চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন শুক্রবার
চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন শুক্রবার। সংগৃহীত
ads

শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাসব্যাপী ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ) শুক্রবার (২০ নভেম্বর) নগরীর পলোগ্রাউন্ডে শুরু হচ্ছে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা: শাহাদাত হোসেন। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান ও সাঈদ আল নোমান। চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

দুই বছর বিরতির পর এ মেলা আয়োজনের খবরে নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

চট্টগ্রাম চেম্বার ১৯৯৩ সাল থেকে নিয়মিত এ মেলার আয়োজন করে আসছে। এবারের মেলায় দেশী-বিদেশী তিন শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে থাকবে ২০টি প্যাভিলিয়ন, একটি অ্যাসোসিয়েট কান্ট্রি জোন এবং ২১৬টি স্টল। ভারত, পাকিস্তান, চীন ও থাইল্যান্ডের উদ্যোক্তা ও ব্যবসায়িক প্রতিনিধিরা বিভিন্ন স্টলে তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৩০ টাকা। বাসস