ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে আশাবাদী নন্দিতা দাস
ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে আশাবাদী নন্দিতা দাস।
ads

বিনোদন ডেস্ক 
ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন থাকলেও দুই দেশের সাধারণ মানুষের পারস্পরিক যোগাযোগ ও সাংস্কৃতিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও অভিনেত্রী নন্দিতা দাস। প্রতিকূল পরিস্থিতিতেও মানুষের মধ্যে যোগাযোগের পথ বন্ধ হয়ে যায় না বলে মনে করেন তিনি। তার বিশ্বাস, শিল্প ও সংস্কৃতির বিনিময় দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কের সেতু হিসেবে কাজ করতে পারে।
গত শুক্রবার কাতারের দোহা চলচ্চিত্র উৎসবে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন নন্দিতা দাস। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে দেয়া হয় ‘ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’। প্রতিবেশী দুই দেশের রাজনৈতিক সম্পর্কের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি মানুষের সাথে মানুষের যোগাযোগ বা ‘পিপল-টু-পিপল কন্টাক্ট’-এর গুরুত্ব তুলে ধরেন।
নন্দিতা বলেন, ‘আমি আশাবাদী মানুষ। সবচেয়ে খারাপ সময়েও আমি আশার ওপর বিশ্বাস রাখি।’ এ প্রসাথে জার্মান নাট্যকার বের্টোল্ট ব্রেখটের একটি কবিতার পঙ্ক্তি উদ্ধৃত করেন তিনি। কবিতাটির ভাবার্থ তুলে ধরে বলেন, ‘অন্ধকার সময়ে কি গান গাওয়া হবে? হ্যাঁ, গান হবে তবে সেই গান হবে অন্ধকার সময়কে নিয়েই।’
ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক ভালো অবস্থায় না থাকলেও দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ অব্যাহত থাকবে বলে মনে করেন নন্দিতা। সম্প্রতি পাকিস্তানে ফয়েজ উৎসবে অংশ নেয়ার অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন তিনি। তার মতে, দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক চলচ্চিত্র সহযোগিতা বা যৌথ প্রযোজনার সুযোগ সীমিত থাকলেও শিল্পীরা নিজেদের সৃজনশীল কাজের জন্য বিকল্প পরিসর খুঁজে নেবেন।
তিনি বলেন, ‘আমি আশা করি, একদিন ভোর হবে। পরিস্থিতি নিয়ে আমরা হতাশাবাদী হতে পারি না। কারণ, নৈরাশ্যবাদিতা অলস মানুষের কাজ। আমাদের বরং নিজেদের মধ্যে থাকা সবচেয়ে ভালো বিষয়গুলো খুঁজে দেখতে হবে।’
চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে বাণিজ্যিক সাফল্যের চেয়ে মানবিক ও সামাজিক দায়বদ্ধতাকে বেশি গুরুত্ব দেন নন্দিতা দাস। নিজের চলচ্চিত্র ভাবনাকে তিনি অভিহিত করেন ‘সিনেমা উইথ আ কনসায়েন্স’ অর্থাৎ বিবেক ও দায়বদ্ধতাসম্পন্ন সিনেমা হিসেবে। দর্শকদের আরো বিভক্ত করে, এমন চলচ্চিত্র নির্মাণ থেকে সচেতনভাবে দূরে থাকার চেষ্টা করেন তিনি।
নন্দিতার ভাষায়, ‘আমি বিকৃত, উপদেশমূলক কিংবা কর্তৃত্ববাদী রাজনৈতিক বক্তব্যের ওপর দাঁড়ানো চলচ্চিত্রে বিশ্বাস করি না। রাজনৈতিকভাবে কিছু মানুষের কাছে এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য হলেও আমার কাছে তা গুরুত্বপূর্ণ নয়। বরং গল্পকে মানবিক করে তোলা, তার ভেতরের নানা সূক্ষ্ম দিক তুলে ধরা এবং মানুষের মধ্যে যোগাযোগ তৈরি করাই বেশি জরুরি। চলচ্চিত্রকে আমি মানুষের মধ্যে সেতুবন্ধ তৈরির মাধ্যম হিসেবে ব্যবহার করতে চাই।’
বর্তমান চলচ্চিত্রের ধারায় বিবেক ও সামাজিক দায়বদ্ধতাসম্পন্ন সিনেমার জায়গা ক্রমেই সঙ্কুুচিত হচ্ছে বলেও মনে করেন তিনি। তার পর্যবেক্ষণ, চলচ্চিত্রজগৎ ক্রমেই মূলধারার বাণিজ্যিক ধারার দিকে ঝুঁকছে। ফলে স্বাধীন ধারার ও ভিন্নধর্মী চলচ্চিত্রের জন্য জায়গা কমে আসছে।
চলচ্চিত্র কি ক্রমেই রাজনৈতিক হয়ে উঠছে এমন প্রশ্নের জবাবে নন্দিতা বলেন, চলচ্চিত্র নির্মাণের প্রক্রিয়াই মূলত রাজনৈতিক। কারণ, একটি গল্প কিভাবে বলা হবে, কোন বিষয়কে গুরুত্ব দেয়া হবে এবং কোন দৃষ্টিভঙ্গি দর্শকের সামনে তুলে ধরা হবে এসব সিদ্ধান্তের মধ্যেই রাজনৈতিক অবস্থান প্রতিফলিত হয়। আবার চলচ্চিত্রকে সহজেই প্রচারণার হাতিয়ার হিসেবেও ব্যবহার করা সম্ভব।
ভারতে প্রতি বছর প্রায় এক হাজার চলচ্চিত্র নির্মিত হয়। কিন্তু বাণিজ্যিক প্রবণতা বাড়ায় স্বাধীন চলচ্চিত্রের জায়গা ক্রমেই সঙ্কুচিত হচ্ছে। এ পরিস্থিতিকে তিনি ‘চিকেন-অ্যান্ড-এগ’ বা মুরগি-ডিমের সমস্যার সাথে তুলনা করেন। তার ব্যাখ্যা, প্রযোজকেরা বলেন, দর্শক যা দেখতে চান, তারা তা-ই নির্মাণ করেন। অন্যদিকে দর্শকেরা বলেন, তাদের সামনে যা তুলে ধরা হয়, তারা সেটিই দেখেন। ফলে কে কাকে প্রভাবিত করছে, সেই প্রশ্নের কোনো সহজ উত্তর নেই।
একসময় স্বাধীন ও ভিন্নধর্মী চলচ্চিত্রের জন্য সম্ভাবনাময় বিকল্প হিসেবে দেখা হতো অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে। কিন্তু সেসব প্ল্যাটফর্মও এখন ক্রমেই মূলধারার বাণিজ্যিক বিনোদনের দিকে ঝুঁকছে বলে মনে করেন নন্দিতা।
সৃজনশীল স্বাধীনতার প্রশ্নে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘আপনি যদি নিজের স্বাধীনতা চান, তাহলে অন্যের স্বাধীনতার জন্যও একই শক্তি ও আন্তরিকতা নিয়ে লড়তে হবে।’
চলচ্চিত্র শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের প্রভাব নিয়েও কথা বলেন নন্দিতা দাস। তার মতে, এআই এমন একটি চ্যালেঞ্জ তৈরি করছে, যার জন্য চলচ্চিত্রশিল্প এখনো পুরোপুরি প্রস্তুত নয়। বিশেষ করে চিত্রনাট্য লেখার ক্ষেত্রে এ প্রযুক্তির ব্যবহার ভবিষ্যতে সৃজনশীল জগতে বড় পরিবর্তন আনতে পারে।
তবে আপাতত এআই দিয়ে লেখা চিত্রনাট্য সহজেই শনাক্ত করা সম্ভব বলে মনে করেন তিনি। কিন্তু প্রযুক্তির উন্নতির সাথে সাথে সেটি আরো দক্ষ হয়ে উঠবে। তখন মানুষের সৃজনশীলতা ও নিজস্ব অভিজ্ঞতার গুরুত্ব নতুনভাবে সামনে আসবে।
নন্দিতা বলেন, ‘আমার মনে হয়, মানুষের নিজস্ব অভিজ্ঞতা এবং হাতে-কলমে করা কাজগুলোর গুরুত্ব ভবিষ্যতে আরো বাড়বে।’ এআইয়ের অগ্রযাত্রা থামানো সম্ভব নয় এ বাস্তবতা মেনে নেওয়ার কথাও জানান তিনি।
নিজেও এআই ব্যবহার করেন বলে স্বীকার করেন এই নির্মাতা। তবে লেখালেখির কাজে নয়, মূলত ই-মেইলের দৈর্ঘ্য কমিয়ে সংক্ষিপ্ত করার মতো কাজে প্রযুক্তিটি ব্যবহার করেন। তার ভাষায়, ‘এআইয়ের প্রভাব ঠিক কী হবে, তা আসলে কেউই নিশ্চিতভাবে জানে না।’
দোহা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়েছে ইয়েমেনি নির্মাতা সারা ইসহাকের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র *দ্য স্টেশন* দিয়ে। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে নারীদের টিকে থাকার সংগ্রাম এবং নিজেদের সন্তানদের চলমান যুদ্ধের নির্মম পরিণতি থেকে রক্ষা করার প্রচেষ্টা উঠে এসেছে চলচ্চিত্রটিতে।
২২ নভেম্বর শুরু হওয়া এ উৎসব চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এবারের আয়োজনে ৬০টি দেশের মোট ১০৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে ১৭টি বিশ্ব প্রিমিয়ার এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের ৪৮টি প্রিমিয়ার। চারটি প্রতিযোগিতা বিভাগে পুরস্কার হিসেবে দেয়া হবে তিন লাখ মার্কিন ডলারের বেশি অর্থমূল্য।
আঞ্চলিক রাজনৈতিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র-ইরান বিরোধের মধ্যেও পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী উৎসবের উদ্বোধন হয়েছে। এমন পরিস্থিতিতে নন্দিতা দাসের বক্তব্যে আবারও উঠে এসেছে চলচ্চিত্র ও সংস্কৃতির মাধ্যমে মানুষের মধ্যে দূরত্ব কমানোর প্রত্যাশা। তার বিশ্বাস, রাজনৈতিক সীমাবদ্ধতা থাকলেও শিল্পের ভাষায় মানুষের সাথে মানুষের যোগাযোগের পথ খোলা রাখা সম্ভব।