আ’লীগের নাশকতার মামলা নিয়ে কিশোরগঞ্জে বিএনপির বিরোধ
ads

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিল এবং বাসে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে নতুন করে বিরোধ দেখা দিয়েছে। এসব ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবির পাশাপাশি প্রতিপক্ষের নেতাকর্মীদের আসামি করার অভিযোগ উঠেছে দুই পক্ষের বিরুদ্ধে। উভয় পক্ষের দেয়া আসামির তালিকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপির প্রতিপক্ষ বলয়ের লোকজনের নামও অন্তর্ভুক্ত করা হয়। তালিকা নিয়ে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত পুলিশ বাদি হয়ে পৃথক দু’টি মামলা করেছে।
গত ৯ নভেম্বর রাত আড়াইটার দিকে বাজিতপুর উপজেলার পিরিজপুর বাজারসংলগ্ন এলাকায় একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। এর আগে ও পরে উপজেলার অন্তত চারটি স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে মিছিল বের হয়। এসব কর্মসূচিতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন বলে অভিযোগ রয়েছে। 
ঘটনাগুলোর পর বিএনপির দুই পক্ষ পৃথকভাবে পুলিশের কাছে আসামির তালিকা জমা দেয়। এক পক্ষের তালিকায় প্রায় ১১৮ জন এবং অন্য পক্ষের তালিকায় প্রায় ৭০ জনের নাম ছিল। স্থানীয় সূত্রের দাবি, এসব তালিকায় আওয়ামী লীগের চিহ্নিত নেতাকর্মীদের পাশাপাশি বিএনপির দুই পক্ষের পরস্পরের নেতাকর্মীদের নামও যুক্ত করা হয়। পুলিশ সূত্র জানায়, দুই পক্ষের কেউই নিজেদের দেয়া তালিকা থেকে নাম বাদ দিতে রাজি হয়নি। পরে পুলিশ বাদি হয়ে পৃথক দু’টি মামলা করে। মামলায় ২৬ জনকে এজাহারভুক্ত এবং অজ্ঞাত আরো ৩৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশের দাবি, দুই পক্ষের দেয়া তালিকার ভিত্তিতে নয়, তদন্তের মাধ্যমে আসামি নির্ধারণ করা হয়েছে।
বাজিতপুর-নিকলীতে দুই বলয় : বাজিতপুর ও নিকলী উপজেলায় বিএনপির রাজনীতি দীর্ঘদিন ধরে দু’টি বলয়ে বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন সাবেক সংসদ সদস্য প্রার্থী সৈয়দ এহসানুল হুদা। অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মজিবুর রহমান ইকবাল।
গত জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপি সৈয়দ এহসানুল হুদাকে মনোনয়ন দেয়। এর বিপরীতে স্বতন্ত্রপ্রার্থী হন শেখ মজিবুর রহমান ইকবাল। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেয়ায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। তার পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ নেয়ায় দুই উপজেলার বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীও বহিষ্কৃত হন। নির্বাচনে ১৩ হাজার ১৫৪ ভোটের ব্যবধানে এহসানুল হুদাকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন ইকবাল।
দল থেকে বহিষ্কৃত হলেও স্থানীয় বিএনপির রাজনীতিতে ইকবালের প্রভাব রয়েছে। তার অনুসারী হিসেবে দুই উপজেলার বিএনপির বড় একটি অংশের নেতাকর্মী পরিচিত। অন্য দিকে এহসানুল হুদার নেতৃত্বেও রয়েছে পৃথক একটি বলয়। নির্বাচন ও বহিষ্কারকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ এখনো মেটেনি।