ডিমলায় জব্দ সরকারি পাথর লোপাটের অভিযোগ
ads

 মো: রেজোয়ান ইসলাম ডিমলা (নীলফামারী)

নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর তীর থেকে জব্দ করা সরকারি পাথর লোপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দৈনিক নয়া দিগন্তে সংবাদ প্রকাশ এবং উপজেলা প্রশাসনের তদন্ত কমিটি গঠনের উদ্যোগের পর ভোররাতে ভ্যানে করে প্রায় ২০০ সিএফটি পাথর এনে সংশ্লিষ্ট স্থানে ফেলার অভিযোগ পাওয়া গেছে। তবে অভিযোগ, প্রায় দুই হাজার সিএফটি পাথরের কোনো হদিস নেই।
গত ১৪ অক্টোবর তিস্তা নদীতে উপজেলা প্রশাসনের টাস্কফোর্সের অভিযানে সাতটি পয়েন্ট থেকে পাথর জব্দ করা হয়। এর মধ্যে ২ নম্বর লটে (হাবিবুরের পয়েন্ট) থ্রি-ফোর সাইজের দুই হাজার ২২৯ সিএফটি পাথর তালিকাভুক্ত ছিল। অভিযোগ রয়েছে, গত ২৮ অক্টোবর নিলাম স্থগিত থাকার সুযোগে লটের সাবেক মালিক হাবিবুর রহমান কোনো অনুমতি ছাড়াই এসব পাথর সরিয়ে বিক্রি করে দেন।
সম্প্রতি তদন্ত কমিটি গঠনের খবর ছড়িয়ে পড়ার পর ভ্যানচালকদের বরাতে জানা যায়, হাবিবুরের নির্দেশে ভোররাত থেকে সকাল ৭টার মধ্যে অন্য লট থেকে ভ্যানে করে প্রায় ২০০ সিএফটি পাথর এনে ওই স্থানে রাখা হয়। বর্তমানে সেখানে আনুমানিক ২৫০ সিএফটি পাথর রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নিলামের তৃতীয় ডাকদাতা রেজাউল করিম জানান, প্রথম ও দ্বিতীয় ডাকদাতা ১০ শতাংশ জামানত জমা দিতে না পারায় ৬৫ টাকা ৭০ পয়সা দরে তার ডাক চূড়ান্ত হয়। তিনি জামানতের টাকাও জমা দেন। তার দাবি, মাল বুঝে নেয়ার জন্য নির্ধারিত পয়েন্টে আড়াই থেকে তিন হাজার সিএফটি পাথর থাকলেও পরে সেখানে মাত্র ৫০ সিএফটি অবশিষ্ট পাওয়া যায়। বাকি পাথর কিভাবে সরানো হয়েছে, তা তার জানা নেই।
স্থানীয় বাসিন্দা রজব আলী অভিযোগ করেন, জামানত জমা দেয়ার পরও রহস্যজনকভাবে রেজাউল করিমের টাকা ফেরত দেয়া হয়। পরে নতুন কোনো নিলাম ছাড়াই হাবিবুর রহমান প্রায় দুই হাজার সিএফটি পাথর বিক্রি করে দেন। তার দাবি, এসব পাথরের আনুমানিক মূল্য এক লাখ ৭০ হাজার টাকা।
অভিযুক্ত হাবিবুর রহমানের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইমরানুজ্জামান বলেন, নিলাম ছাড়া সরকারি জব্দ করা পাথর বা অন্য মালামাল সরানো কিংবা বিক্রি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কাউকে ছাড় দেয়া হবে না। সুনির্দিষ্ট তথ্য পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো জানান, সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।