
সেকেন্দার আলী মোংলা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সফরের পর মোংলা বন্দর ও রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) উন্নয়ন ও বিনিয়োগে নতুন গতি এসেছে। বন্দরের আধুনিকায়নে চার হাজার কোটি টাকার বেশি ব্যয়ের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এবার মোংলা ইপিজেডে দেশী-বিদেশী বিনিয়োগে দুটি নতুন শিল্পকারখানা স্থাপনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রকল্প দু’টি বাস্তবায়ন হলে দুই কোটি ৫০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার বিনিয়োগের পাশাপাশি ৩ হাজার ৪৫৫ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে।
বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাজধানীর বেপজা কমপ্লেক্সে দেশীয় প্রতিষ্ঠান ‘ব্লু ম্যানগ্রোভ প্যাকেজিং লিমিটেড’-এর সাথে ভূমি ইজারা চুক্তি হয়। প্রতিষ্ঠানটি ৮০ লাখ ৭০ হাজার ডলার বিনিয়োগে গার্মেন্ট এক্সেসরিজ ও প্যাকেজিং সামগ্রী উৎপাদনের কারখানা স্থাপন করবে। এতে বার্ষিক প্রায় এক কোটি ৯৫ লাখ কেজি পণ্য উৎপাদিত হবে এবং ৪৫০ জনের কর্মসংস্থান হবে, যাদের মধ্যে ৪৪৮ জনই বাংলাদেশী।
এর আগে গত ১২ অক্টোবর চীনা প্রতিষ্ঠান ‘লংটেং গার্মেন্ট কোম্পানি লিমিটেড’ মোংলা ইপিজেডে এক কোটি ৭০ লাখ ডলার বিনিয়োগে পোশাক কারখানা স্থাপনের চুক্তি করে। প্রতিষ্ঠানটি বছরে ৬০ লাখ পিস অন্তর্বাস ও ব্রা উৎপাদনের পরিকল্পনা নিয়েছে, যেখানে তিন হাজার পাঁচজন বাংলাদেশীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বন্দরের সক্ষমতা বাড়াতে চার হাজার ৬৮ কোটি ২৩ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যার আওতায় দু’টি আধুনিক কনটেইনার জেটি নির্মিত হবে। এ ছাড়া ওই সফরে বিনিয়োগ সহযোগিতা জোরদারে ইনভেস্ট বাংলাদেশ ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।
গত অক্টোবর পর্যন্ত মোংলা ইপিজেডে ৩৯টি শিল্পপ্রতিষ্ঠান উৎপাদনে রয়েছে এবং আরো ছয়টি প্রকল্প বাস্তবায়নাধীন। ইপিজেডটিতে এ পর্যন্ত প্রকৃত বিনিয়োগ এসেছে ২৭ কোটি ১৯ লাখ ৮০ হাজার ডলার এবং রফতানির পরিমাণ ১৭০ কোটি ৪০ লাখ ৪০ হাজার ডলার। বর্তমানে এখানে ১৬ হাজার ১৬৭ জন বাংলাদেশী কর্মরত আছেন।
মোংলা পোর্ট বার্থ অ্যান্ড শিপ অপারেটরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জুলফিকার আলী বলেন, আধুনিক জেটি ও ইয়ার্ডের সঙ্কটে দীর্ঘদিন ধরে বড় জাহাজ ও কনটেইনার হ্যান্ডলিংয়ে সীমাবদ্ধতা ছিল। সাম্প্রতিক উন্নয়ন প্রকল্প ও বিনিয়োগ চুক্তির ফলে দেশী-বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরেছে। বন্দর ব্যবহারকারী এইচ এম দুলাল জানান, নতুন কারখানাগুলো উৎপাদনে গেলে আমদানি-রফতানি বাড়বে এবং শিপিং এজেন্ট, সিঅ্যান্ডএফ ব্যবসায়ী ও সাধারণ শ্রমিকদের কাজের সুযোগ সৃষ্টি হবে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) খুলনা সমন্বয়ক অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, সুন্দরবনের প্রতিবেশ রক্ষা, বন্দরের ১৪৪ কিলোমিটার নৌচ্যানেলের নাব্যতা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা নিশ্চিতের দাবি জানান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









