ট্রেনের ধাক্কায় শিশুসহ একই পরিবারের চারজনের মৃত্যু
ট্রেনের ধাক্কায় শিশুসহ একই পরিবারের চারজনের মৃত্যু। প্রতীকী ছবি
ads

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা বিধ্বস্ত হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো তিনজন। তাদের মধ্যে এক শিশুসহ দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি  রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তার বোন কাশিফা জান্নাত (২০), তিন বছর বয়সী শিশু সাহিল ও পাঁচ মাস বয়সী শিশু মাশরুফা।

নিহত রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল ও আরো এক শিশু এ সময় গুরুতর আহত হয়। তাদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে তানিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্র জানায়, তারা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং এলাকায় পৌঁছালে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরো দু’জনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।