সরকারি নিয়োগ প্রক্রিয়া শুরুর আগেই দলীয় তদবিরের বার্তা

শাহেদ মতিউর রহমান

Advertisement

বিভিন্ন সরকারী দফতর ও সংস্থায় বিপুলসংখ্যক পদ শূন্য রয়েছে। সরকারের হিসেবেই শূন্য পদের সংখ্যা প্রায় পাঁচ লাখ। সরকার এই শূন্য পদ পূরণের  উদ্যোগের কথা জানালেও প্রশ্ন দেখা দিয়েছে নিয়োগের স্বচ্ছতা নিয়ে। নিয়োগপ্রক্রিয়া শুরুর আগেই তদবির আর দলীয় বিবেচনা বা চাপের কথা শোনা যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে জনবলসঙ্কটে থাকা সরকারি দফতর ও সংস্থাগুলোতে নিয়োগের এই উদ্যোগ কর্মসংস্থানের নতুন সম্ভাবনা সৃষ্টি করলেও নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা, যোগ্যতার মূল্যায়ন এবং রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে। অতীতে দলীয় বিবেচনা, তদবির, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ থাকায় নতুন নিয়োগকার্যক্রম কতটা মেধাভিত্তিক হবে, তা নিয়ে উদ্বেগ রয়েছে চাকরিপ্রার্থীদের মধ্যেও।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারি চাকরিতে অনুমোদিত পদের মধ্যে চার লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী সংসদে এ তথ্য জানিয়েছেন। এর মধ্যে প্রথম থেকে নবম গ্রেডে ৬৮ হাজার ৮৮৪টি, দশম থেকে দ্বাদশ গ্রেডে এক লাখ ২৯ হাজার ১৬৬টি, ১৩ থেকে ১৬তম গ্রেডে এক লাখ ৪৬ হাজার ৭৯৯টি এবং ১৭ থেকে ২০তম গ্রেডে এক লাখ ১৫ হাজার ২৩৫টি পদ শূন্য রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন দফতর ও সংস্থায় সবচেয়ে ৭৪ হাজার ৫৭৪টি পদ শূন্য। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শূন্য পদ ৪৪ হাজার ৭৯০টি। এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ে ২৬ হাজার ১৭৪টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ২০ হাজার ৩৮৯টি এবং রেলপথ মন্ত্রণালয়ে ১৫ হাজার ১১৩টি পদ খালি রয়েছে। ফলে স্বাস্থ্য, শিক্ষা, প্রশাসনসহ গুরুত্বপূর্ণ সরকারি সেবা খাতে জনবলসঙ্কট দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
নিয়োগে ধীরগতি, তদবিরের চাপ
বিপুলসংখ্যক পদ শূন্য থাকলেও নিয়োগ কার্যক্রম প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, মামলাজনিত জটিলতা, পুরনো নিয়োগবিধি, প্রভাবশালী ব্যক্তিদের ডিও লেটার ও তদবির এবং প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কা নিয়োগপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। জনপ্রশাসনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এ প্রসঙ্গে জানিয়েছেন, নিয়োগে তদবির ছিল, আছে এবং থাকবে। তবে এসব চাপের মধ্যেও চাকরিপ্রার্থীদের জন্য সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করে নিয়োগ দেয়াই প্রশাসনের দায়িত্ব।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অনেক প্রতিষ্ঠানের নিয়োগবিধি ৩০ থেকে ৩৫ বছর আগের। ফলে বর্তমান সময়ের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে নিয়োগ কার্যক্রম পরিচালনায় জটিলতা সৃষ্টি হচ্ছে। কোনো কোনো প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের চার-পাঁচ বছর পরও নিয়োগপ্রক্রিয়া শেষ করা সম্ভব হচ্ছে না। 
রাজনৈতিক পরিচয় কি যোগ্যতার চেয়ে বড়?
সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বিবেচনার অভিযোগ নতুন নয়। দীর্ঘদিন ধরেই নিয়োগের আগে পুলিশ ও গোয়েন্দা সংস্থার যাচাই-বাছাইয়ে কোনো কোনো ক্ষেত্রে প্রার্থীর রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি পরিবারের সদস্যদের রাজনৈতিক সংশ্লিষ্টতাও বিবেচনায় নেয়ার অভিযোগ রয়েছে। আগের সরকারের সময়ের মতো অন্তর্বর্তী সরকারের আমলেও এ ধরনের চর্চা পুরোপুরি বন্ধ হয়নি বলে অভিযোগ রয়েছে। বর্তমান সময়েও বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।
এমনকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও রাজনৈতিক বিবেচনা ও পুলিশ ভেরিফিকেশন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর এ নিয়োগপ্রক্রিয়ায় পুলিশি যাচাই ও গোয়েন্দা প্রতিবেদনের ভূমিকা নিয়ে সমালোচনা নীতিনির্ধারকদের বিব্রত করে।
অথচ প্রশাসন সংস্কার কমিশন নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে প্রার্থীর রাজনৈতিক পরিচয় সম্পর্কে পুলিশ বা গোয়েন্দা সংস্থার মতামত নেয়ার চর্চা বন্ধের সুপারিশ করেছিল। কমিশনের সুপারিশ অনুযায়ী, নিয়োগের আগে রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে প্রার্থীর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা রয়েছে কিনা, সেটি যাচাই করা যেতে পারে। রাজনৈতিক পরিচয়কে নিয়োগের বিবেচ্য বিষয় করা হলে তা শুধু চাকরিপ্রার্থীদের প্রতি বৈষম্যই নয়, প্রশাসনের নিরপেক্ষতা ও পেশাদারত্বের জন্যও বড় হুমকি হয়ে দাঁড়াবে।
৫ লাখ নিয়োগে সরকারের পরিকল্পনা
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, যৌক্তিক কারণ ছাড়া কোনো পদ টানা দুই বছরের বেশি শূন্য থাকলে তা বিলুপ্ত করতে হবে। একই সাথে শূন্য পদ পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে বলা হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী জানিয়েছেন, স্বচ্ছতা ও দ্রুততার সাথে পাঁচ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের চেষ্টা চলছে। এ লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ নিয়োগসংক্রান্ত পরিকল্পনা গ্রহণ করেছে। সংশ্লিষ্টরা মনে করেন, শূন্য পদ পূরণের উদ্যোগ বাস্তবায়নে প্রথমেই নিয়োগবিধির জটিলতা দূর করতে হবে। পাশাপাশি কোন পদগুলো এখনো প্রয়োজনীয়, তা যাচাই করা জরুরি। সময়োপযোগী নিয়োগবিধি প্রণয়ন ও সংশোধনে দীর্ঘসূত্রতা কমানো না গেলে নিয়োগের গতি বাড়ানো কঠিন হবে। একই সাথে নিয়োগের নামে অপ্রয়োজনীয় পদ সৃষ্টি বা বিদ্যমান পদের অপব্যবহার যাতে না হয়, সেদিকেও নজর দিতে হবে।
স্বচ্ছতা নিশ্চিত হবে কিভাবে
সরকারি নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে কয়েকটি বিষয়ে গুরুত্ব দেয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। প্রথমত. প্রতিটি পদের যোগ্যতা ও নিয়োগের শর্ত আগেই স্পষ্ট করতে হবে। দ্বিতীয়ত. লিখিত ও মৌখিক পরীক্ষায় নম্বর প্রদানের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করতে হবে। তৃতীয়ত. নিয়োগের প্রতিটি ধাপের ফলাফল ও অপেক্ষমাণ তালিকা প্রকাশ করতে হবে। পাশাপাশি গোয়েন্দা যাচাইয়ের নামে রাজনৈতিক পরিচয় বিবেচনার সুযোগ বন্ধ করতে হবে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান মনে করেন, সরকারি প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক আনুগত্যের পরিবর্তে যোগ্যতা, দক্ষতা ও পেশাদারত্বকে গুরুত্ব দিতে হবে। তার বক্তব্যের মূল কথা হলো, আমলা কিংবা রাজনৈতিক ব্যক্তি- যেই নিয়োগ পান না কেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য তিনি সবচেয়ে যোগ্য কি না, সেটিই হওয়া উচিত প্রধান বিবেচ্য।
সব মিলিয়ে প্রায় পাঁচ লাখ সরকারি পদে নিয়োগের উদ্যোগ দেশের বেকার তরুণদের জন্য বড় সুযোগ। একই সাথে এটি সরকারি সেবার মান উন্নয়নেরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে শুধু নিয়োগের সংখ্যা বাড়ালেই জনবলসঙ্কটের সমাধান হবে না। নিয়োগে রাজনৈতিক প্রভাব, তদবির, স্বজনপ্রীতি ও বৈষম্যের অভিযোগ বন্ধ করে যোগ্য প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। অন্যথায় জনবলসঙ্কট দূর করার এই উদ্যোগ নতুন করে প্রশাসনের দলীয়করণ ও বিতর্কের জন্ম দিতে পারে।