
এফ এ আলমগীর চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার ইতিহাস, ঐতিহ্য ও প্রতœসম্পদের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের স্মৃতিবিজড়িত কার্পাসডাঙ্গা নীলকুঠি। জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নে ভৈরব নদের তীরে একসময় মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল ইতিহাসের এই গুরুত্বপূর্ণ নিদর্শন। অথচ প্রায় এক দশক আগে রাষ্ট্রীয় কোষাগারে সামান্য কিছু অর্থের সংস্থান করতে গিয়ে নিলামের মাধ্যমে নির্মমভাবে গুঁড়িয়ে দেয়া হয় স্থাপনাটি। একই পরিণতির শিকার হয়েছে দর্শনার রামনগর কাচারিবাড়ি এবং কুড়ালগাছি জমিদারবাড়ির মতো ঐতিহাসিক স্থাপনাগুলোও।
ইতিহাস থেকে জানা যায়, ভৈরব নদের তীরবর্তী এই স্থানটি একসময় ‘নিশ্চিন্তপুর’ নামে পরিচিত ছিল। উনিশ শতকে ব্রিটিশ বণিক ফ্রেডারিক অ্যাসকল এখানে নীলকুঠিটি প্রতিষ্ঠা করেন। বাংলার কৃষকদের ওপর নীলকরদের অকথ্য শোষণ, নির্যাতন এবং এর বিরুদ্ধে গড়ে ওঠা ১৮৬০-৬১ সালের ঐতিহাসিক নীল বিদ্রোহের এক জীবন্ত দলিল ছিল এই কুঠিবাড়ি। পরবর্তীতে নীল চাষ বিলুপ্ত হলে ভবনটি দীর্ঘকাল স্থানীয় ভূমি অফিস ও প্রশাসনিক কাজে ব্যবহৃত হয়েছিল।
যে স্থাপনাগুলো প্রতœতত্ত্ব অধিদফতরের আওতায় এনে সংরক্ষণ এবং পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা ছিল, সেগুলোই অবহেলা ও অদূরদর্শিতার কারণে নিলামে তুলে ভেঙে ফেলা হয়েছে। সংস্কারের উদ্যোগ না নিয়ে জরাজীর্ণ বা পরিত্যক্ত দেখিয়ে ইট-কাঠ বিক্রির এই প্রক্রিয়ায় হারিয়ে গেছে চুয়াডাঙ্গার কয়েক শতাব্দীর স্থাপত্যশৈলী। কার্পাসডাঙ্গা নীলকুঠি ভেঙে ফেলার পর সেখানে এখন আর নীল বিদ্রোহের সেই স্মৃতিচিহ্ন অবশিষ্ট নেই; কেবল ইতিহাসের পাতায় ও মানুষের স্মৃতিতেই রয়ে গেছে এর অস্তিত্ব।
এসব ঐতিহাসিক স্থাপনা নিলামে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে ঠিক কত টাকা জমা পড়েছিল, তা নথিপত্রে হয়তো পাওয়া যাবে। কিন্তু সেই সামান্য অর্থের বিনিময়ে জাতি কী হারাল, তার হিসাব কি কখনো করা হয়েছে? রাষ্ট্রের সম্পদ কেবল তাৎক্ষণিক আর্থিক অঙ্কে পরিমাপ করা যায় না। ইতিহাস ও ঐতিহ্যের মূল্য অর্থের চেয়েও বহুগুণ বেশি। নিলামের মাধ্যমে সামান্য কিছু রাজস্ব আদায় হলেও, এর বিনিময়ে ধ্বংস হয়েছে আমাদের ইতিহাসের অমূল্য দলিল এবং পরবর্তী প্রজন্মের শিকড় সন্ধানের প্রধান উপাদান।
অতীতকে জানার, বোঝার ও সংরক্ষণের যে সুযোগ একবার হারিয়ে যায়, কোটি টাকা খরচ করেও তা আর ফিরিয়ে আনা সম্ভব নয়। চুয়াডাঙ্গার বুকে ছড়িয়ে থাকা অবশিষ্ট প্রতœতাত্ত্বিক নিদর্শনগুলো যেন আর এভাবে নিলামের হাতুড়ির নিচে না পড়ে, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রতœতত্ত্ব অধিদফতরের এখনই জরুরি পদক্ষেপ নেয়া প্রয়োজন। তা না হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের ইতিহাস কেবল গল্প হয়েই থাকবে, বাস্তবে দেখার মতো কোনো নিদর্শন আর অবশিষ্ট থাকবে না।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









