
নিজস্ব প্রতিবেদক
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সাথে নাশকতা ও সন্ত্রাসবাদ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো দৃঢ়ভাবে কাজ করছে বলে জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিকে জানিয়েছেন তিনি।
গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে মাদক চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার এলাকায় বেড়া নির্মাণ ও বিদ্যমান অবকাঠামো আধুনিকায়নের সরকারি উদ্যোগের কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্ত নিরাপত্তা জোরদার এবং মাদক প্রবেশের পথ বন্ধে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।
স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদিন মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎসগুলো চিহ্নিত করে আইনি পদক্ষেপের মাধ্যমে নির্মূল করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্ট আর্থিক নেটওয়ার্ক তদন্ত এবং অবৈধ অর্থের প্রবাহ অনুসরণের সুপারিশ করেন। তার মতে, শুধু মাদক বহনকারী বা খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এ অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়; এর পেছনের অর্থের জোগানদাতা, সরবরাহকারী ও সংগঠিত চক্রকেও আইনের আওতায় আনতে হবে।
মাদকসংক্রান্ত অপরাধ নির্মূলে প্রয়োজনীয় অর্থ দ্রুত বরাদ্দের সুপারিশ করেছে কমিটি। পাশাপাশি সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকা এবং যেসব পথ দিয়ে দেশে মাদক প্রবেশ করে, সেগুলো চিহ্নিত করার অগ্রগতি পর্যালোচনা করা হয়।
বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মধ্যে সমন্বিত নজরদারি এবং যৌথ অভিযান জোরদারের বিষয়ে আলোচনা হয়। মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকর আগাম সতর্কতামূলক ব্যবস্থার ওপরও গুরুত্ব দেয়া হয়। কমিটির সদস্য ও হুইপ রকিবুল ইসলাম সীমান্ত নিরাপত্তায় উন্নত প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। উন্নত দেশগুলোর মতো সীমান্ত নজরদারিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ড্রোনের কার্যকর প্রয়োগ বাড়ানোর সুপারিশ করেন তিনি।
অন্য সদস্য ও হুইপ মিয়া নুরউদ্দিন আহমেদ অপু বলেন, মাদক নিয়ন্ত্রণে সামাজিক বিপ্লব প্রয়োজন। এটি শুধু কোনো একটি মন্ত্রণালয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নয়; বরং সমন্বিত জাতীয় উদ্যোগের মাধ্যমে এ সমস্যা মোকাবেলা করতে হবে।
কমিটির সভাপতি জয়নুল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম, সীমান্ত নিরাপত্তা এবং মাদক চোরাচালান প্রতিরোধে চলমান উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








