
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি পৌরসভায় পানির পাম্প বিকল হয়ে যাওয়ায় এক বছর ধরে সরবরাহ লাইনে পানি বন্ধ রয়েছে। এর ওপর পৌরসভা ঘিরে থাকা খালটি দখল ও দূষণে মৃতপ্রায় হয়ে পড়ায় বিকল্প উৎসও সঙ্কটে। ফলে বাধ্য হয়ে বাসিন্দাদের পুকুরের দূষিত পানিতেই রান্না, গোসল ও কাপড় ধোয়াসহ নিত্যদিনের কাজ সারতে হচ্ছে; বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। পৌরবাসীর অভিযোগ, নিয়মিত কর ও সেবার অর্থ আদায় করা হলেও জরুরি এ নাগরিক সেবায় কর্তৃপক্ষের উদাসীনতা ও দায়সারা মনোভাব দেখা যাচ্ছে।
সরেজমিন দেখা গেছে, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরঝাউতলা গ্রামের বাসিন্দা রুবি বেগম ও পাশের গৃহবধূ সাহিনা বেগম প্রতিদিনই অপেক্ষায় থাকেন কখন সরবরাহের পানি আসবে। কিন্তু বাইরের ট্যাপে পানি না পেয়ে খালি বালতি হাতে ঘরে ফিরতে হচ্ছে তাদের। রুবি বেগম বলেন, দৈনন্দিন জীবনে পানির বিকল্প কিছু নেই। অথচ আমাদের পুকুরের পচা পানিতেই জীবন চালাতে হচ্ছে। কবে এর থেকে প্রতিকার পাবো জানি না।
পৌরসভা সূত্র জানায়, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এবং ২০১৬ সালে প্রথম শ্রেণীতে উন্নীত হওয়া কালকিনি পৌরসভায় প্রায় এক লাখ মানুষের জন্য এক হাজার ৪৭০টি সংযোগের মাধ্যমে পানি সরবরাহ চালু করা হয়েছিল। পাম্প বিকল হয়ে যাওয়ায় বর্তমানে পৌরসভার এক, চার এবং সাত নম্বর ওয়ার্ডের পাঙ্গাশিয়া, দক্ষিণ রাজদী, ঝাউতলা, উত্তর রাজদীসহ বিভিন্ন এলাকার প্রায় আড়াই হাজার পরিবার নিরাপদ পানির অভাবে ভুগছে।
স্থানীয় বাসিন্দা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা দ্রুত সঙ্কট নিরসনের দাবি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, দ্রুত বন্ধ খাল খননের পাশাপাশি পানি সরবরাহ স্বাভাবিক করতে হবে; অন্যথায় বিক্ষোভ ও মানববন্ধনসহ পৌরসভা ঘেরাও করা হবে। সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মোহাম্মদ শহীদ বলেন, পাম্প নষ্টের অজুহাতে পানি সরবরাহ বন্ধ রাখা মেনে নেয়া যায় না। কর্তৃপক্ষের উদাসীনতায় এ অবস্থা তৈরি হয়েছে। শিগগিরই সমস্যা সমাধানে পদক্ষেপ নেয়া উচিত।
অভিযোগ প্রসঙ্গে কালকিনি পৌরসভার সহকারী প্রকৌশলী রাকিব হোসেন জানান, বিষয়টি এরই মধ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরকে লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে। পৌর প্রশাসক কিশোর কুমার দাস বলেন, অস্থায়ীভাবে অন্য একটি পাম্পের মাধ্যমে কিছু এলাকায় পানি সরবরাহ করা হচ্ছে। বাকি জায়গাগুলোতে দ্রুতই পানি সরবরাহ করা হবে। সেজন্য পৌর কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









