রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায় অন্যায্য : মিয়ানমার
ads

রয়টার্স

রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের ওপর রাষ্ট্রীয় মদদে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে জাতিসঙ্ঘের সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন, তাকে ‘অন্যায্য’ বলে অভিহিত করেছে দেশটির সরকার। গতকাল শুক্রবার রাজধানী নেপিদোতে এক সংবাদ সম্মেলনে সরকারি মুখপাত্র খাইং খাইং সোয়ে দাবি করেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এ সিদ্ধান্ত সর্বসম্মত ছিল না এবং মিয়ানমারকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়ার মামলা দায়েরের সাত বছর পর গত বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে এ রায় দেন আদালত। ইতিহাসে এ প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী করল আইসিজে। এ ছাড়া নাৎসি হলোকাস্টের পর চতুর্থবারের মতো কোনো আন্তর্জাতিক আদালত গণহত্যার আইনি মানদণ্ড প্রমাণিত হওয়ার রায় দিলেন।
১৯১ পৃষ্ঠার রায়ে বিচারকেরা উল্লেখ করেন, তথাকথিত ‘শুদ্ধি অভিযানের’ সময় মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গা পুরুষ ও কিশোরদের গণহত্যা করেছে, নারীদের ওপর ব্যাপক ধর্ষণ ও যৌন সহিংসতা চালিয়েছে এবং শত শত গ্রাম জ্বালিয়ে দিয়েছে। রায়ে ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর ইন দিন গ্রামে ১০ রোহিঙ্গা মুসলিম হত্যাকাণ্ড নিয়ে রয়টার্সের অনুসন্ধান এবং এর জেরে সংস্থাটির দুই সাংবাদিককে ৫০০ দিনের বেশি আটকে রাখার বিষয়টিও উঠে এসেছে।
আদালত জানিয়েছেন, মানবাধিকার লঙ্ঘনের দায়ে মিয়ানমার রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য, যার পরিমাণ পরে নির্ধারণ করা হবে। পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ‘নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের’ সুযোগ দিতে হবে। রায়ের পর প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গার শিবিরে আনন্দ-উল্লাস দেখা গেলেও কবে নাগাদ তারা দেশে ফিরতে পারবেন, তা এখনো অনিশ্চিত। আইসিজের রায় চূড়ান্ত হলেও তা বাস্তবায়নে আদালতের ক্ষমতা অত্যন্ত সীমিত।
রায়ের প্রতিক্রিয়ায় খাইং খাইং সোয়ে বলেন, বিশ্বের বড় নেতারাও আগে বলেছেন যে আইসিজের মতো ‘রাজনৈতিক সংস্থাগুলোর’ বিচারিক ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়। উল্লেখ্য, বৃহস্পতিবারের শুনানিতে মিয়ানমারের প্রেসিডেন্টের দফতরের মন্ত্রী কো কো হ্লাইং উপস্থিত ছিলেন।