৩ জেলায় নিহত ৩
ads


সড়ক দুর্ঘটনায় গতকাল দেশের তিন জেলায় তিনজন নিহত ও কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
ঝালকাঠি প্রতিনিধি জানান, বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ঝালকাঠির নলছিটির উপজেলার দপদপিয়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে বাসের হেলপার নিহত হয়েছে।
এ ঘটনায় দুই বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার বরিশাল থেকে ছেড়ে আসা গ্রিন ভিউ পরিবহন ও কুয়াকাটা থেকে ছেড়ে আসা আবদুল্লাহ পরিবহনের মাঝে এ সংঘর্ষে ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কের বাঁকে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাস দু’টি সড়কের পাশে ছিটকে পরে। এ সময় গ্রিন ভিউ বাসের হেলপার চাপা পরে ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা বাস চালক ও যাত্রীদের উদ্ধার করেন। নিহত হেলপারের পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। তারা বাসের ভেতরে আটকে পড়া চালক ও যাত্রীদের বের করে আনেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম (৪০) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিশুসহ সাত যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভাটিসাভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ত্রিশাল উপজেলার মৃত এবাদুল ফকিরের ছেলে।
আহতরা হলেনÑ তাড়াইলের তানিয়া আক্তার (২৫), তার দুই শিশুসন্তান আলভি (৮) ও রৌজা (৩), নান্দাইলের মোস্তানিক (৩০) ও ইমন (১৯), ধর্মপাশার ইব্রাহিম (৩৫) এবং ঈশ্বরগঞ্জের নুরুল হক (৩২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ত্রিশাল থেকে যাত্রী নিয়ে নান্দাইল চৌরাস্তায় যাওয়ার পথে ভাটিসাভার এলাকায় বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের সাথে অটোরিকশাটির সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রফিকুলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাতজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ীর গোয়ালন্দে জননী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সজল শেখ (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের চাচি পিংকি নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন বোর্ডের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজল শেখ ফরিদপুর জেলার কোতোয়ালি থানার আরোকান্দি গ্রামের সাজাহান শেখের ছেলে। আহত পিংকি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজার এলাকার ইয়াকুব আলী মোল্লার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা জননী পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৯৭৫৮) দৌলতদিয়া ইউনিয়ন বোর্ড এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ও আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজল শেখকে মৃত ঘোষণা করেন। অন্য দিকে আহত পিংকির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।