেনি। ঠিক তখন সোহরাওয়ার্দীর সিয়াটো-সেন্টো নীতির বিরোধিতা করে ভাসানী দল ছাড়েন, জুলাইয়ে গড়েন ন্যাপ। পশ্চিম পাকিস্তানকে তাঁর ‘আসসালামু আলাইকুম’ অনেকের কাছে ভবিষ্যদ্বাণী। কিন্তু বাঙালি যখন প্রথমবার কেন্দ্রে দর-কষাকষির জায়গায়, তখন শক্তি ভাগ হলো, আর এক বছরের মধ্যে এলো সামরিক শাসন। সে দায় ভাসানীর নয়, কিন্তু বিভক্তি পথটা সহজ করেছিল। ন্যাপও টেকেনি; ১৯৬৭ সালে দলটি দুই ভাগ হয়ে যায়।
আইয়ুব আমল : চীনপ্রীতির দাম গণতন্ত্র
সাংবাদিক সৈয়দ বদরুল আহসান লিখেছেন, ১৯৬৩ সালে ভাসানী অনুসারীদের আইয়ুবকে ‘বিরক্ত না করতে’ বলেছিলেন। কারণ, আইয়ুব-ভুট্টো তখন চীনের সাথে সম্পর্ক গড়ছিলেন। এরপর আইয়ুবের সাথে বৈঠক, সরকারি প্রতিনিধিদল নিয়ে চীন সফর এবং ন্যাপের ‘শর্তসাপেক্ষ’ সমর্থন। ১৯৬৫ সালে ফাতিমা জিন্নাহকে সমর্থনের অঙ্গীকার করেও প্রচারণায় নিষ্ক্রিয় থাকার অভিযোগ ওঠে। ইতিহাসবিদ লায়লি উদ্দিন অবশ্য মনে করিয়ে দেন, এ গল্পের আড়ালে তাঁর কৃষক সংগঠনের কাজ চাপা পড়েছে। তবু এ পর্বে গণতন্ত্রের চেয়ে মতাদর্শিক শিবিরের হিসাব বড় হয়েছিল।
আগরতলা মামলা : ‘মিথ্যা মামলা’র মিথ্যা দাবি
১৯৬৮ সালে শেখ মুজিবসহ ৩৫ জনের বিরুদ্ধে আগরতলা মামলা হলে ভাসানী একে ‘মিথ্যা’ বলে প্রত্যাহারের আন্দোলনে নেতৃত্ব দেন; ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি মামলা প্রত্যাহার হয়। চার দশক পর, ২০১১ সালে, মামলার ২৬ নম্বর আসামি ও সাবেক ডেপুটি স্পিকার শওকত আলী সংসদে জানান, অভিযোগগুলো সব সত্য ছিল; মুজিবের নেতৃত্বে তারা পূর্ব পাকিস্তান স্বাধীন করার সংগ্রাম পরিষদ গড়েছিলেন।
“যিনি সারা জীবন ‘হক কথা’ বলার দাবি করেছেন, তার জীবনের সবচেয়ে বড় গণআন্দোলনটি দাঁড়িয়ে ছিল এক অসত্য দাবির ওপর।”
ভাসানী হয় নিজে ভুল তথ্যের শিকার ছিলেন, নয়তো জেনেশুনে জনগণকে অসত্য বয়ান দিয়েছিলেন। অনেকে বলবেন, এই অভিযুক্তরা স্বাধীনতার ভিত্তি রচনা করেছিলেন। কিন্তু তাতেও প্রশ্ন থাকে: সংগঠিত পরিকল্পনাকে ‘মিথ্যা মামলা’ বলা কি জনগণের সঙ্গে সততা?
সত্তর ও একাত্তর : রাজপথের নায়ক, ভোটের মাঠে অনুপস্থিত
১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের কৃতিত্ব টাইম ম্যাগাজিন অন্য যেকোনো একক ব্যক্তির মতো তাঁকে দিয়েছিল। অথচ এক বছর পর তিনি প্রথম সাধারণ নির্বাচন বর্জন করলেন। সমর্থকরা বলেন, ঘূর্ণিঝড়ে কেন্দ্রের উদাসীনতায় ক্ষুব্ধ হয়ে সরাসরি মুক্তির ডাক দেন তিনি। কিন্তু মাশুল দীর্ঘমেয়াদি: সংসদে, এমনকি সংবিধান প্রণয়নেও কৃষক-শ্রমিকের রাজনীতি অনুপস্থিত রইল।
একাত্তরে তাঁর দেশপ্রেম প্রশ্নাতীত, কিন্তু কৌশল ভেঙে পড়ে। ভারতে আশ্রয় নিয়ে তিনি মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হন মাত্র। যে চীনের খাতিরে আইয়ুবকে ছাড় দিয়েছিলেন, সেই চীন ইয়াহিয়ার পক্ষ নিলে তিনি হতাশ ও বিব্রত হন। উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় কৃষক নেতা মুক্তিযুদ্ধে প্রান্তিক হয়ে গেলেন; পরিস্থিতির দুর্ভাগ্য যতটা, নিজের বাছাইয়ের ফলও ততটা।
স্বাধীন বাংলাদেশ ও পঁচাত্তর : ফের সেনা শাসনের ছায়ায়
স্বাধীনতার পর ‘হক কথা’ পত্রিকা আর ভারতীয় সেনা প্রত্যাহারের দাবিতে তিনি সরকারকে জবাবদিহিতে ফেলেন; পত্রিকাটি নিষিদ্ধ করা মুজিব সরকারের অসহিষ্ণুতার প্রমাণ। কিন্তু সৈয়দ বদরুল আহসানের মতে, ‘হক কথা’র উসকানিমূলক ভাষা ও নিষিদ্ধ সাম্প্রদায়িক রাজনীতির পুনরুত্থান পরিস্থিতি জটিল করেছিল। যিনি ১৯৫৫ সালে ‘মুসলিম’ শব্দ মুছেছিলেন, তিনি আবার ধর্মীয় আবেগকে হাতিয়ার করলেন।
১৯৭৫ সালের মার্চে, বাকশাল চালুর পরপর তিনি মুজিবকে বললেন—‘ঠিক পথে’ আছেন; পাঁচ মাস পর শেখ মুজিবের সপরিবারে হত্যার মধ্য দিয়ে আসা মোশতাক সরকারকে স্বাগত জানালেন, পরে সমর্থন দিলেন জিয়াউর রহমানকে। ষাটে আইয়ুব, সত্তরে মোশতাক-জিয়া: দুবারই পররাষ্ট্রনীতির অভিমুখ দেখে তিনি অসাংধানিক শাসককে ছাড় দিয়েছেন। মৃত্যুর ছয় মাস আগে ফারাক্কা লংমার্চের দাবি ন্যায্য ছিল, কিন্তু তা হয়েছিল সামরিক সরকারের অনানুষ্ঠানিক পৃষ্ঠপোষকতায়।
উপসংহার : মাঠের মহানায়ক, ইতিহাসের ভুল পথিক
ভাসানী প্রতিবাদের মহানায়ক, কিন্তু রাষ্ট্র ও প্রতিষ্ঠান গড়ার কারিগর নন। তার ভুলের পাঁচটি ধারা বারবার ফিরে এসেছে:
১. গণরায় থেকে বিচ্যুতি: যে কৃষকের রায়ে পাকিস্তান, তার সংগঠক হয়েও দলকে সেই ভিত্তি থেকে সরিয়ে নেওয়া।
২. ভুল সঙ্গী: পাকিস্তানের স্বাধীনতাকে ‘মিথ্যা’ বলা বাম নেতৃত্বকে কৃষকের মঞ্চে তোলা।
৩. ভুল প্রতিপাদ্য: যে আগরতলা মামলাকে ‘মিথ্যা’ বলেছিলেন, তার অভিযোগ সত্য বলে অভিযুক্ত নিজেই সংসদে স্বীকার করেছেন।
৪. সামরিক শাসনে নমনীয়তা: আইয়ুব থেকে মোশতাক-জিয়া, পররাষ্ট্রনীতির হিসাবে তাদের ছাড়।
৫. ভাঙন ও বর্জন: মুসলিম লীগ, আওয়ামী লীগ, ন্যাপ—সবখানে ভাঙন; আর সত্তরের বর্জনে অনুসারীদের রাষ্ট্র গঠনের টেবিল থেকে সরিয়ে দেওয়া।
ভিন্নমতও আছে। অনেক ইতিহাসবিদের মতে, কাগমারীর স্বায়ত্তশাসনের দাবি স্বাধীনতার বীজ বুনেছিল, আর কৃষক-শ্রমিককে নিজেদের মূল্য চেনানোর কৃতিত্ব তাঁর। লায়লি উদ্দিনের মতো গবেষকেরা দেখিয়েছেন, ভিন্ন আর্কাইভ তাঁর নমনীয় ভাবমর্যাদাকে পুরোপুরি সমর্থন করে না।
তবু পঞ্চাশ বছর পর সম্মান জানানোর সবচেয়ে সৎ পথ হলো তাকে ভুল-ত্রুটির ঊর্ধ্বে তুলে না ধরা। আজ যারা সন্তোষে ফুল দিচ্ছেন, তাদের জন্য ভাসানীর সবচেয়ে প্রাসঙ্গিক শিক্ষা হয়তো তাঁর ভুলগুলো। জনপ্রিয়তা কখনো প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের বিকল্প নয়। যে গণরায়ে রাষ্ট্রের জন্ম, তা থেকে বিচ্যুতির মাশুল দীর্ঘ; আর শত্রুর শত্রু সব সময় মজলুমের বন্ধু হয় না।
লেখক: সাবেক সচিব ও প্রেসিডেন্ট, সেন্টার ফর পলিসি অ্যানালাইসিস অ্যান্ড অ্যাডভোকেসি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









