
চট্টগ্রামের সম্ভাবনা কেবল বাণিজ্যিক রাজধানীর পরিচয়ে সীমাবদ্ধ নয়, বরং চট্টগ্রামকে সমগ্র বাংলাদেশের অর্থনৈতিক ও লজিস্টিকস হাবে পরিণত করার পরিকল্পনা সরকার গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহ ও পূর্ণাঙ্গ সমর্থনে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি, গভীর সমুদ্রবন্দর নির্মাণ, চট্টগ্রাম বিমানবন্দরকে আন্তর্জাতিকমানে উন্নীতকরণ এবং কার্গো ভিলেজ ও কোল্ড চেইন সুবিধা গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। চট্টগ্রামের উন্নয়ন মানে সমগ্র দেশের উন্নয়ন।’
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম চেম্বার আয়োজিত ৩২তম আর্ন্তজাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী আরো বলেন, মহেশখালীসহ দেশের কয়েক স্থানে গভীর সমুদ্রবন্দর এবং চট্টগ্রাম ও খুলনাকেন্দ্রিক এনার্জি হাব প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সমগ্র অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো হবে।
তিনি বলেন, চট্টগ্রাম বিমানবন্দরসহ অবকাঠামো খাতের সম্প্রসারণ ও লজিস্টিকস খাতের উন্নয়নে এডিবির অর্থায়ন রয়েছে। এডিবি ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্টের আওতায় ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট (আইজিএনডি) প্রকল্পের অধীনে দেশব্যাপী প্রায় ৮০ বিলিয়ন ডলারের যে বৃহৎ উন্নয়ন পরিকল্পনা নেয়া হয়েছে তার সিংহভাগ বাস্তবায়িত হবে চট্টগ্রামকে ঘিরে।
মন্ত্রী বলেন, বিদ্যুৎ ও গ্যাস সঙ্কট নিরসনে পরিকল্পনা চূড়ান্ত হয়েছে এবং আগামী দুই বছরের মধ্যে জ্বালানি খাতের উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হবে। সরকারের নেয়া এসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হলে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরিত হবে।
তিনি আরো বলেন, অর্থনৈতিক উন্নয়ন শুধু সরকারের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে ব্যবসায়ী, রাজনীতিবিদসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অর্থনীতির গণতন্ত্রীকরণ, বিনিয়োগ সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে উন্নয়নের সুফল দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
বিশেষ অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা: শাহাদাত হোসেন বলেন, ‘বিভিন্ন জায়গায় অগ্নিসন্ত্রাস হচ্ছে। কিন্তু চট্টগ্রামকে আমরা নিরাপদ রাখবো। ব্যবসাবান্ধব নগরী গড়তে গত দুই বছরে প্রায় আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম নগরীকে পর্যটনবান্ধব করতে করা হয়েছে সাইকেল ট্র্যাক।’
তিনি বলেন, ‘১৯৯১ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত চট্টগ্রামে সিটি গভর্নমেন্ট ছিল। আওয়ামী লীগ সরকার তা বন্ধ করে দেয়। সিটি গভর্নমেন্ট বাস্তবায়িত হলে যেকোনো সিদ্ধান্ত নিতে পারবে সিটি করপোরেশন।’
চট্টগ্রাম নগরীকে সত্যিকার অর্থে বাণিজিক রাজধানী রূপান্তরিত করতে সিটি গভর্নমেন্ট পুনরায় বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রীর সহায়তা কামনা করেন প্রশাসক।
চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, ‘বর্তমান সরকার ব্যবসা-বাণিজ্যকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছে। বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও যাতে ব্যবসা-বাণিজ্য বাধাগ্রস্ত না হয় সেই লক্ষ্যেও কাজ করে যাচ্ছে জনগণের নির্বাচিত বিএনপি সরকার।
চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, সরকার ট্রেড ফ্যাসিলিটেশনের জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু কাস্টমস সংক্রান্ত বিভিন্ন জটিলতার সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। তিনি কাস্টমস সংক্রান্ত জটিলতা নিরসন এবং চট্টগ্রাম বিমান বন্দর রাত ১০টার পরেও যেন বন্ধ হয়ে না যায় সেজন্য অর্থমন্ত্রীকে বিমানবন্দরকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার সরকারি পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান জানান।
তিনি সরকারের ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে রূপান্তরে ব্যবসায়ীদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ, চেম্বার সিনিয়র সহ-সভাপতি মো: আমজাদ হোসেন চৌধুরী, চেম্বার সহ-সভাপতি মোহাম্মদ মসিউল আলম স্বপন ও মেলা কমিটির চেয়ারম্যান এস এম সাইফুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় অন্যদের মধ্যে চেম্বারের সাবেক সভাপতি ও মেলা কমিটির উপদেষ্টা আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, বর্তমান পরিচালক পরিচালক মো: নাসির উদ্দিন চৌধুরী, কামাল মোস্তফা চৌধুরী, আমান উল্লা আল ছগির (ছুট্টু), আবু হায়দার চৌধুরী (আমজাদ), ইঞ্জিনিয়ার মো: গোলাম সরওয়ার, আসাদ ইফতেখার, মোহাম্মদ হাবিবুর রহমান, ক্যাপ্টেন মো: আলাউদ্দিন আল আজাদ, মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ নুরুল ইসলাম, সরোয়ার আলম খান, শহীদুল আলম, মোহাম্মদ শফিউল আলম (বাদশা) ও মো: সেলিম নুরসহ চেম্বারের সাবেক সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও সাবেক পরিচালকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাসব্যাপী এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা পলোগ্রাউন্ডে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









