
দ্য গার্ডিয়ান
তুরস্কের আন্তালিয়ায় জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর নির্ধারিত শেষ দিনে ধনী দেশগুলোর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আফ্রিকান মন্ত্রীরা। প্যারিস চুক্তির প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়ে উন্নত দেশগুলো জলবায়ু আলোচনার বিশ্বাসযোগ্যতা নষ্ট করছে বলে গতকাল শুক্রবার অভিযোগ তোলেন তারা।
আফ্রিকান গ্রুপ অব নেগোশিয়েটর্সের প্রধান ও ঘানার পরিবেশমন্ত্রী জানেতর অ্যাজিম্যান-রলিংস সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এখানে ভিক্ষা করতে আসিনি।’ উন্নত দেশগুলোর কর্মকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য পাওনা আদায় করতেই তারা এসেছেন বলে জানান তিনি। জলবায়ু অর্থায়ন, ন্যায়সঙ্গত রূপান্তর ও অভিযোজন নিয়ে খসড়া প্রস্তাবগুলো আফ্রিকার মানুষের স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেন রলিংস। তার মতে, জটিল শর্ত, দুর্গম অর্থায়ন ও প্রতিশ্রুতি ভঙ্গের মাধ্যমে আফ্রিকান দেশগুলোকে আলোচনা থেকে দূরে রাখা হচ্ছে এবং কেবল সম্পদ সরবরাহকারী হিসেবে দেখার প্রবণতা চলছে।
সম্মেলনে উপস্থিত নাগরিক সমাজের সংগঠনগুলোও তীব্র অসন্তোষ জানিয়েছে। ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক ইন্টারন্যাশনালের (সিএএন) নির্বাহী পরিচালক তাসনিম এসপ বর্তমান খসড়া প্রস্তাব প্রত্যাখ্যানের আহ্বান জানান এবং একে ঝুঁকিপূর্ণ বলে অভিহিত করেন। পাওয়ার শিফট আফ্রিকার পরিচালক মোহামেদ অ্যাডো এই সম্মেলনকে সবচেয়ে খারাপ কপ হিসেবে আখ্যা দেন। অন্যদিকে আদিবাসী অধিকারকর্মীরা জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার সুস্পষ্ট অঙ্গীকার না থাকা এবং কার্বন ক্যাপচার প্রযুক্তির ওপর জোর দেয়ার সমালোচনা করেন।
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র মার্শাল আইল্যান্ডসের কূটনীতিক অ্যালবোন ইশোদা জলবায়ু তহবিলের ঘাটতি নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, যুদ্ধের জন্য অর্থ থাকলেও জনগোষ্ঠী রক্ষায় তহবিল নেই।
আয়োজক তুরস্ক ও আলোচনার সভাপতি অস্ট্রেলিয়া সমঝোতার চেষ্টা চালালেও ধনী দেশ, জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী ও অন্য দেশগুলোর মধ্যে বিরোধের কারণে নির্ধারিত সময়ে সম্মেলন শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









