
নোয়াখালীর হাতিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে পরিবহনকালে চোরাচালানের সময় ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ নয়জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি কার্গো বোট জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।
এর আগে, বুধবার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত হাতিয়া উপজেলার চর গাসিয়া-সংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুরের আলেকজান্ডার উপজেলার চরমেহার গ্রামের মো. রাশেদ, নোয়াখালীর হাতিয়া উপজেলার আল-আমীন গ্রামের মো. রাশেদ, সুবর্ণচর উপজেলার দক্ষিণচর মজিদ গ্রামের মো. মনির, মো. আফসার উদ্দিন, মো: শেহেনাজ ও মো. রুবেল, হাতিয়ার ফরাজি গ্রামের ফজলুল হক, রেজুকালিয়া গ্রামের মো. বাবুল এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুর গ্রামের মোহাম্মদ সালাউদ্দিন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি দল চর গাসিয়া-সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি করে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট জব্দ করা হয়। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৭৫ হাজার টাকা।
অভিযানে সিমেন্টসহ কার্গো বোটটি জব্দ এবং এর সঙ্গে থাকা নয়জনকে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা সিমেন্ট, কার্গো বোট ও আটক ব্যক্তিদেরকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









