ঈমানের বন্ধনই প্রকৃত বন্ধন
ইসলামী দিগন্ত লোগো।
ads


জাফর আহমাদ

মানুষের মধ্যে ঈমানের বন্ধনই প্রকৃত বন্ধন। এ ছাড়া পৃথিবীতে আর যত বন্ধন পরিলক্ষিত হয় তা অত্যন্ত ভঙ্গুর ও ক্ষণস্থায়ী। ঈমানের ভিত্তিতে গঠিত সম্পর্ক খাঁটি যা নিখাদ ভালোবাসায় পরিপূর্ণ থাকে। এ ছাড়া পৃথিবীতে অন্যান্য সম্পর্কের ভিত্তিতে রচিত বন্ধন স্বার্থসংশ্লিষ্ট ফলে তা অত্যন্ত ঢিলা হয়ে থাকে। আল্লাহ তায়ালা বলেন, ‘(তা সেই সব লোকের জন্যও) যারা এসব অগ্রবর্তী লোকদের পরে এসেছে। যারা বলে : হে আমাদের রব! আমাদেরকে এবং সেই সব ভাইকে মাফ করে দাও যারা আমাদের আগে ঈমান এনেছে। আর আমাদের মনে ঈমানদারদের জন্য কোনো হিংসা-বিদ্বেষ রেখো না। হে আমাদের রব! তুমি অত্যন্ত মেহেরবান ও দয়ালু।’ (সূরা হাশর : ১০)  
এই আয়াতটি ‘ফাই’-এর সম্পদ শুধু উপস্থিত ও বর্তমান কালের লোকই পাবে না বরং অনাগত কালের মুসলমানদের এবং তাদের ভবিষ্যৎ বংশধরদেরও অংশ আছে। এ আয়াতের মূল প্রতিপাদ্য এ বিষয়টি ধরা হলেও একই সাথে এর মধ্যে মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ নৈতিক শিক্ষাও দেয়া হয়েছে। তা হলো, মু’মিনদের মধ্যে কোনো মুসলমানদের বিরুদ্ধে ঘৃণাবিদ্বেষ ও শুত্রুতা থাকা উচিত নয়। আর মুসলমানদের জন্য সঠিক জীবনাচার হলো, তারা তাদের পূর্ববর্তী মুসলমান ভাইদের লানত বা অভিশাপ দেবে না কিংবা তাদের সাথে সম্পর্কহীনতার কথা বলবে না। বরং তাদের মাগফিরাতের জন্য  দোয়া করতে থাকবে। 
যে বন্ধন মুসলমানদের পরস্পর সম্পর্কিত করেছে তা হলো ঈমানের বন্ধন। কোনো ব্যক্তির অন্তরে অন্য সব জিনিসের চেয়ে ঈমানের গুরুত্ব যদি অধিক হয় তাহলে যারা ঈমানের বন্ধনের ভিত্তিতে তার ভাই, সে অনিবার্যভাবেই তাদের কল্যাণকামী হবে। তাদের জন্য অকল্যাণ, হিংসা-বিদ্বেষ এবং ঘৃণা কেবল তখনই তার অন্তরে স্থান পেতে পারে যখন ঈমানের মূল্য ও মর্যাদা তার দৃষ্টিতে কমে যাবে এবং অন্য কোনো জিনিসকে তার চেয়ে বেশি গুরুত্ব দিতে শুরু করবে। তাই ঈমানের সরাসরি দাবি, একজন মুমিনের অন্তরে অন্য কোনো মুমিনের বিরুদ্ধে ঘৃণা ও হিংসা-বিদ্বেষ থাকবে না।
হজরত আনাস ইবনে মালিক রা: থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সা:-এর দরবারে বসা ছিলাম। তখন তিনি বললেন, এখন তোমাদের কাছে একজন জান্নাতি মানুষ আগমন করবেন। তারপর একজন সাহাবি আগমন করলেন। তার দাড়ি থেকে অজুর পানি ঝরে পড়ছিল। তিনি বাম হাতে জুতা নিয়ে মসজিদে প্রবেশ করলেন। তার পরদিনও রাসূলুল্লাহ সা: আমাদের আগের দিনের মতোই বললেন এবং প্রথম দিনের মতো সেই সাহাবি আগমন করলেন। রাসূল সা: যখন আলোচনা শেষ করে উঠে দাঁড়ালেন তখন হজরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রা: সেই আগন্তুক সাহাবির অনুগামী হলেন এবং কাছে গিয়ে বললেন আমি আমার বাবার সাথে ঝগড়া করে শপথ করেছি, তিন দিন পর্যন্ত তার ঘরে যাব না। এই তিন দিন আমাকে যদি আপনার ঘরে থাকার সুযোগ দিতেন, তবে আমি সেখানে থাকতাম। তিনি সম্মতি জানিয়ে বললেন হ্যাঁ, থাকতে পারেন। হজরত আনাস রা: বলেন, হজরত আবদুল্লাহ রা: বলতেন, তিনি তার সাথে সেখানে তিন রাত অতিবাহিত করলেন। তিনি তাকে রাতে উঠে তাহাজ্জুদ সালাত পড়তেও দেখলেন না। তবে, তিনি যখন ঘুমাতেন, বিছানায় পাশর্^ পরিবর্তন করতেন তখন আল্লাহর জিকির করতেন। হজরত আবদুল্লাহ রা: বলেন, তার মুখ থেকে কিন্তু ভালো কথা ছাড়া কোনো মন্দ কথা শুনেনি। যখন তিন দিন অতিবাহিত হয়ে গেল এবং তার আমলকে খুব সাধারণ ও সাদামাটা মনে হলো, তখন তাকে বললাম, হে আল্লাহর বান্দা! আমি রাসূলুল্লাহ সা: কে আপনার সম্পর্কে তিনবার এ কথা বলতে শুনেছি যে, এখনই তোমাদের কাছে একজন জান্নাতি মানুষ আগমন করবে। উক্ত তিনবারই আপনি আগমন করেছেন। তাই আমি ইচ্ছা করেছিলাম আপনি কি আমল করেন তা দেখতে আপনার কাছে থাকব। যাতে আমিও তা করতে পারি। কিন্তু আপনাকে তো বেশি আমল করতে দেখলাম না। তাহলে কোন গুণ আপনাকে এই মহান মর্যাদার আসনে উপনীত করেছে, যা রাসূলুল্লাহ সা: বলেছেন? তিনি বললেন, আপনি দেখছেন ওই অতটুকুই। হজরত আবদুল্লাহ রা: বলেন, যখন আমি ফিরে আসছিলাম তখন তিনি আমাকে ডাকলেন। তারপর বললেন, আমার আমল বলতে ওই অতটুকুই, যা আপনি দেখেছেন। তবে আমি আমার অন্তরে কোনো মুসলমানের প্রতি বিদ্বেষ পোষণ করি না এবং আল্লাহ কাউকে কোনো নিয়ামত দান করলে সেজন্য তার প্রতি হিংসা রাখি না। হজরত আবদুল্লাহ রা: বলেন এ গুণই আপনাকে এত বড় মর্যাদায় উপনীত করেছে। আর সেটাই আমরা করতে পারি না। (মুসনাদে আহমাদ : ১২৬৯৭, মুসনাদে বাযযার : ১৯১৮, আল বিদায়া ওয়ান নিহায়া : ৮/৭৪, আততারগীব ওয়াত তারহীব : ৫/১৭৮) উল্লেখ্য, হাদিসে আগন্তুক সাহাবির নাম উল্লেখ না থাকলেও হাদিস বিশারদ বিভিন্ন পর্যালোচনা করে বলেছেন, তিনি বিখ্যাত সাহাবি হজরত সা’দ ইবনে আবী ওয়াক্কাস রা:।
হজরত আনাস রা: থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সা: বলেছেন : তোমাদের কেউ প্রকৃত মুমিন হবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তা-ই পছন্দ করবে, যা নিজের জন্য পছন্দ করে। (বুখারি : ১২, কিতাবুল ঈমান, বাবু মিনাল ঈমানে........, আন্ত. নাম্বার:১৩)
তবে কোনো মুসলমান যদি কথা ও কাজে ত্রুটি করে তাহলে অবশ্যই তাকে তা বলতে হবে। মনে রাখতে হবে, এটি এক মুমিনের জন্য সবচেয়ে বড় কল্যাণকর কাজ। কোনো ঈমানদার ভুল করলেও সেটাকে ভুল না বলে শুদ্ধ বলতে হবে কিংবা ভ্রান্ত কথাকে ভ্রান্ত বলা যাবে না, ঈমানের দাবি কখনো তা নয়। কিন্তু কোনো জিনিসকে প্রমাণের ভিত্তিতে ভুল বলা এবং ভদ্রতা রক্ষা করে তা প্রকাশ করা এককথা আর শত্রুতা ও হিংসা-বিদ্বেষ পোষণ করা, নিন্দা করা ও কুৎসা রটনা করা এবং গালমন্দ করা আরেক কথা। সমসাময়িক জীবিত লোকদের বেলায়ও এরূপ আচরণ করা হলে তা একটি বড় অন্যায়। কিন্তু পূর্বের মৃত লোকদের সাথে এরূপ আচরণ করলে তা আরো বড় অন্যায়। কারণ, এরূপ মন ও মানসিকতা এমনই নোংরা যে, তা মৃতদেরও ক্ষমা করতে প্রস্তুত নয়। এর চেয়েও বড় অন্যায় হলো সেই সব মহান ব্যক্তি সম্পর্কে কটূক্তি করা যারা অত্যন্ত কঠিন পরীক্ষার সময়ে রাসূলুল্লাহ সা:-এর বন্ধুত্ব ও সাহচর্যের হক আদায় করেছিলেন এবং নিজেদের জীবন বিপন্ন করে পৃথিবীতে ইসলামের আলোর বিস্তার ঘটিয়েছিলেন যার বদৌলতে আজ আমরা ঈমানের নিয়ামত লাভ করেছি।
তাদের মাঝে যেসব মতানৈক্য হয়েছে সে ক্ষেত্রে কেউ যদি এক পক্ষকে ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত বলে মনে করে এবং অপর পক্ষের ভূমিকা তার মতে সঠিক না হয় তাহলে সেরূপ মত পোষণ করতে পারে এবং যুক্তির সীমার মধ্যে থেকে তা প্রকাশ করতে বা বলতেও পারে। কিন্তু এক পক্ষের সমর্থনের এতটা বাড়াবাড়ি করা যে অপর পক্ষের বিরুদ্ধে শত্রুতা ও হিংসা-বিদ্বেষে মন পরিপূর্ণ হয়ে উঠবে এবং কথা লেখনীর মাধ্যমে গালি দিতে ও নিন্দাবাদ ছড়াতে থাকা এটা এমন একটা আচরণ যা কোনো আল্লাহভীরু মানুষের দ্বারা হতে পারে না। কুরআনের স্পষ্ট শিক্ষার পরিপন্থী এ আচরণ যারা করে তারা তাদের এ আচরণের সমর্থনে যুক্তি পেশ করে যে, কুরআন মুমিনের প্রতি শত্রুতা ও ঘৃণা পোষণ করতে নিষেধ করে কিন্তু আমরা যাদের প্রতি শত্রুতা ও ঘৃণা পোষণ করি তারা মুমিন নয় বরং মুনাফিক। কিন্তু যে গুনাহের সপক্ষে সাফাই ও ওজর হিসাবে এ অপবাদ পেশ করা হয়ে থাকে তা ওই গুনাহের চেয়েও জঘন্য। কুরআন মাজিদের এ আয়াতগুলোই তাদের এ অপবাদ খণ্ডন ও প্রত্যাখ্যানের জন্য যথেষ্ট। কারণ এ আয়াতগুলোর বর্ণনাধারার মধ্যেই আল্লাহ তায়ালা পরবর্তীকালের মুসলমানদেরকে তাদের পূর্ববর্তী ঈমানদারদের সাথে শত্রুতা ও হিংসা-বিদ্বেষ না রাখতে এবং তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে শিক্ষা দিয়েছেন।    
লেখক ; প্রাবন্ধিক ও ইসলামী ব্যাংকার