সিজেএফবি’র গাজী মাজহারুল আনোয়ার স্মৃতি পুরস্কার
সিজেএফবি’র গাজী মাজহারুল আনোয়ার স্মৃতি পুরস্কার ।
ads

বিনোদন রিপোর্ট 
আধুনিক বাংলা গানের অন্যতম গুরুত্বপূর্ণ গীতিকার গাজী মাজহারুল আনোয়ার স্মরণে পুরস্কার চালু করেছে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)। সংগঠনটির ২৫তম আসরে প্রথমবারের মতো এ পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন সিজেএফবি সভাপতি এনাম সরকার।
আগামী ১৬ ডিসেম্বর বুধবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি দেয়া হবে।
এনাম সরকার বলেন, গাজী মাজহারুল আনোয়ারের নামে এ সম্মাননা চালু করা জাতীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডের অংশ। তার মতে, এ উদ্যোগের মধ্য দিয়ে সংগঠনটি সাংস্কৃতিক দায়বদ্ধতা পালনে ভূমিকা রাখতে পারবে। গাজী মাজহারুল আনোয়ারের একমাত্র কন্যা সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ার সিজেএফবি’র এ উদ্যোগকে সম্মানজনক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘সিজেএফবির এই সিদ্ধান্ত অবশ্যই সম্মানজনক। এই সম্মাননা যিনি অর্জন করবেন, তার জন্যও এটি সম্মানের হবে বলে মনে করি।’
সিজেএফবি জানিয়েছে, চলতি বছর একজন সেরা গীতিকারকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হবে। পরবর্তী বছরগুলোতে সুরকার ও চলচ্চিত্রের অভিনয়শিল্পীদেরও এ সম্মাননার আওতায় আনা হবে। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে গাজী মাজহারুল আনোয়ারের অবদান বহুমাত্রিক। তিনি গীতিকার ও সুরকারের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক হিসেবেও কাজ করেছেন। তার স্মৃতি ধারণ করে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা শিল্পীদের সম্মানিত করার লক্ষ্যেই পুরস্কারটির পরিধি পর্যায়ক্রমে বাড়ানোর পরিকল্পনা আছে সিজেএফবির।
দেশের জাতীয় দৈনিক, টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমে কর্মরত সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন সিজেএফবি।