
রয়টার্স
আগামী সপ্তাহে অনুষ্ঠেয় স্থানীয় নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে চীন-সংশ্লিষ্ট প্রায় দুই হাজার ৭০০ সমাজমাধ্যম অ্যাকাউন্ট সম্পর্কে মেটাকে সতর্ক করেছে তাইওয়ান। গতকাল শুক্রবার তিনজন সরকারি কর্মকর্তা ও অভ্যন্তরীণ প্রতিবেদনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। আগামী ২৮ নভেম্বর মেয়র ও কাউন্টি প্রধানদের এ নির্বাচন ২০২৮ সালের শুরুর দিকের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) জনপ্রিয়তার গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হচ্ছে।
তাইওয়ানের জনপ্রিয় বার্তাভিত্তিক প্ল্যাটফর্ম ‘থ্রেডসে’ সাম্প্রতিক সপ্তাহগুলোতে এসব অ্যাকাউন্ট শনাক্ত করা হয়। একটি সরকারি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রায় সব অ্যাকাউন্টই গত চার মাসে খোলা হয়েছে, দলবদ্ধভাবে তৈরি করা হয়েছে এবং অধিকাংশেরই চীনের সাথে সংযোগ রয়েছে। শনাক্ত হওয়া দুই হাজার ৪০০টি থ্রেডস অ্যাকাউন্টের ৭৪ শতাংশের অবস্থানে চীন, প্রায় ২৫ শতাংশে কোনো অবস্থান উল্লেখ নেই এবং ১ শতাংশে রাশিয়ার নাম রয়েছে। কাছাকাছি চীনা নাম ও ভিন্ন ভিন্ন সাংখ্যিক পরিচয়যুক্ত ২৭টি গুচ্ছে এসব অ্যাকাউন্ট পাওয়া গেছে।
তদন্তে যুক্ত তাইওয়ানের তিনজন নিরাপত্তা কর্মকর্তা জানান, বিভেদমূলক রাজনৈতিক বক্তব্য ছড়িয়ে গণতন্ত্রের প্রতি আস্থা নষ্ট করাই এসব কর্মকাণ্ডের লক্ষ্য। এক কর্মকর্তা বলেন, নির্দিষ্ট কোনো প্রার্থীকে সমর্থনের বদলে এগুলো মানুষকে পরস্পরের বিরুদ্ধে দাঁড় করায়, গণতন্ত্রে বিতৃষ্ণা তৈরি করে এবং ভোটদানে নিরুৎসাহিত করে। আরেক কর্মকর্তা জানান, শুরুতে এসব অ্যাকাউন্ট সাধারণ তাইওয়ানিজ নাগরিক সেজে ভাগ্যগণনার মতো দৈনন্দিন বিষয়ে পোস্ট দিয়ে আস্থা অর্জন করে; পরে হঠাৎ সরকার ও প্রার্থীদের সমালোচনা শুরু করে এবং শাসকদলে হতাশ হয়ে ভোট না দেয়ার কথা বলে।
অন্য একটি অভ্যন্তরীণ প্রতিবেদন ও কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, প্রায় ২৬০টি অ্যাকাউন্ট থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি দুই হাজার ১৫০টির বেশি ভিডিও ছড়ানো হয়েছে। এসব ভিডিওতে ২৩ লাখ ৫০ হাজারের বেশি প্রতিক্রিয়া, মন্তব্য ও শেয়ার এসেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









