আইসিজের রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ কী করতে পারবে?
আইসিজের রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ কী করতে পারবে?। সংগৃহীত
ads

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর জেনোসাইড বা জাতিগত নিধন চালিয়েছে মিয়ানমার। আন্তর্জাতিক বিচার আদালত এই রায় দেয়ার পর, আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে বাংলাদেশ কী করতে পারে, এই প্রশ্ন উঠছে এখন।

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফেরার ক্ষেত্রে এই রায় কতটা কাজে আসবে, এই আলোচনাও হচ্ছে।

প্রায় ১০ বছর ধরে বারো লাখেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে রেখেছে বাংলাদেশ, যা দেশটির জন্য একটি বড় মাথাব্যথার কারণ।

দেশী-বিদেশী নানা ফোরামে বিভিন্ন সময় তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর আলোচনা হলেও প্রত্যাবাসন প্রক্রিয়া খুব একটা এগোয়নি।

এবার হেগের আন্তর্জাতিক বিচার আদালতের রায় কি সেই স্থবিরতা ভাঙতে পারবে, নাকি রায়টি কেবল একটি নৈতিক স্বীকৃতি হয়েই থাকবে?

এই রায়কে ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলছেন, আন্তর্জাতিক আদালতের রায় রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তার মতে, আইসিজে’র রায়ের মধ্য দিয়ে সমস্যাটি কেবল রোহিঙ্গা কিংবা বাংলাদেশের নয়, এটি এখন আন্তর্জাতিক গোষ্ঠীর দায়ে পরিণত হয়েছে।

আইসিজে’র রায় বাস্তবায়নে আন্তর্জাতিক পরিসরে দ্বিপক্ষীয়, বহুপক্ষীয়সহ নানা ফোরামে কাজ করার কথা বলছে বাংলাদেশ সরকার।

কিন্তু রায়ের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে খুব একটা আশাবাদী হতে পারছেন না সাবেক কূটনীতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অনেকে।

তারা বলছেন, এই রায় মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে নৈতিক সমর্থন হিসেবে কাজ করলেও তাদেরকে নিজ দেশে ফেরানোর ক্ষেত্রে তেমন ভূমিকা রাখবে না।

এক্ষেত্রে বাংলাদেশের করণীয় নিয়েও বেশ কিছু পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।

রায়ের গুরুত্ব কতটা?
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে জাতিসঙ্ঘের আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজে। যার বিরুদ্ধে আপিলেরও কোনো সুযোগ নেই।

বলা হচ্ছে, এই রায়ের মধ্য দিয়ে আইসিজে বেশ কয়েকটি ক্ষেত্রে নতুন নজির তৈরি করেছে। একইসাথে ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার করা মামলার ওপরও এর গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে।

তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই রায়ের ফলে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য বাস্তবে কী পরিবর্তন আসবে?

আইসিজে রায়ে মিয়ানমারকে যেসব নির্দেশ দেয়া হয়েছে, সেগুলো পালন করার দায়িত্ব মিয়ানমার রাষ্ট্রের। জাতিসঙ্ঘ সনদ অনুযায়ী, মামলার পক্ষ হিসেবে আইসিজের সিদ্ধান্ত মেনে চলতে বাধ্য দেশটি।

এক্ষেত্রে কোনো পক্ষ যদি আদালতের রায় অনুযায়ী তার ওপর অর্পিত বাধ্যবাধকতা পালনে ব্যর্থ হয়, তবে অপর পক্ষ জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের শরণাপন্ন হতে পারে।

ফলে রোহিঙ্গা ইস্যুতে আইসিজের দেয়া রায়ের যে গুরুত্ব রয়েছে, সেটি পরিষ্কার। কিন্তু এর মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফেরার পথ একেবারে সুগম হলো, এটি মনে করেন না বিশ্লেষকদের অনেকে।

তারা বলছেন, এই রায়ের মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে একটি আইনগত ভিত্তি পাওয়া গেলেও রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি আরো অনেক কিছুর ওপর নির্ভর করছে।

এদিকে, এই রায় কার্যকরে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এর মাধ্যমে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পথ সহজ হবে বলেও মনে করছে ঢাকা।

শুক্রবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে করেছেন জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

খলিলুর রহমান বিএনপি সরকারের আগে অন্তর্বর্তী সরকারে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি বলেছেন, আইসিজে যে রায় দিয়েছে, সেটির বাস্তবায়ন করবে মিয়ানমার। দেশটিকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

‘আমরা আশা করবো, এত কিছুর পরেও মিয়ানমার তার আন্তর্জাতিক যে দায়িত্ব সেটি পালন করবে, না করলে সেটারও ফলাফল আছে,’ বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

মন্ত্রী বলেন, হেগের আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্তের পর এটি আর রোহিঙ্গা জনগোষ্ঠী কিংবা বাংলাদেশের সমস্যা নয়, এটি এখন পুরো বিশ্বের সমস্যা, যা সমাধান করতে হবে।

‘এর আগে একটা আইনগত ভিত্তি ছিল না, এখন সেটা হলো। এবং এমন একটা আইনগত ভিত্তি যেটা আমরা আগে কখনো দেখিনি। আইসিজে প্রথমবারের মতো একটা দেশকে জেনোসাইড করেছে বলে অভিহিত করেছে, এটা একটা বিশাল ব্যাপার, এর গুরুত্ব অপরিসীম,’ বলেন তিনি।

জটিলতা যেখানে
আন্তর্জাতিক বিচার আদালতের রায় রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে বাংলাদেশের জন্য আন্তর্জাতিক ফোরামে শক্তিশালী অবস্থান তৈরি করেছে বলেই মনে করা হচ্ছে।

শুক্রবার এই ইস্যুতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আইসিজের রায় বাস্তবায়নে আন্তর্জাতিক পরিসরে দ্বিপক্ষীয়, বহুপক্ষীয়সহ নানা ফোরামে কাজ করার কথা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীরা যাতে নিরাপদভাবে মিয়ানমারে ফিরতে পারে, সেটি নিশ্চিত করতে চায় বাংলাদেশ।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা মাল্টিল্যাটারাল পার্টনার (দ্বিপক্ষীয় অংশীদার) এবং বাইল্যাটারাল পার্টনার (বহুপক্ষীয় অংশীদার) সবার সাথে কাজ করবো। এর জন্য আমরা বিভিন্ন অ্যাপ্রোচে এগোতে চাই।’

এই রায় নিয়ে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদে গাম্বিয়ার অবস্থানকে শক্তিশালী করতেও কাজ করার পরিকল্পনা ঢাকার।

‘এটা কালকেই হয়ে যাবে বিষয়টি এমন নয়। তবে আমরা এই আলোচনা জোরালোভাবে শুরু করবো যাতে এক বছর দেড় বছরের ভেতরে আমরা নিরাপদ প্রত্যাবাসনের বিষয়টি নিশ্চিত করতে পারি,’ বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

যদিও আন্তর্জাতিক বিচার আদালতের এই রায়কে কেবল বিশ্বের কাছে রোহিঙ্গা গণহত্যার স্বীকৃতি হিসেবেই দেখছেন বিশ্লেষকদের কেউ কেউ।

এর ফলে বাংলাদেশের যে মূল চাহিদা, অর্থাৎ রোহিঙ্গা প্রত্যাবাসন—সেখানে খুব একটা কার্যকর কিছু হবে বলে মনে করেন না অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম, তিনি মিয়ানমারে বাংলাদেশের একজন কূটনীতিক হিসেবে কাজ করেছিলেন।

তার ভাষ্য মতে, ‘আন্তর্জাতিক বিশ্ব জানলো যে একটা গণহত্যা আসলেই হয়েছে এবং মিয়ানমারের জেনারেলরাও বুঝবে যে এটার আন্তর্জাতিকভাবে গণহত্যার স্বীকৃতি আছে—এটুকুই, এখানে বাংলাদেশের পাওয়ার কিছু নাই।’

এমদাদুল ইসলাম বলছেন, গাম্বিয়ার করা মামলায় আইসিজে যে রায় দিয়েছে, সেখানে প্রধান বিষয় হলো রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হওয়া গণহত্যার স্বীকৃতি, অপরাধীদের শাস্তি এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণ। এখানে প্রত্যাবাসনের বিষয়ে কী হবে সেটি স্পষ্ট নয়।

যদিও আদালতের রায়ে রোহিঙ্গাদের নিরাপদে নিজ ঘরে ফেরার সুযোগ করে দিতে মিয়ানমারকে দুই বছর সময় দেয়া হয়েছে। এ ছাড়া, যদি তা সম্ভব না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ কী হবে, সেটি আদালত মূল্যায়ন করবে বলেও জানানো হয়েছে।

এক্ষেত্রে মূল প্রশ্ন হলো আইসিজের দেয়া রায়ের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। কারণ, রায় দেয়া ছাড়া এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক বিচার আদালতের তেমন কিছু করার নেই।

‘তারা এই রায়কে জাতিসঙ্ঘের সিকিউরিটি কাউন্সিলে পাঠাবে। কিন্তু আমার ধারণা, এখানে যে গণহত্যার কথা বলা হয়েছে, সেটি চীন এবং রাশিয়া গ্রহণ করবে না। তারা এখানে ভেটো দিবে,’ বলেন তিনি।

এমদাদুল ইসলাম বলছেন, মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে, এই বিষয়টি যুক্তরাষ্ট্রও গ্রহণ করবে না। কারণ, একইভাবে গাজা এবং আফগানিস্তানের প্রসঙ্গও এখানে আসবে।

এই বিশ্লেষক বলছেন, রোহিঙ্গাদের ওপর গণহত্যা কিংবা তাদের ক্ষতিপূরণের চেয়েও বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রত্যাবাসনের বিষয়টি।

কিন্তু রোহিঙ্গাদের প্রত্যাবাসন অনেক বেশি জটিল বলেই মত এই বিশ্লেষকের। তার মতে, বহুপক্ষীয় আলোচনা যেমন প্রয়োজন, তেমনি রোহিঙ্গা ইস্যুতে চীনের অবস্থানও অনেক বেশি গুরুত্বপূর্ণ।

আইসিজের রায়ের পরে বাংলাদেশের এই বিষয়ে চীনের সাথে আবারো বসা উচিত বলেই মনে করেন এমদাদুল ইসলাম।

‘তাদের (মিয়ানমারের) পেছনে চীনের যে জোরালো সমর্থন, এ ছাড়া রাশিয়ার সাথেও সম্প্রতি তারা একটি সামরিক চুক্তি করেছে। ফলে আমাদের ফরেন পলিসি দিয়ে এগুলো যতক্ষণ পর্যন্ত সমঝোতার জায়গায় আনতে না পারবো, ততক্ষণ মিয়ানমারের জেনারেলরা এ নিয়ে মাথা ঘামাবে না,’ বলেন এমদাদুল ইসলাম।

কূটনীতিই ভরসা
২০১৭ সালের ২৫ অগাস্টের পর মাত্র কয়েক মাসের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিল। যা গত প্রায় এক দশক ধরে স্থায়ী সমস্যায় রূপ নিয়েছে বাংলাদেশের জন্য।

বাংলাদেশ শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বা আরআরআরসি এর তথ্য অনুযায়ী, বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গার সংখ্যা ১২ লাখের বেশি।

আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের সামনে এখন তিনটি পথ খোলা রয়েছে বলেই মনে করেন সাবেক রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

জাতিসঙ্ঘের রেজুলেশন, নিরাপত্তা পরিষদে চাপ এবং চীনসহ মিয়ানমারের মিত্রদের সাথে আলোচনা—এই তিনটি উদ্যোগের কথা বলছেন তারা।

আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর বাংলাদেশের দিক থেকেও নানান ধরনের কূটনৈতিক উদ্যোগ নেয়ার সুযোগ তৈরি হয়েছে বলেই মনে করেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির।

তিনি বলছেন, আইসিজের রায়ের মধ্য দিয়ে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জেনোসাইডের বিষয়টি আন্তর্জাতিক পরিসরে অনেক বেশি স্পষ্ট।

ফলে বাংলাদেশ এখন রায়ের দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে এই বিষয়ে একটি রেজুলেশন উত্থাপন করতে পারে।

‘কোর্ট যে রায় দিয়েছে, সেগুলো যেন বাস্তবায়ন করা হয়- সেজন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে আহ্বান জানিয়ে একটা রেজ্যুলেশন বাংলাদেশ মুভ করতে পারে। যেখানে গাম্বিয়াসহ যে এগারোটি দেশ এই বিষয়টিকে সমর্থন করেছে তারাও সঙ্গে থাকতে পারে,’ বলেন তিনি।

এর মধ্য দিয়ে মিয়ানমারের ওপর আইসিজের রায় দ্রুত বাস্তবায়নে একটি নৈতিক চাপ তৈরি করা সম্ভব হবে বলেই মনে করেন এই সাবেক রাষ্ট্রদূত।

রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে ২০১৯ সালে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি করেছিল পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।

পরে এই মামলায় গাম্বিয়াকে সমর্থন জানিয়েছিল কানাডা, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ দশটি দেশ।

সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন, মামলার রায় দ্রুত কার্যকরের বিষয়ে এই দেশগুলোর সাথে একটি যৌথ উদ্যোগ নিতে পারে বাংলাদেশ।

‘এই দেশগুলো ছাড়াও যারা মিয়ানমারকে প্রভাবিত করতে পারে তাদের সাথেও যুক্ত হতে পারে বাংলাদেশ। সেটা চীন হতে পারে, রাশিয়াও হতে পারে,’ বলেন তিনি।

এ ছাড়া মিয়ানমারের সাথেও বাংলাদেশের দ্বিপাক্ষিক আলোচনা আরো জোরদার করার কথা বলছেন এই বিশ্লেষক।

হুমায়ুন কবির মনে করেন, আন্তর্জাতিক বিচার আদালতের বিচারকার্যে অংশ নিয়ে, আন্তর্জাতিক আইনকানুনের মধ্যে থেকে একটি প্রক্রিয়া অনুসরণের বার্তা দিয়েছে মিয়ানমার।

‘তারা কিন্তু আদালতে তাদের বক্তব্য উপস্থাপন করেছে। ফলে একটি বার্তা পাওয়া যায় যে, মিয়ানমার ডাজেন্ট ওয়ান্ট টু ডিফাই (মিয়ানমার অস্বীকার করতে চায়নি)। তারাও আন্তর্জাতিক আদালতের প্রক্রিয়ার সাথে থেকেছে,’ বলেন তিনি।

ফলে আন্তর্জাতিক পরিসরে বিভিন্ন পর্যায় থেকে যদি তাদেরকে বোঝানো যায়, সেটিও সহায়ক ভূমিকা রাখতে পারে।

এক্ষেত্রে রোহিঙ্গা জনগোষ্ঠীর অবস্থানও গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই বিশ্লেষক। সূত্র : বিবিসি